টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ৩নং জামুরিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কর্ণা গ্রামে এক অসহায় কৃষকের ৩ বিঘা জমির ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে করে এক অসহায় কৃষকের সারা বছরের খাওয়ার ধান ও সন্তানদের লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। জানা যায়, সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক আব্দুল মিয়া। তিনি কর্ণা গ্রামের একজন অসহায় ও দরিদ্র কৃষক।
ভুক্তভোগীর দাবি, প্রায় তিন বিঘা জমির ধান কেটে রোধে শুকানোর জন্য জমির এক কোণে স্তূপ করে রেখেছিলেন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তার জমির পাকা ধানে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। মঙ্গলবার ভোরে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে নিজের জমির ধান পুড়ে যেতে দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। তার কান্নাকাটি শুনে আশপাশের লোকজন ছুটে এসে পুড়ে যাওয়া ধানক্ষেত দেখতে পান। এদিকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান জামুরিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম সুলতান এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আবু সাঈদ মিয়া।
এ সময় তারা মানবজমিনকে বলেন, রাতের আঁধারে যারা একজন অসহায় কৃষকের ফসল নষ্ট করার মতো ঘটনা ঘটিয়েছে, তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। তারা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্ত দরিদ্র কৃষকের পাশে সরকারকে দাঁড়ানোরও আহ্বান জানান। অন্যদিকে, ভুক্তভোগী কৃষক আব্দুল, ঘাটাইল উপজেলা প্রশাসন, বর্তমান সরকার ও এলাকাবাসীর কাছে ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
একইসঙ্গে তার ক্ষয়ক্ষতি বিবেচনা করে সরকারি সহায়তা প্রদানেরও আবেদন জানিয়েছেন। একজন কৃষকের সারা বছরের পরিশ্রমের ফসল এভাবে পুড়ে যাওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে ঘাটাইল উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান মানবজমিনকে বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের পাঠিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
