রেফারিং নিয়ে বিতর্কিত মন্তব্য, স্বাগতিকদের পক্ষপাতিত্বের অভিযোগ এবং সাফের বাণিজ্যিক স্বার্থ নিয়ে প্রশ্ন তুলে শৃঙ্খলাভঙ্গের শাস্তি পেলেন শ্রীলঙ্কার কোচ আব্দুল্লাহ আল মুতাইরি। টেকনো সাফ চ্যাম্পিয়নশিপে আচরণবিধি ভঙ্গের দায়ে কুয়েতি এই কোচকে ৫০০ মার্কিন ডলার জরিমানা করেছে সাফ। একই সঙ্গে তাকে সতর্কও করা হয়েছে। সাফের ডিসিপ্লিনারি কমিটির অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
টুর্নামেন্টে ভুটানের সঙ্গে ড্রয়ের পর থেকেই সাফের আয়োজনে পক্ষপাতিত্বের অভিযোগ তুলতে শুরু করেন মুতাইরি। তার দাবি, সাফে স্বাগতিক দেশ সবসময় বাড়তি সুবিধা পায়। শুধু তাই নয়, বাণিজ্যিক স্বার্থে সাফ ভারত-বাংলাদেশ ফাইনাল চায় বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, যদি এমনটাই হয়, তাহলে অন্য দেশগুলোর এই প্রতিযোগিতায় খেলার প্রয়োজন কী? মুতাইরির এসব মন্তব্যের পর তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় সাফ।
বাংলাদেশের কাছে ৪-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের পরও বিতর্ক পিছু ছাড়েনি লঙ্কান কোচের। ম্যাচের পারফরম্যান্সের চেয়ে সাফের পাঠানো চিঠি নিয়েই বেশি কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে সাফের সমালোচনার পাশাপাশি আরব অঞ্চলের কোচদের প্রতি বিদ্বেষ পোষণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন। এমনকি ভবিষ্যতে আর সাফে না আসার ঘোষণাও দেন মুতাইরি।
গত ১১ নভেম্বর রাতে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় শ্রীলঙ্কা। এরপর দলটি বাংলাদেশ ছেড়ে যায়। তবে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি কোচের বিতর্কিত মন্তব্যের বিষয়টি শেষ পর্যন্ত সাফের ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্তে গড়ায়।
সাফের সিদ্ধান্ত অনুযায়ী, এক মাসের মধ্যে ৫০০ ডলার জরিমানা পরিশোধ করতে হবে মুতাইরিকে। তিনি নির্ধারিত সময়ে অর্থ পরিশোধ না করলে দায় বর্তাবে শ্রীলঙ্কা ফুটবল ফেডারেশনের ওপর। ফেডারেশনও জরিমানা পরিশোধে ব্যর্থ হলে সাফ টুর্নামেন্টের ব্যয়ের সঙ্গে ওই অর্থ সমন্বয় করবে।
ফিফা ও এএফসির ডিসিপ্লিনারি কমিটি তাদের শাস্তিমূলক সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেও সাফ এখনো মুতাইরির শাস্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি।
