চট্টগ্রামে জেলেপল্লীতে আগুন

ফন্ট সাইজ:

চট্টগ্রাম নগরের দক্ষিণ কাট্টলীর রাণী রাসমণি ঘাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে জেলেদের প্রায় ৩০টি ঝুপড়ি ঘর পুড়ে গেছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার দুপুর ১২টা ৪৪ মিনিটে রাসমণি ঘাট এলাকায় আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট। পরে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুপুর ২টা ৫০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর চট্টগ্রামের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, প্রাথমিকভাবে আগুনে ঘাট এলাকায় জেলেদের থাকার প্রায় ৩০টি ছোট ঝুপড়ি ঘর পুড়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ফিরে আসার পর এ বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করা হবে। তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।