বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ

ফন্ট সাইজ:

নাটোরের বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামীণ ব্যাংক কার্যালয়ে এ ঘটনা ঘটে। তবে নৈশপ্রহরীর তৎপরতায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। গ্রামীণ ব্যাংকের নৈশপ্রহরী মোহাম্মদ নাসির উদ্দিন জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে বাইরে থেকে ভেতরে প্রবেশের ৫ থেকে ১০ মিনিট পর তিনি বিকট শব্দ শুনতে পান। বাইরে এসে বোমা নিক্ষেপের বিষয়টি বুঝতে পারেন।

তবে হামলাকারীদের কাউকে দেখতে পাননি। তার ধারণা, দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে এসে হামলা চালিয়েছে। বাগাতিপাড়া থানার ওসি সুমন চন্দ্র দাস জানান, দুর্বৃত্তরা কাঁচ ও প্লাস্টিকের বোতলে আগুন ধরিয়ে ব্যাংক কার্যালয় লক্ষ্য করে নিক্ষেপ করে। এ সময় দায়িত্বরত নৈশপ্রহরী দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দু’টি কাঁচের বোতল উদ্ধার করে। ওসি আরও জানান, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্তে পুলিশ তদন্ত করছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।