পাকিস্তানের প্রথম না ভারতের দশম

পাকিস্তানের প্রথম না ভারতের দশম

ফন্ট সাইজ:

একদিকে প্রথমবারের মতো ফাইনালে উঠে ইতিহাস গড়ার সুযোগ, অন্যদিকে দশমবারের মতো শিরোপা জয়ের হাতছানি। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠা পাকিস্তানকে নিয়ে এখন আলোচনা তুঙ্গে। দারুণ ছন্দে থাকা দলটিকে শিরোপার লড়াইয়ে এগিয়ে রাখছেন অনেকে। তবে ভারতের প্রধান কোচ নওশাদ মুসা তাতে মোটেও বিচলিত নন। পাকিস্তানকে ফেভারিট মানতে নারাজ এই কোচের সোজাসাপ্টা কথা, ভারতকে হারাতে পারলেই কেবল এগিয়ে থাকবে পাকিস্তান।

ফাইনাল-পূর্ব সংবাদ সম্মেলনে পাকিস্তানকে ফেভারিট মানা প্রসঙ্গে মুসা বলেন, ‘আমাদের হারাতে পারলে তারা এগিয়ে থাকবে। প্রথম ম্যাচের আগেই বলেছিলাম, তারা ভালো দল। আমি তাদের সম্মান করি।’ দ্বিতীয় সারির দল নিয়ে এসেও আরেকটি শিরোপার সামনে দাঁড়িয়ে ভারত। তবে নিজেদের ‘বি’ দল বলতে নারাজ ভারতীয় কোচ। তার মতে, মাঠের পারফরম্যান্সই প্রমাণ করে দিয়েছে এই দলটির সামর্থ্য। মুসা বলেন, ‘আপনারা যে দুর্বল স্কোয়াড বা “বি” দলের কথা বলছেন, আমার কাছে এটি কোনো “বি” দল নয়। আমরা যেভাবে পারফর্ম করেছি, তাতে ফাইনালে ওঠার যোগ্যতা প্রমাণ করেছি। আমার ছেলেরা যখন ইতিমধ্যে নিজেদের সেরাটা প্রমাণ করেছে, তখন একে “বি” দল বলবো কেন?’
গ্রুপ পর্বে প্রথম ম্যাচে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছিল ভারত।

তবে সেই পাকিস্তান আর বর্তমান পাকিস্তানের মধ্যে পার্থক্য স্পষ্ট। ফিফা উইন্ডোর কারণে দেরিতে দলের সঙ্গে যোগ দেওয়া পাঁচ প্রবাসী ফুটবলার পাল্টে দিয়েছেন দলটির চেহারা। সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে তাদের পারফরম্যান্সও ছিল নজরকাড়া। প্রতিপক্ষের শারীরিক সক্ষমতার বিপরীতে নিজেদের গতি ও ক্ষিপ্রতাকেই বড় অস্ত্র মনে করছেন মুসা। তার ভাষায়, ‘এটা অবশ্যই ভালো দিক। তবে আমার মনে হয়, আমার খেলোয়াড়েরা বেশি দ্রুতগতির ও চটপটে। এটি আমার জন্য বাড়তি সুবিধা। তাই বিষয়টি নিয়ে তাদেরই চিন্তিত হওয়া উচিত।’

প্রথম ম্যাচের তুলনায় শক্তিশালী হয়ে ওঠা পাকিস্তানের বিপক্ষে ফাইনালে কৌশল বদলানোর ইঙ্গিতও দিয়েছেন ভারতীয় কোচ। মুসা বলেন, ‘প্রথম ম্যাচে আমরা যেভাবে খেলেছিলাম, এবার তার ধরন ভিন্ন হবে। তাদের বর্তমান খেলোয়াড় ও খেলার ধরন বিবেচনায় প্রতিপক্ষকে দেখার এবং মোকাবিলার কৌশলে পরিবর্তন আনতে হবে। তাই নিশ্চিতভাবেই আমরা ভিন্ন পরিকল্পনা নিয়ে মাঠে নামবো।’

ফাইনাল ঘিরে বাড়তি চাপ অনুভব করছেন না ভারতের অধিনায়ক চিংলেনসানা সিংও। কিংবদন্তি সুনীল ছেত্রীর কাছ থেকে পাওয়া অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলকে শিরোপা জেতাতে চান তিনি। সংবাদ সম্মেলনে সানা বলেন, ‘আমরা দেশের হয়ে খেলতে এসেছি। যেকোনো পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে পারা গর্বের বিষয়। আমরা সব সময় নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করি। কালও ট্রফি জিততে আমাদের সর্বোচ্চটা দেবো।’
একদিকে ইতিহাসের প্রথম ফাইনাল জয়ের স্বপ্নে বিভোর পাকিস্তান, অন্যদিকে দশম শিরোপার অপেক্ষায় ভারত। গ্রুপ পর্বে হারের প্রতিশোধ নেয়ার সুযোগও পাচ্ছে পাকিস্তান। ফলে আজকের ফাইনাল কেবল একটি শিরোপার লড়াই নয়, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মর্যাদার লড়াইও।