মোদির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, বললেন ‘খুবই কঠিন মানুষ’

মোদির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, বললেন ‘খুবই কঠিন মানুষ’

ফন্ট সাইজ:

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় মঙ্গলবার কোয়াড নেতাদের সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এদিন মোদিকে ‘খুবই কঠিন মানুষ’ বলে অভিহিত করেছেন তিনি।
মোদির পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে ট্রাম্প বলেন, ‘তিনি (মোদি) খুবই কঠিন মানুষ।’ এরপর জাপানের প্রধানমন্ত্রী তাকাইচির দিকে ইঙ্গিত করে বলেন, ‘আর তিনি হয়তো আরও বেশি কঠিন।’
কোয়াডের অংশীদার দেশগুলোর নেতাদের সঙ্গে সম্পর্কের কথা তুলে ধরে ট্রাম্প বলেন, ‘এই ব্যক্তিদের এবং তাদের দেশগুলোর সঙ্গে আমাদের দারুণ সম্পর্ক রয়েছে। একেবারে শুরু থেকেই। দীর্ঘদিন ধরে তাদের তিনজনের সঙ্গেই আমার পরিচয়। তারা অসাধারণ মানুষ। তারা আমার বন্ধু।’

এ সময় ট্রাম্পের পাশে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।
পরে সম্মেলনের এক বৈঠকেও মোদিকে নিজের বন্ধু ও একজন ‘মহান নেতা’ হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, বিশ্বজুড়েই মোদি অত্যন্ত সম্মানিত।
এ বছর দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের বার্ষিক সম্মেলন আয়োজন করছে ফিলিপাইন। এর অংশ হিসেবেই ম্যানিলায় অনুষ্ঠিত হচ্ছে কোয়াড নেতাদের বৈঠক।
এদিকে, কোয়াড নেতাদের বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ভারতের কাছে কোয়াড একটি ‘গঠনমূলক ও বিশ্বস্ত অংশীদারত্ব’।

তিনি উল্লেখ করেন, চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ইতোমধ্যে পাঁচবার বৈঠক করেছেন। এটি এই অংশীদারত্বের প্রতি দেশগুলোর রাজনৈতিক সদিচ্ছা ও অভিন্ন অঙ্গীকারের প্রমাণ।
মোদি বলেন, ‘সামুদ্রিক নিরাপত্তা থেকে শুরু করে বিশ্বস্ত সরবরাহব্যবস্থা, নতুন প্রযুক্তি থেকে দুর্যোগ মোকাবিলাÑসব ক্ষেত্রেই কোয়াডের মাধ্যমে নির্ভরযোগ্য সমাধান দেয়ার চেষ্টা করে আসছি আমরা।’
কোয়াডের সঙ্গে ম্যানিলার দীর্ঘদিনের সম্পর্কের কথাও স্মরণ করেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি জানান, ২০০৭ সালে এই শহরেই চার দেশের কর্মকর্তারা প্রথমবারের মতো বৈঠকে বসেছিলেন।
মোদি বলেন, ‘এর ১০ বছর পর, ২০১৭ সালে এই শহরেই আমরা আবার সংলাপ শুরু করি। আজ এই ঐতিহাসিক শহরে আরেকটি কোয়াড বৈঠক আয়োজন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।’