রুয়ান্ডায় অভিবাসীদের ফেরত পাঠানোর কেন্দ্র খুলছে ইউরোপের ৫ দেশ

রুয়ান্ডায় অভিবাসীদের ফেরত পাঠানোর কেন্দ্র খুলছে ইউরোপের ৫ দেশ

ফন্ট সাইজ:

অবৈধ অভিবাসীদের যার যার দেশে ফেরত পাঠানোর উদ্যোগ জোরদার করতে আফ্রিকার দেশ রুয়ান্ডায় অভিবাসী প্রত্যাবাসন কেন্দ্র খুলতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পাঁচটি দেশ। আগামী বছর থেকে এই কেন্দ্রের কার্যক্রম শুরু হওয়ার কথা। এসব দেশ হলো জার্মানি, ডেনমার্ক, অস্ট্রিয়া, গ্রিস ও নেদারল্যান্ডস। ২০২৭ সালে রুয়ান্ডায় একটি ‘রিটার্ন হাব’ বা প্রত্যাবাসন কেন্দ্র চালু করবে তারা। এসব কেন্দ্র থেকে অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। ডাচ ও ডেনিশ সরকার পৃথক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

দেশগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, যেসব অভিবাসী তাদের দেশে অবৈধভাবে অবস্থান করছেন এবং যাদের বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত রয়েছে, তাদের ক্ষেত্রে এই উদ্যোগ কার্যকর হবে। নেদারল্যান্ডস সরকার জানিয়েছে, কোনো অভিবাসীকে তার নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব না হলে রুয়ান্ডার এই কেন্দ্র বিকল্প ব্যবস্থা হিসেবে কাজ করবে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

প্রত্যাবাসনের আওতায় থাকা ব্যক্তিরা চাইলে রুয়ান্ডার সমাজে একীভূত হতে পারবেন অথবা নিজ দেশে ফিরে যেতে পারবেন বলে জানিয়েছে পাঁচ দেশ। তবে এই উদ্যোগের আওতায় কেবল তাদেরই পাঠানো হবে, যারা পাঁচটি দেশে বৈধভাবে থাকার সব আইনি সুযোগ শেষ করে ফেলেছেন। এর সঙ্গে বৃটেনের বাতিল হয়ে যাওয়া রুয়ান্ডা চুক্তির পার্থক্য রয়েছে। ওই চুক্তিতে আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়াকরণের জন্য রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা ছিল। আইনি জটিলতার কারণে বৃটেনের সেই পরিকল্পনা কখনো বাস্তবায়িত হয়নি। ২০২৪ সালে ক্ষমতায় আসার পর লেবার পার্টির সরকার চুক্তিটি বাতিল করে দেয়। তবে নতুন এই উদ্যোগে বৃটেনও যুক্ত হতে পারে কি না, সে বিষয়ে এখনো সম্ভাবনা উড়িয়ে দেয়নি ডাউনিং স্ট্রিট। তারা জানিয়েছে, বিষয়টি আগ্রহের সঙ্গে পর্যবেক্ষণ করবে।

অন্যদিকে, রুয়ান্ডায় অভিবাসী প্রত্যাবাসন কেন্দ্র স্থাপনের পরিকল্পনার সমালোচনা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনের টেলিভিশন চ্যানেল টেলিসিনকোকে সানচেজ বলেছেন, এই পরিকল্পনার কোনো ভবিষ্যৎ বা মানবিকতা নেই। তিনি বলেন, এর মধ্যে আমি কোনো ভবিষ্যৎ বা মানবিকতা দেখতে পাচ্ছি না। এটি কোনো সমাধান নয়। পাঁচটি দেশের দাবি, বিদেশে অভিবাসীদের পাঠানোর এই পরিকল্পনা ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে মানবাধিকার সংস্থাগুলো বলছে, এ উদ্যোগ অভিবাসীদের অধিকার লঙ্ঘন করতে পারে। সম্প্রতি ইইউর অভিবাসন নীতিতে সংস্কারের ফলে জোটের বাইরে তৃতীয় কোনো দেশে এ ধরনের প্রত্যাবাসন কেন্দ্র স্থাপনের সুযোগ তৈরি হয়েছে।

সোমবার ভিয়েনায় এক যৌথ সংবাদ সম্মেলনে অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার বলেন, ইউরোপের আশ্রয়প্রার্থীদের ব্যবস্থাপনার ওপর চাপ কমানো এবং ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অভিবাসীদের বিপজ্জনক যাত্রার ব্যবস্থা করা মানবপাচারকারীদের কার্যক্রম বন্ধ করাই পাঁচ দেশের এই উদ্যোগের লক্ষ্য।

