রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ফন্ট সাইজ:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী ধ্বংসাত্মক ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। সোমবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩ এর সামনে এই কর্মসূচি পালিত হয়। বিশ্ববিদ্যালয়ের ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি শিক্ষার্থীরাও অংশ নেন। সমাবেশে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতার বলেন, দেশের কয়েকটি জেলায় নাশকতা, অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাতে হবে।

বিগত ১৭ বছরে দেশে মামলা, হামলা, খুন ও গুমের মতো ঘটনা ঘটেছে। এতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উপাচার্য আরও বলেন, আমরা ভিন্ন-ভিন্ন রাজনৈতিক মতাদর্শের হলেও প্রত্যেককে নিজ নিজ বিবেক দিয়ে পরিচালিত হতে হবে এবং দেশের স্বার্থকে সবার আগে বিবেচনা করতে হবে। ২০২৬ সালে দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর প্রতিশোধ বা প্রতিহিংসার পরিবর্তে ভালোবাসা ও জনগণের অংশগ্রহণের মাধ্যমে দেশ পরিচালিত হচ্ছে। কিন্তু বিভিন্ন ষড়যন্ত্র ও অপতৎপরতা বন্ধ হয়নি। এখনও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্বাভাবিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিসংযোগ ও নাশকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুস সোবহান, ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টরিয়াল বডির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।