সংসদে বগুড়া উন্নয়ন বিল পাস

সংসদে বগুড়া উন্নয়ন বিল পাস

ফন্ট সাইজ:

বগুড়া ও এর সন্নিহিত এলাকার সমন্বিত ও পরিকল্পিত নগরায়ণ, আধুনিক অবকাঠামো উন্নয়ন, পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য সংরক্ষণ, অপরিকল্পিত নগরায়ণ প্রতিরোধ, দুর্যোগ-সহনশীল নগর ব্যবস্থাপনা প্রতিষ্ঠা, তথ্যপ্রযুক্তি ও পর্যটনশিল্পের বিকাশ এবং উন্নত নাগরিক জীবন নিশ্চিত করতে জাতীয় সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’ শীর্ষক বিল পাস হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস। এর আগে বিলের উপর আনীত জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। গত ৯ নভেম্বর জাতীয় সংসদে উত্থাপনের পর তা অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

সংসদে জানানো হয়, বগুড়া ও এর সন্নিহিত এলাকায় একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই নগর গড়ে তোলার লক্ষ্যে এ বিল প্রণয়ন করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো সংশ্লিষ্ট এলাকার ভূ-প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য সংরক্ষণ, অপরিকল্পিত নগরায়ণ রোধ, দুর্যোগ-সহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিতকরণ, তথ্যপ্রযুক্তি ও পর্যটনশিল্পের বিকাশ এবং নাগরিকদের জন্য উন্নত জীবনযাপনের পরিবেশ সৃষ্টি করা। এসব লক্ষ্য বাস্তবায়নে বগুড়া ও এর সন্নিহিত এলাকার সমন্বিত, পরিকল্পিত ও টেকসই উন্নয়ন এবং কার্যকর নগর ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ (বউক)’ প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে বিলে।

উল্লেখ্য, উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ নগরকেন্দ্র হিসেবে বগুড়া ও এর সন্নিহিত এলাকার ক্রমবর্ধমান নগরায়ণ, অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক নাগরিক সুবিধা সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক), খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (খুউক) ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (রাউক) আদলে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ’ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সংসদে মন্ত্রী জানান, ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’ প্রণয়নের মাধ্যমে বগুড়া ও এর সন্নিহিত এলাকার সমন্বিত ও পরিকল্পিত নগরায়ণ, আধুনিক অবকাঠামো উন্নয়ন, পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য সংরক্ষণ, অপরিকল্পিত নগরায়ণ প্রতিরোধ, দুর্যোগ-সহনশীল নগর ব্যবস্থাপনা প্রতিষ্ঠা, তথ্যপ্রযুক্তি ও পর্যটনশিল্পের বিকাশ এবং উন্নত নাগরিক জীবন নিশ্চিত করার জন্য একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে।