বিএনপির জ্যেষ্ঠ নেতা ও কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগে শূন্য হওয়া আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
তিনি বলেন, শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করায় ১৫ নভেম্বর থেকে কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করা হয়। সেই হিসাবে ১৭ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। তিনি আরও বলেন, সংসদ সদস্য পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। আমরা নির্ধারিত সময়ের মধ্যেই উপনির্বাচন আয়োজন করবো।
এর আগে ড. মুহাম্মদ ওসমান ফারুকের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে জাতীয় সংসদ সচিবালয়। মঙ্গলবার দুপুরে তার পদত্যাগের বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়। সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, গত ১৪ নভেম্বর ই-মেইলের মাধ্যমে সংসদ সচিবালয়ে পদত্যাগপত্র পাঠান ওসমান ফারুক। পরে ১৫ নভেম্বর স্পিকার তার পদত্যাগপত্র গ্রহণ করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ড. মুহাম্মদ ওসমান ফারুক। এর আগে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি। বিএনপি-জামায়াতের চারদলীয় জোট সরকারের আমলে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন এই নেতা।দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করা ৮৬ বছর বয়সী ওসমান ফারুক শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গত ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি ভোট দেননি। তবে মন্ত্রিত্ব না পাওয়ার অসন্তোষ থেকে তার পদত্যাগের সিদ্ধান্ত বলে দলটির অন্য একটি সূত্র দাবি করেছে।
ওসমান ফারুকের পদত্যাগে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হওয়ায় এখন উপনির্বাচনের প্রস্তুতি নিতে হবে নির্বাচন কমিশনকে। তবে ভোটের তারিখ ও তফসিল কবে ঘোষণা করা হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি ইসি।
