একসময় দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম প্রাণকেন্দ্র ছিল আবাহনী ক্লাব। সাবেক খেলোয়াড়, কর্মকর্তা, সমর্থক ও ক্রীড়া সংগঠকদের পদচারণায় মুখর থাকতো আকাশি-নীল শিবির। তবে ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ঐতিহ্যবাহী ক্লাবটি অনেকটাই প্রাণচাঞ্চল্য হারায়। খেলাধুলার কার্যক্রম চলমান থাকলেও ক্লাবের নিয়মিত আড্ডা, পরিচিত মুখগুলোর আনাগোনা এবং আগের সেই জমজমাট পরিবেশে ভাটা পড়ে। আবাহনীর হারানো প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের সাবেক ফুটবলাররা। মাঠের লড়াইয়ে আবাহনী-মোহামেডান মানেই উত্তেজনা ও তীব্র প্রতিদ্বন্দ্বিতা।
তবে এবার সেই প্রতিদ্বন্দ্বিতা ছাপিয়ে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে একসঙ্গে মাঠে নামছেন দুই দলের সাবেক তারকারা। এ উপলক্ষে আগামী ১৯ নভেম্বর বিকেল ৩টায় আবাহনী ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে মোহামেডান ও আবাহনীর সাবেক ফুটবলারদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ। আর্থিক সহায়তার পরিবর্তে ফুটবলের মাধ্যমেই আবাহনীর পাশে দাঁড়াতে চান মোহামেডানের সাবেক খেলোয়াড়রা। একই সঙ্গে এই ম্যাচকে ঘিরে সাবেক ফুটবলারদের পুনর্মিলন এবং ক্লাবের কর্মকর্তা, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের আবারও ক্লাবমুখী করার প্রত্যাশা আয়োজকদের। আবাহনীর সাবেক ফুটবলার কাজী নজরুল ইসলাম বলেন, ‘আমরা চাই, এই ম্যাচ ঘিরে ক্লাবে একটা মিলনমেলা হোক। শুধু আবাহনীর সাবেক ফুটবলারই নন, অন্য খেলার সাবেক খেলোয়াড়দেরও আমন্ত্রণ জানাচ্ছি। সবাই আসলে ক্লাবে আবার জমজমাট পরিবেশ ফিরে আসবে।’ ম্যাচটিতে বিশেষ আকর্ষণ হয়ে থাকছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। সম্প্রতি সাফ চ্যাম্পিয়নশিপের প্রচারণার অংশ হিসেবে ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়ন দল ও ২০১০ সালের এসএ গেমস চ্যাম্পিয়ন ফুটবল দলের মধ্যে আয়োজিত প্রীতি ম্যাচেও খেলেছিলেন তিনি।
ঘরোয়া ফুটবলে আবাহনী ও মোহামেডান—দুই দলের হয়েই খেলার অভিজ্ঞতা রয়েছে সাবেক এই তারকা গোলরক্ষকের। আগামী ১৯ নভেম্বরের ম্যাচেও দুই দলের জার্সিতে দেখা যাবে আমিনুল হককে। ম্যাচের দুই অর্ধে দুই দলের হয়েই খেলবেন তিনি। ফলে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের সাবেক ফুটবলারদের এই লড়াইয়ে বাড়তি আকর্ষণ যোগ হতে যাচ্ছে ক্রীড়া প্রতিমন্ত্রীর অংশগ্রহণ। সব মিলিয়ে আবাহনী-মোহামেডানের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা এবার রূপ নিচ্ছে সৌহার্দ্য, সম্প্রীতি ও পুনর্মিলনের আয়োজনে। আয়োজকদের প্রত্যাশা, এই প্রীতি ম্যাচ শুধু সাবেক ফুটবলারদের মিলনমেলাই হয়ে থাকবে না, বরং আবাহনী ক্লাবের হারানো প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনার পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
