টরন্টোতে সাংস্কৃতিক সন্ধ্যা ‘মোমেন্টস উইথ লিজেন্ডস’ অনুষ্ঠিত

টরন্টোতে সাংস্কৃতিক সন্ধ্যা ‘মোমেন্টস উইথ লিজেন্ডস’ অনুষ্ঠিত

ফন্ট সাইজ:

কানাডার টরন্টোতে সংগীত ও নৃত্যের এক ব্যতিক্রমী আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শনিবার টরন্টো প্যাভিলিয়নে রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার পরিবেশনায় ‘মোমেন্টস উইথ লিজেন্ডস’ শিরোনামে এই সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এছাড়াও পরিবেশনায় অংশ নেন নৃত্যাঙ্গনের দুই শিল্পী শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল রেজওয়ানা চৌধুরী বন্যার রবীন্দ্রসংগীত পরিবেশনা। পাশ্চাত্য ও ভারতীয় ধ্রুপদি বাদ্যযন্ত্রের সমন্বয়ে তার সংগীত পরিবেশনা পায় ভিন্ন মাত্রা। রাত এগারোটার পরও বিপুলসংখ্যক দর্শককে মিলনায়তনে বসে গান উপভোগ করতে দেখা যায়।


বাঁশির সুর ও মিলির কবিতা আবৃত্তির মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা তাদের দল নিয়ে পরিবেশন করেন ‘আলোকের এই ঝর্ণাধারায়’।

তাপস দেবের নৃত্য পরিকল্পনা ও নির্দেশনায় নাহিদ নাসরিন নয়ন ও তাপস দেবের যুগল নৃত্য পরিবেশিত হয়। শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপার দলীয় পরিবেশনা ‘ধ্রিম’ ছিল নৃত্যপর্বের আরেক আকর্ষণ।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফারহানা আহমেদ ও অজন্তা চৌধুরী। নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক নাহিদ নাসরিন নয়ন এবং সাইলেন্ট ডন প্রোডাকশনসের আয়োজনে অনুষ্ঠিত হয় ‘মোমেন্টস উইথ লিজেন্ডস’। টরন্টোর এই আয়োজন প্রবাসে বাংলা সংগীত, নৃত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি বাঙালিদের গভীর অনুরাগ তুলে ধরা হয়।