ডাচ সরকারের এক লিখিত বিবৃতিতে বলা হয়েছে, চুক্তির প্রথম পর্যায়ে কেবল অবিবাহিত পুরুষ অভিবাসীদের প্রত্যাবাসন করা হবে। নেদারল্যান্ডসের ক্ষেত্রে রুয়ান্ডার একই অঞ্চলের দেশগুলো থেকে আসা অভিবাসীদের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হবে। রুয়ান্ডায় পৌঁছানোর পর অভিবাসীরা সেখানকার সমাজে একীভূত হওয়ার সুযোগ পাবেন। এর অর্থ, তারা দেশটিতে বসবাসের অধিকার পাবেন। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, শ্রমবাজার এবং আইনি ব্যবস্থায় প্রবেশাধিকারও থাকবে। রুয়ান্ডার স্বরাষ্ট্রমন্ত্রী ভিনসেন্ট বিরুতা বলেছেন, অভিবাসীদের জন্য নিরাপদ, বৈধ ও মর্যাদাপূর্ণ সমাধান নিশ্চিত করতে ইউরোপীয় অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ তার দেশ। তিনি আরও বলেন, অর্থনৈতিক সুযোগের ক্ষেত্রে বিশ্বব্যাপী যে ভারসাম্যহীনতা রয়েছে, তা দূর করার বিষয়েও তারা কাজ করবেন। তার মতে, অনিয়মিত অভিবাসনের অন্যতম প্রধান কারণ এই অর্থনৈতিক বৈষম্য।

ঘোষণার আগে কূটনৈতিক সূত্রগুলো এএফপিকে জানিয়েছিল, প্রাথমিকভাবে পরীক্ষামূলক প্রকল্প হিসেবে এই কেন্দ্র চালু করা হবে। সেখানে প্রায় ১০০ জন অভিবাসীকে রাখা হতে পারে। পাঁচটি দেশ থেকে প্রত্যেকে প্রায় ২০ জন করে অভিবাসী পাঠানোর সম্ভাবনা রয়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ উদ্যোগে সহযোগী ভূমিকা পালন করতে পারে। আইওএমের একজন মুখপাত্র বলেছেন, যাত্রাপথে বা ট্রানজিট অবস্থায় থাকা অভিবাসীদের সহায়তা দেয়ার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে সংস্থাটির। জটিল পরিস্থিতিতেও তারা এ ধরনের সহায়তা দিয়ে থাকে। কয়েকটি ইইউ দেশের সঙ্গে প্রত্যাবাসন কেন্দ্র বা এ ধরনের বিকল্প ব্যবস্থা প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি।

ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশে নির্বাচন সামনে থাকায় অভিবাসন নিয়ন্ত্রণে নিজেদের সক্ষমতা প্রমাণের চাপে রয়েছে সংশ্লিষ্ট সরকারগুলো। নিরাপত্তা নিয়ে উদ্বেগ, অর্থনৈতিক সংকট এবং ক্ষমতাসীন দলগুলোর প্রতি মানুষের হতাশা সব মিলিয়ে নিজ দেশ ছেড়ে আসা অভিবাসীদের বিষয়ে ইউরোপের জনমত গঠনে বড় ভূমিকা রাখছে এসব বিষয়। তবে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) জ্যেষ্ঠ আফ্রিকা গবেষক ক্লেমেনটাইন দ্য মন্টজয় বলেছেন, এ উদ্যোগের জন্য রুয়ান্ডাকে বেছে নেয়া উদ্বেগের কারণ। দেশটির বিরুদ্ধে ভিন্নমত দমনের দীর্ঘ ইতিহাস, যথেচ্ছ আটক, বন্দি অবস্থায় নির্যাতন এবং প্রতিবেশী ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে সশস্ত্র বিদ্রোহীদের সমর্থন দেয়ার অভিযোগ রয়েছে।

তিনি বলেন, ‘প্রত্যাবাসন কর্মসূচি পরিচালনার জন্য কিগালিকে অর্থ দেয়া হলে শুধু বহিষ্কৃত অভিবাসীদের দুর্ভোগ ও ক্ষতিই বাড়বে না, বরং দেশের ভেতরে ও বাইরে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী একটি সরকারকে অর্থায়ন এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ দেয়া হবে। ইউরোপীয় ইউনিয়নের নিরপেক্ষ সংস্থা ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর ফান্ডামেন্টাল রাইটস বলেছে, প্রত্যাবাসন কেন্দ্র পরিচালনার দায়িত্ব পাওয়া যেকোনো তৃতীয় দেশকে অবশ্যই মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে। বিশেষ করে, কোনো ব্যক্তিকে এমন দেশে পাঠানো যাবে না, যেখানে তিনি নিপীড়নের গুরুতর ঝুঁকিতে পড়তে পারেন। সংস্থাটি আরও বলেছে, অভিভাবকহীন শিশুদের এ ধরনের প্রত্যাবাসন কেন্দ্রে পাঠানো উচিত নয়। ডাচ সরকারও নিশ্চিত করেছে, শিশুদের এই কর্মসূচির আওতায় আনা হবে না।

ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থার (ফ্রন্টেক্স) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ১০ মাসে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত দিয়ে প্রায় ১ লাখ ১০ হাজার অনিয়মিত প্রবেশের ঘটনা শনাক্ত হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ২৯ শতাংশ কম। শুধু অক্টোবর মাসেই প্রায় ১৮ হাজার ১০০টি অনিয়মিত সীমান্ত অতিক্রমের ঘটনা শনাক্ত করা হয়েছে। ২০২৫ সালের অক্টোবরের তুলনায় এ সংখ্যা ৬ শতাংশ কম হলেও সেপ্টেম্বরের তুলনায় ২২ শতাংশ বেশি। ফ্রন্টেক্স জানিয়েছে, মূলত পশ্চিম আফ্রিকার রুট দিয়ে ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের আগমন হঠাৎ বেড়ে যাওয়ায় অক্টোবরে এই সংখ্যা বৃদ্ধি পেয়েছে।