আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফিতে নেদারল্যান্ডসের কাছে ৫ উইকেটে হেরে গেল বাংলাদেশ। এ হারে টুর্নামেন্টের সুপার সিক্সে ওঠার পথ কঠিন হয়ে পড়লো সোবহানা-নিগার সুলতানাদের। গতকাল সংযুক্ত আরব আমিরাতের আজমানে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ১৯.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩০ রানের লক্ষ্যে পৌঁছে যায় ডাচরা। বাংলাদেশের ইনিংসে সবচেয়ে উজ্জ্বল ছিলেন দিলারা আক্তার। নিজের ক্যারিয়ারের ৫০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ৪৬ বলে ৫১ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। চারটি চার ও দুটি ছক্কায় সাজানো এই ইনিংসটি ছিল বাংলাদেশের সংগ্রহের মূল ভিত্তি।
দিলারার সঙ্গে দ্বিতীয় উইকেটে ৪৪ রানের জুটি গড়েন শারমিন আক্তার। তিনি করেন ১৯ রান। বাংলাদেশের সাবেক অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাট থেকে আসে ২০ রান। শেষদিকে স্বর্ণা আক্তারের ১৩ বলে ১৯ রানের ইনিংস বাংলাদেশকে লড়াইয়ের সংগ্রহ এনে দেয়। নেদারল্যান্ডসের হিদার সিগার্স ২১ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ধাক্কা দেন।
জবাব দিতে নেমে পাওয়ার প্লের মধ্যেই দুই ওপেনারকে হারায় নেদারল্যান্ডস। তবে বাংলাদেশের বোলারদের ওপর পাল্টা চাপ তৈরি করেন স্টেরি কালিস। চার নম্বরে ব্যাট করতে নেমে ৫০ বলে ৮টি চারে অপরাজিত ৬৮ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। ফ্রেডেরিক ওভারডাইক অপরাজিত ১২ রান করে তাকে সঙ্গ দেন। বাংলাদেশের হয়ে রাবেয়া খান ২২ রানে ২টি উইকেট নেন। রিতু মনি ও সানজিদা আক্তার মেঘলা পান ১টি করে উইকেট।
৩ ম্যাচে ২ হারে গ্রুপ ‘বি’-তে চাপে রয়েছে বাংলাদেশ। আগামীকাল থাইল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিততেই হবে নিগারদের। সুপার সিক্সে যাওয়ার আশা টিকিয়ে রাখতে এখন সেই ম্যাচই বাংলাদেশের সামনে সবচেয়ে বড় পরীক্ষা।
