দুই কমিটি, দুই মঞ্চে একই অতিথি

অস্ট্রেলিয়া বিএনপি

দুই কমিটি, দুই মঞ্চে একই অতিথি

ফন্ট সাইজ:

আলমগীর হোসেন রুহেল, সিডনি (অস্ট্রেলিয়া) থেকে : অস্ট্রেলিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির নেতৃত্ব নিয়ে চলছে দ্বৈত অবস্থান। নিজেদের বৈধ কমিটি দাবি করে পৃথকভাবে সাংগঠনিক কর্মসূচি পালন করছে দুটি পক্ষ। সভা-সমাবেশ থেকে শুরু করে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন—সব ক্ষেত্রেই চলছে সমান্তরাল তৎপরতা। বিস্ময়কর বিষয় হলো, দুই পক্ষের পৃথক অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের পাশাপাশি একজন সংসদ সদস্যকেও অতিথি হিসেবে দেখা গেছে।

গত শনিবার সন্ধ্যায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিডনির লাকেম্বা লাইব্রেরি মিলনায়তনে বিএনপি অস্ট্রেলিয়ার একাংশের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি।

এর আগের দিন শুক্রবার সন্ধ্যায় সিডনির লাকেম্বার একটি রেস্টুরেন্টে অন্য পক্ষের আয়োজিত একই দিবসের আলোচনা সভায়ও প্রধান অতিথি ছিলেন এমপি সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। এ বিষয়ে দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন, দুটি কমিটির পৃথক কর্মসূচিতে অংশ নেওয়া তার জন্য অত্যন্ত বিব্রতকর। সিডনিতে বিএনপির দুটি কমিটি রয়েছে, তা তিনি জানতেন না। ৬ই নভেম্বরের অনুষ্ঠানটি ৭ নভেম্বর উপলক্ষে আয়োজন করা হচ্ছে, সে বিষয়েও তাকে জানানো হয়নি।

তিনি বলেন, বিএনপির একজন কর্মী হিসেবে দলীয় অনুষ্ঠান মনে করেই সেখানে গিয়েছিলেন। আগে বিভক্তির বিষয়টি জানলে তিনি ওই আয়োজনে অংশ নিতেন না। তিনি জানান, রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে নয়, প্রথমবারের মতো সিডনিতে বেড়াতে এবং ছেলের বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে অংশ নিতে এসেছেন তিনি।

পিনাকের ভাষ্য, সিডনিতে আসার পর বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হকের সঙ্গে ফোনে কথা হলেও তিনিও তাঁকে দুটি কমিটির বিষয়ে জানাননি। তিনি বলেন, দলের বৃহত্তর স্বার্থে ব্যক্তিগত বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রতিষ্ঠাবার্ষিকীতেও দুই আয়োজন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায় দুই পক্ষের পৃথক কর্মসূচিতে বিভক্তির চিত্র আরো স্পষ্ট হয়। গত ৬ সেপ্টেম্বর সিডনির লাকেম্বা কমিউনিটি সেন্টারে এক পক্ষের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। সভাপতিত্ব করেন অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহ্বায়ক ও বিএনপি অস্ট্রেলিয়ার সহসভাপতি মোহাম্মদ কামরুজ্জামান মোল্লা ঝিন্টু। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো: আবুল হাছান।

এর এক সপ্তাহ পর ১৩ সেপ্টেম্বর অন্য পক্ষ সিডনির উইলি পার্কে একই উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। এতে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার। ভার্চ্যুয়ালি বক্তব্য দেন কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফেরদৌস অমি। বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি এ এফ এম তাওহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলী।

বিরোধের সূত্র ২০২৩ সালের উদ্যোগ

অস্ট্রেলিয়া বিএনপির বর্তমান বিরোধের পেছনে রয়েছে দীর্ঘদিনের সাংগঠনিক বিভক্তি। তা নিরসনে ২০২৩ সালে কেন্দ্রীয়ভাবে উদ্যোগ নেওয়া হয়। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ওই বছরের ২ মার্চ বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এমরান সালেহ প্রিন্সের স্বাক্ষরিত চিঠিতে তৎকালীন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক মোহাম্মদ রাশেদুল হককে অস্ট্রেলিয়ায় দলীয় কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়।

