বাউবি’র এইচএসসি ফলাফল প্রকাশ পাসের হার শতকরা ৬৪ দশমিক ৭৫

ফন্ট সাইজ:

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি পরীক্ষা-২০২৬ এর ফলাফল সোমবার প্রকাশ হয়েছে। এতে গড় পাসের হার ৬৪ দশমিক ৭৫ শতাংশ। এ বছর প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৪৬ হাজার ৭৬৫ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশ নেয় ৩৮ হাজার ১৭৯ জন। চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারীর শিক্ষার্থী সংখ্যা ১৬ হাজার ২২২ জন। এর মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থী সংখ্যা ১০ হাজার ৫০৩ জন। চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্যে ৫ হাজার ৭১৬ জন ছাত্র এবং ৪ হাজার ৭৮৭ জন ছাত্রী।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান দুপুরে বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ উপাচার্যের কনফারেন্স কক্ষে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। এর আগে পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ এইচএসসি পরীক্ষা-২০২৬ এর ফলাফল গেজেট উপাচার্যের নিকট হস্তান্তর করেন। ফলাফল ঘোষণাকালে উপাচার্য বলেন, বাউবি’র লক্ষ্য শুধু পাসের হার বৃদ্ধি নয়, বরং গুণগত শিক্ষা নিশ্চিত করা। এ লক্ষ্যে সুষ্ঠু, স্বচ্ছ, নির্ভুল ও নকলমুক্ত পরীক্ষা আয়োজনের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর।