সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে চলমান শ্রমিক আন্দোলনের মধ্যে বহিরাগতদের হামলায় গুরুতর আহত হওয়া এক জুতা কারখানার শ্রমিক ঢাকা মেডিকেলে টানা ১২ দিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় দায়ের করা মামলায় মূল এজাহারনামীয় আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত শ্রমিক সেলিম (২৩) আশুলিয়ার আউকপাড়া এলাকার ‘ট্রেন্ট সুজ লিমিটেড’ নামক একটি জুতা উৎপাদনকারী কারখানার সুইং সেকশনের জুনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
মামলা তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, জুতা কারখানার শ্রমিক সেলিম আহত অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। সোমবার ভোরে তিনি মারা যান। তার বিস্তারিত পরিচয় এখনো জানতে পারিনি এবং তার পরিবারের কারও সঙ্গে আমার যোগাযোগও হয়নি। আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছি। মামলায় উল্লেখ করা হয়েছে, চলমান শ্রমিক অসন্তোষ চলাকালে গত ৩রা নভেম্বর দুপুর সাড়ে বারোটার দিকে বহিরাগত বিভিন্ন ফ্যাক্টরিতে কর্মরত প্রায় দুই থেকে তিনশ’ শ্রমিক লাঠিসোটা, ইট, পাথর, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আউকপাড়া এলাকার ট্রেন্ট সুজ লিমিটেড ও ফরচুন জিপার লিমিটেড ফ্যাক্টরির গেটের সামনে এসে নিরাপত্তা প্রহরীদের গেট খুলে শ্রমিকদের বের করে দিতে বলে।
তখন ফ্যাক্টরির নিরাপত্তা প্রহরী নিরাপত্তার স্বার্থে ফ্যাক্টরির গেট খুলতে অস্বীকার করলে বহিরাগত শ্রমিকরা ফ্যাক্টরির গেট ও সিকিউরিটি রুমের জানালার গ্লাস ভাঙচুর করে। তখন কর্তৃপক্ষ বাধ্য হয়ে ফ্যাক্টরি সাময়িকভাবে ছুটি ঘোষণা করে শ্রমিকদের বের করে দেয়। তখন বহিরাগত শ্রমিকরা ট্রেন্ট সুজ লিমিটেড ও ফরচুন জিপার লিমিটেড ফ্যাক্টরির শ্রমিক সেলিম (২৩), মো. রাকিব (২৪) ও লিমন (২৫)সহ আরও কয়েকজনকে এলোপাতাড়িভাবে মারধরের একপর্যায়ে লোহার রড দিয়ে শ্রমিক সেলিমের মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মামলায় উল্লেখ করা হয়, আশুলিয়া এলাকার নিট প্লাস ফ্যাক্টরির শ্রমিক রনজিৎ বিশ্বাসের (৩৫) নেতৃত্বেই এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় ট্রেন্ট সুজ লিমিটেড ও ফরচুন জিপার লিমিটেড ফ্যাক্টরির এইচআর অ্যান্ড এডমিন প্রিন্স সরদার বাদী হয়ে আশুলিয়া থানায় ৭ই নভেম্বর হামলা ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন। হামলায় নেতৃত্ব দেয়া রনজিৎ বিশ্বাস (৩৫)-এর নাম উল্লেখ করে ও তার সহযোগী অজ্ঞাতনামা দুই শ’ থেকে তিন শ’ জনকে আসামি করা হয়।
মামলা তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, হামলার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। মামলা হওয়ার পর এজাহারনামীয় প্রধান আসামি রণজিৎ বিশ্বাসসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বর্তমানে জেলহাজতে রয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের কোনো মাধ্যম না পাওয়ায় মামলার বাদী প্রিন্স সরদারের সঙ্গে মুঠোফোনে আহত শ্রমিকের মৃত্যুর বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।
