রংপুরে ‘অপরাজেয় তারুণ্য ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যাল’

ফন্ট সাইজ:

‘ইয়ুথ শেপিং টুমরো: স্টোরিজ অব ইয়ুথ-লেড চেঞ্জ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অনুষ্ঠিত হয়েছে ‘অপরাজেয় তারুণ্য ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যাল ২০২৬’। গত রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার দ্বিতীয়তলায় এ উৎসবের আয়োজন করা হয়। সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থার (সিডা) সহযোগিতায় আরএইচস্টেপের অপরাজেয় তারুণ্য (ইউওয়াইপি) প্রকল্প, রংপুর এ উৎসবের আয়োজন করে। সকাল ৯টা ৪৫ মিনিটে নিবন্ধনের মধ্যদিয়ে উৎসবের কার্যক্রম শুরু হয়। সকাল ১০টায় উদ্বোধনের পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে প্রকল্পের সাংস্কৃতিক দলের সদস্যরা গান ও নাটক পরিবেশন করেন।

এ সময় অতিথিদের পরিচিতি, স্বাগত বক্তব্য, প্রকল্পের সদস্যদের অভিজ্ঞতা বিনিময় এবং ২০২৫-২০২৬ সালের নির্বাচিত সফলতার গল্প তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রংপুরের সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের রংপুরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম, সহকারী পরিচালক (সিসি) ডা. খন্দকার শামসুল আলম, বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ডা. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম, নবপ্রভাত ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক ওয়াচকুরুনী খান আকাশ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি গাজী আজম হোসেন এবং রিআর্থ ক্লাবের সভাপতি আল শাহরিয়ার।

ঢাকা থেকে অনুষ্ঠানে অংশ নেন অপরাজেয় তারুণ্য প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. আবু রায়হান ও মাল্টিমিডিয়া প্রশিক্ষক আহাদুল সিরাজ। আয়োজকরা জানান, ২০২৫ সালের জানুয়ারি থেকে রংপুরসহ দেশের ১০টি জেলায় অপরাজেয় তারুণ্য প্রকল্পের কার্যক্রম চলছে। তরুণদের নেতৃত্বে একটি অন্তর্ভুক্তিমূলক, অধিকারভিত্তিক ও যুববান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলাই এ প্রকল্পের মূল লক্ষ্য।