এর ধারাবাহিকতায় ৩০ এপ্রিল এ এফ এম তাওহীদুল ইসলামকে আহ্বায়ক করে একটি সাংগঠনিক কমিটি গঠন করা হয়। পরবর্তী সময়ে বিভিন্ন পক্ষের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে ২০২৪ সালের ৩ মার্চ সিডনির লাকেম্বা লাইব্রেরি হলে কর্মী সম্মেলনের আয়োজন করা হয় বলে নেতাকর্মীদের দাবি।

সংশ্লিষ্ট নেতাকর্মীদের দাবি, ওই সম্মেলনে উপস্থিত কর্মীদের সরাসরি ভোটে সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। সম্মেলনে উদ্বোধনী বক্তব্য দেন তৎকালীন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক। ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান এবং যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। পরবর্তী সময়ে এ এফ এম তাওহীদুল ইসলাম ও মোহাম্মদ হায়দার আলী যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে পরিচিতি পান।

তবে এই প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়ে আসছিলেন অস্ট্রেলিয়ায় বিএনপির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকসহ জ্যেষ্ঠ নেতাদের একটি অংশ। ২০২৩ সালের ৪ জুন সিডনিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ। উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মনিরুল হক জর্জ, সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী স্বপন ও প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল হক ভূইয়াসহ অন্য নেতারা।

তাঁদের অভিযোগ ছিল, কমিটি গঠনের ক্ষেত্রে জ্যেষ্ঠ নেতাদের যথাযথভাবে সম্পৃক্ত করা হয়নি এবং স্বজনপ্রীতির আশ্রয় নেওয়া হয়েছে। এ বিষয়ে তাঁরা কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপ কামনা করেন। পরে মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফকে আহ্বায়ক এবং মোহাম্মদ আবুল হাসানকে সদস্য সচিব করে বিকল্প অন্তর্বর্তীকালীন কমিটির কার্যক্রম পরিচালনার খবর প্রকাশিত হয়। ওই অংশের উদ্যোগে ২০২৩ সালের ৯ জুলাই আয়োজিত মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় নেতা তাবিথ আউয়াল প্রধান অতিথি ছিলেন।

বিএনপি অস্ট্রেলিয়ার একাংশের সভাপতি এ এফ এম তাওহীদুল ইসলাম বলেন, অস্ট্রেলিয়ায় বিএনপির কেন্দ্রীয়ভাবে অনুমোদিত কোনো কমিটি নেই। কর্মী সম্মেলনের মাধ্যমে নেতাকর্মীদের সরাসরি ভোটে সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাঁদের কমিটির অনুমোদনের জন্য কেন্দ্রীয় বিএনপির কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। কখন অনুমোদন দেওয়া হবে, তা কেন্দ্রের এখতিয়ার।

তিনি বলেন, বিএনপি অস্ট্রেলিয়ার শুরু থেকেই তিনি সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে যুক্ত। অস্ট্রেলিয়ার প্রচলিত আইন মেনেই তাঁরা কর্মকাণ্ড পরিচালনা করছেন।

৭ নভেম্বর উপলক্ষে অন্য পক্ষের অনুষ্ঠানে সংসদ সদস্য পিনাকের অংশগ্রহণ প্রসঙ্গে তাওহীদুল ইসলাম বলেন, তাঁকে ওই কমিটির বিষয়ে জানানো হয়েছিল। এরপরও তিনি কেন সেখানে গিয়েছেন, তা তাঁর জানা নেই।

বিএনপি অস্ট্রেলিয়ার অপর অংশের সাধারণ সম্পাদক মো. আবুল হাসান জানান, ২০০৯ সালের পর থেকে অস্ট্রেলিয়ায় বিএনপির কোনো কমিটিই কেন্দ্রীয়ভাবে অনুমোদিত ছিল না। অস্ট্রেলিয়া বিএনপির অভ্যন্তরীণ গ্রুপিংয়ের পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে।

তিনি বলেন, অস্ট্রেলিয়া বিএনপির একটি গ্রহণযোগ্য কমিটি গঠনের লক্ষ্যে তৎকালীন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক মোহাম্মদ রাশেদুল হককে দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি ব্যার্থ হয়েছেন। পরবর্তী সময়ে কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনকে এ দায়িত্ব দেওয়া হয়। তিনিও প্রায় চার থেকে পাঁচ মাস ধরে সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, ঐক্যবদ্ধ ও গ্রহণযোগ্য কমিটি গঠনের চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তিনিও সফল হননি। বর্তমানে আমাদের কমিটির অনুমোদনের জন্য কেন্দ্রীয় বিএনপিতে প্রস্তাব জমা দেওয়া হয়েছে।