জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ও অন্যান্য কর্মকর্তাদের অবরুদ্ধ এবং হেনস্তার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কমিটি গঠন করা হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুনকে কমিটির সভাপতি করা হয়েছে।
ইউজিসির অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির অন্য সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক আল-আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয়-২ অধিশাখার যুগ্মসচিব নাফিসা আরেফীন এবং আইন কর্মকর্তা মো. ফাহিম ফয়সাল। চাকরিতে পুনর্বহাল হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতা প্রদানের দাবিতে গত রোববার থেকে আন্দোলন শুরু করেন।
সোমবার দ্বিতীয় দিনের মতো তারা গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ভিসির দপ্তর ঘেরাও করে অবস্থান নেন। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে বেলা ৩টার দিকে পুরো ক্যাম্পাস লকডাউন ঘোষণা করেন আন্দোলনকারীরা। এ সময় ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়। অভিযোগ রয়েছে, এ সময় ভিসি ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তাদের হেনস্তা করা হয়। পরিস্থিতি মোকাবিলায় সোমবার রাত ১০টায় জরুরি সিন্ডিকেট সভা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সভায় মঙ্গলবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
