জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) শেষ রাউন্ডে এসে জমে উঠেছে শিরোপার লড়াই। শেষ রাউন্ডের তৃতীয় দিন শেষে শিরোপার সমীকরণ আরও জমজমাট হয়ে উঠেছে। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে বরিশালকে ইনিংস ও ৩৮ রানে হারিয়ে শিরোপার আশা জিইয়ে রেখেছে সিলেট। প্রথম ইনিংসে ১৬১ রানের লিড নেয়ার পর বরিশালকে দ্বিতীয় ইনিংসে মাত্র ১২৩ রানে গুটিয়ে দেয় তারা। সিলেটের জয়ে বড় অবদান আশরাফুল হাসান ও আবু জায়েদের। চলতি আসরে নিজের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়ে ১১৩ রানের ইনিংস খেলেন আশরাফুল। অন্যদিকে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট শিকার করেন আবু জায়েদ। প্রথম ইনিংসে ৪১ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে মাত্র ২৭ রান খরচায় পাঁচ উইকেট নেন তিনি। নাসুম আহমেদও চার উইকেট নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ২০০ উইকেট পূর্ণ করেছেন।
সাত ম্যাচে তিন জয় ও তিন ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে শিরোপার দৌড়ে এগিয়ে সিলেট। তাদের এই জয়ে চাপে পড়েছে শীর্ষে থাকা খুলনা। রংপুরের বিপক্ষে শেষ ম্যাচে হার এড়াতে পারলেই ছয় বছর পর শিরোপা পুনরুদ্ধার করবে খুলনা। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ১৮৪/৯ রান নিয়ে ২০০ রানে এগিয়ে রংপুর। অন্যদিকে সিলেটের একাডেমি মাঠে প্রতীম কুমারের আরেকটি সেঞ্চুরিতে রাজশাহীর বিপক্ষে শক্ত অবস্থানে ময়মনসিংহ। প্রতিমের ১০৮ রানের ইনিংসের পর শুভাগত হোম ৬২ রানে পাঁচ উইকেট নিয়ে রাজশাহীকে ৩৭৭ রানে অলআউট করতে বড় ভূমিকা রাখেন। প্রথম ইনিংসে ৬৩ রানের লিড নেওয়া ময়মনসিংহ দিন শেষে দ্বিতীয় ইনিংসে এক উইকেটে ৭৯ রান করেছে। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে চট্টগ্রামের হয়ে বল হাতে আলো ছড়িয়েছেন তরুণ পেসার সানজিদ মজুমদার।
ঢাকার প্রথম ইনিংসে ৭০ রানে পাঁচ উইকেট নিয়েছেন তিনি। আগের রাউন্ডেও পাঁচ উইকেট পাওয়া এই পেসার চলতি লিগে নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন। ব্যাট হাতে সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরেছেন চট্টগ্রামের সাদ্দাম হোসেন। ১০ চার ও দুই ছক্কায় ৯৪ রান করেন তিনি। দিন শেষে দ্বিতীয় ইনিংসে ২৩১/৫ রান নিয়ে ২২৭ রানে এগিয়ে চট্টগ্রাম। শেষ দিনের খেলা সামনে রেখে শিরোপার লড়াইয়ে যেমন বাড়তি উত্তেজনা, তেমনি ব্যক্তিগত পারফরম্যান্সেও উজ্জ্বল হয়ে উঠেছে শেষ রাউন্ড। সিলেটের শিরোপার স্বপ্ন, খুলনার টিকে থাকার লড়াই এবং ব্যাটে-বলে ক্রিকেটারদের দাপট—সব মিলিয়ে জাতীয় ক্রিকেট লীগের শেষ দিনটি হতে যাচ্ছে বেশ উপভোগ্য।
