সেভিয়াকে বিধ্বস্ত করে পয়েন্ট টেবিলে ফের লাফ দিলো বার্সেলোনা। স্প্যানিশ লা লিগায় রোববার ঘরের মাঠে কাতালানদের জয় ৫-২ গোলে। পেনাল্টি থেকে জোড়া গোলের পর এদিন হ্যাটট্রিকও তুলে নেন দলের ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। গত অক্টোবরে এই সেভিয়ার মাঠেই লীগে চলতি মৌসুমে প্রথম হারের (৪-১) তেতো স্বাদ পায় ফ্লিকের শিষ্যরা। এবার সেই প্রতিশোধটাই কড়ায় গণ্ডায় বুঝে নিলো তারা।
২৮ ম্যাচ খেলে ৭০ পয়েন্টে চূড়ায় অবস্থানটা আরও পোক্ত করলো বার্সা। সমান ম্যাচে ৪ পয়েন্ট কমে দুইয়ে রিয়াল মাদ্রিদ। এটি ছিলো ঘরের মাঠে কাতালানদের টানা চতুর্দশ লীগ ম্যাচ জয়, যা ২০১৯-এর ডিসেম্বরের পর থেকে তাদের সর্বোচ্চ। এদিন অন্য দুটি গোল করেন দানি ওলমো এবং জোয়াও ক্যান্সেলো। ম্যাচ শেষে হ্যাটট্রিক হিরো রাফিনহা উচ্ছ্বস প্রকাশ করে বলেন, ‘আমি সত্যিই রোমাঞ্চিত। প্রতিদিন হ্যাটট্রিক করার সুযোগ আসে না। নিজের ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে বার্সেলোনার জার্সিতে এটি করা আমার কাছে খুব বিশেষ।’
পেনাল্টি শট নেয়ার কৌশল নিয়ে তিনি আরও বলেন, ‘মাঝেমধ্যে কৌশল পরিবর্তন করতে হয়। কারণ গোলকিপাররা আগে থেকেই আপনার গতিবিধি আন্দাজ করার চেষ্টা করে। প্রথম পেনাল্টিতে পানেনকা শট নিলেও পরেরটিতে আমি দ্রুতগতির শট নিয়েছি, যাতে গোলকিপার বিভ্রান্ত হয়।’
এদিনের ম্যাচে বদলি হিসেবে নামেন লামিন ইয়ামাল। স্বভাবতই সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে প্রশ্ন উঠে আসে। এর ব্যাখ্যায় কোচ হান্সি ফ্লিক বলেন, ‘সামনে নিউক্যাসেলের বিপক্ষে (চ্যাম্পিয়নস লীগ শেষ ষোলোর ফিরতি লেগ) আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। তাই খেলোয়াড়দের ফিটনেস ও বিশ্রামের কথা মাথায় রেখে আমাদের কিছু কৌশলগত পরিবর্তন আনতে হয়েছে। তবে যারা খেলেছে, তারা সবাই নিজেদের শতভাগ উজার করে দিয়েছে।’
আগামীকাল নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে ঘরের মাঠে নামবে কাতালানরা। ইংলিশ ক্লাবটির মাঠে প্রথম লেগ ড্র হয় ১-১ গোলে।
রাফিনহার হ্যাটট্রিক, বড় জয় বার্সার
স্পোর্টস ডেস্ক
খেলা
২ মাস আগে
১৬ মার্চ (সোমবার), ২০২৬, ২ঃ৪৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
