নাব্যতা সংকটে লক্ষ্মীপুর-ভোলা নৌপথ। মেঘনার ডুবোচরে ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়ছে লঞ্চ ও ফেরি। এতে দুর্ভোগে পড়ছেন যাত্রী ও যানবাহনের চালকরা। তাই জোয়ার-ভাটার ওপর নির্ভর করে চলছে লঞ্চ ও ফেরি। ভাটার সময় এলেই জেগে ওঠা ডুবোচরে ফেরি ও মালবাহী ছোট জাহাজ আটকে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। এতে সীমাহীন দুর্ভোগে পড়তে হয় এই নৌ রুটে চলাচলকারী যাত্রীদের। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের বিআইডব্লিউটিএ ড্রেজিং কার্যক্রমে শত কোটি টাকা ব্যয় হলেও আশানুরূপ নাব্যতা ফিরছে না। ড্রেজিং প্রকল্পের সিংহভাগ অর্থ সিন্ডিকেটের পকেটে যাওয়ার অভিযোগ উঠেছে, যার কেন্দ্রে বিআইডব্লিউটিএ-র ড্রেজিং বিভাগের কর্তাবাবুদের নাম এসেছে যদিও তারা অভিযোগ অস্বীকার করেছেন। এছাড়া জ্বালানি তেল আত্মসাৎ, ভুয়া বিল উত্তোলন এবং ড্রেজার মেরামতে অনিয়মের অভিযোগ রয়েছে। এই দুর্ভোগ লাগবের জন্য সরকার নদী ড্রেজিং প্রকল্প হাতে নেয় ২০১৮ সালে। এই ৮ বছর ধরে নামে মাত্র ড্রেজিং চলমান ছিল কিন্তু দৃশ্যমান কোন ড্রেজিং হয়নী। এই ড্রেজিং এর নামে সরকারের কোটি কোটি টাকা পকেট ভারী করছেন বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা ও দলীয় প্রভাবশালী ব্যক্তিগন।
অনুসন্ধানে জানা গেছে, বিআইডব্লিউটিএ’র ড্রেজিং বিভাগের দুর্নীতির সবচেয়ে বড় খাত হলো ‘জ্বালানি তেল চুরি’ এবং ‘বেসরকারি ড্রেজার ভাড়া’, যা প্রকৌশলী হযরত হাসনাত নিপু প্রত্যক্ষ ও পরক্ষ ভাবে মহোৎসবে পরিণত হয়েছে। নিয়ম অনুযায়ী একটি ড্রেজার দিনে কত ঘণ্টা চলল এবং কতটুকু মাটি খনন করল তার সুনির্দিষ্ট লগবই থাকার কথা।
সংশ্লিষ্টরা বলছেন, মজুচৌধুরীর হাট বিআইডব্লিউটিএ’র উপ- সহকারী প্রকৌশলী হযরত হাসনাত নিপুর অসাধু চক্র দীর্ঘ দিন ধরে এই চুরির সিন্ডিকেট সক্রিয় রেখেছে। এছাড়া খননকৃত বালু বা পলি মাটি নদীর পাড় থেকে অন্তত ৫০০ মিটার দূরে ফেলার নিয়ম থাকলেও অধিকাংশ ক্ষেত্রে তা মাঝ নদীতেই ফেলা হচ্ছে। প্রকৌশলীর তদারকি না থাকায় জোয়ারের টানে সেই মাটি পুনরায় খননকৃত স্থানেই ফিরে আসছে, যা একই স্থানে বারবার ড্রেজিং দেখিয়ে বিল উত্তোলনের একটি অন্তহীন সুযোগ করে দিচ্ছে। আবার ড্রেজিংএ উত্তোলনকৃত মাটি স্হানীয় ব্যক্তিদের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে। তাই ড্রেজিং বিভাগের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত, প্রকল্পভিত্তিক আর্থিক অডিট, ড্রেজারভিত্তিক জ্বালানি ব্যবহারের হিসাব যাচাই, বেসরকারি ড্রেজার ভাড়ার চুক্তি পর্যালোচনা এবং ড্রেজিংয়ের আগে-পরে নদীর গভীরতার তথ্য প্রকাশের দাবি জোরালো হচ্ছে।
বিআইডব্লিওটিসি’র মজুচৌধুরীরহাট ফেরিঘাটের সহকারী ম্যানেজার মো. আতিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, জোয়ার-ভাটার দিকে তাকিয়েই ফেরি চালাতে হয়। এতে সরকার রাজস্ব হারাচ্ছে। তিনি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর হয়েছে। দ্রুত সমস্যা সমাধানের আশাবাদ করেন তিনি।
অপরদিকে বিআইডাব্লিউটিএ’র উপ-সহকারী প্রকৌশলী হযরত হাসান নিপু মানবজমিনকে বলেন, ড্রেজিং করার মাটি রাখার জায়গা না পাওয়ায় ঠিকমতো অপসারণ করা যাচ্ছে না। এতে পুরোপুরি ড্রেজিং করতে সমস্যা হচ্ছে। দ্রুত নৌ-পথ চালু রাখতে ড্রেজিং অব্যাহত রাখা হয়েছে। পাশাপাশি আরো কয়েকটি ড্রেজিং মেশিন বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। আশা করি নৌপথটি সচল রাখতে কাজ করছে বিআইডাব্লিউটিএ।
