জামালপুরে এক তরুণীকে ধর্ষণের দায়ে সোহেল রানা (১৪) নামে এক কিশোরকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট দিদারুল ইসলাম জানান, ২০১০ সালের ২৩শে ডিসেম্বর রাতে জামালপুর সদর উপজেলার জালালের চর গ্রামের এক তরুণী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বাইরে বের হন।
এ সময় একই গ্রামের সুলতান মিয়ার ছেলে সোহেল রানা তাকে তুলে নিয়ে ধর্ষণ করে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনায় ২৫শে ডিসেম্বর ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও অন্যান্য আইনি কার্যক্রম সম্পন্ন হয়। সোমবার আসামির উপস্থিতিতে ঘটনার প্রায় ১৬ বছর পর আদালত এ রায় ঘোষণা করেন। রায়ে সোহেল রানাকে ১০ বছরের আটকাদেশ প্রদান করা হয়।
