৫৫ দিন পর পরীক্ষার হলে ফিরলেন চুয়েট শিক্ষার্থীরা

ফন্ট সাইজ:

দীর্ঘ ৫৫ দিনের অচলাবস্থা কাটিয়ে অবশেষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শুরু হয়েছে পরীক্ষা কার্যক্রম। উপাচার্য নিয়োগ নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই পরীক্ষায় অংশ নিচ্ছেন শিক্ষার্থীরা। তবে নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে স্বীকৃতি না দিয়েই পরীক্ষায় অংশ নিয়েছেন তারা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অধ্যাদেশ মেনে পরীক্ষা আয়োজন করা হয়নি বলে অভিযোগ তুলেছেন উপাচার্য। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত রোববার থেকে চুয়েটে পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনে পুরকৌশল, যন্ত্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগসহ ছয়টি বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রায় সাড়ে পাঁচ শ’ শিক্ষার্থী। সোমবারও ছয়টি বিভাগের ছয়টি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান জানিয়েছেন, পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিনই কোনো না কোনো বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে, গত ২৪শে সেপ্টেম্বর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে একটি পরীক্ষা স্থগিত করা হয়। এরপর থেকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কার্যক্রম বন্ধ ছিল। গত ২৮শে অক্টোবর শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরলেও পরীক্ষা শুরু নিয়ে অনিশ্চয়তা কাটেনি। অবশেষে ক্লাস শুরুর ১৮ দিন পর পরীক্ষা শুরু হওয়ায় একাডেমিক কার্যক্রমে গতি ফিরেছে। তবে পরীক্ষা আয়োজনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। তার অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অর্ডিন্যান্স অনুসরণ না করেই পরীক্ষা নেয়া হচ্ছে।

গত দুই-তিন দিনে অনেক শিক্ষার্থী ক্লাস ও পরীক্ষা শুরুর আইনগত ভিত্তি নিয়ে তার সঙ্গে যোগাযোগ করেছেন। শিক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষার সময়সূচি তৈরিতে অধিকাংশ বিভাগীয় প্রধানের ওপর চাপ প্রয়োগ করা হয়েছে। উপাচার্য বলেন, শ্রেণি ও পরীক্ষার সময়সূচি তৈরির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে তিনি মনে করেন। একাডেমিক বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সর্বোচ্চ কর্তৃপক্ষ একাডেমিক কাউন্সিল। তাই পরবর্তী কাউন্সিল সভায় বিষয়টি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করে আলোচনা করবেন।