বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য প্রায় এক বছর আগে মনোনয়ন ফরম বিক্রি করে প্রার্থীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হলেও এখনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। কয়েক দফায় তফসিল ঘোষণা ও পরিবর্তনের পর স্থগিত হয়ে যায় নির্বাচনী কার্যক্রম। দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় মনোনয়ন ফরমের অর্থের হিসাব নিয়েও প্রশ্ন উঠেছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় সংসদের ১৩টি এবং তিনটি হল সংসদের নয়টি করে মোট ২৭টি পদে নির্বাচন হওয়ার কথা ছিল।
কেন্দ্রীয় সংসদের ফরমের মূল্য ৪০০ টাকা এবং হল সংসদের ৩০০ টাকা নির্ধারণ করা হয়। সে হিসাবে পূর্ণাঙ্গ ৪০টি পদের ফরম কিনতে একজন প্রার্থীর ব্যয় হয় ১৩ হাজার ৩০০ টাকা। দু’টি প্যানেল থেকে প্রায় ৪০টি করে ফরম সংগ্রহ করায় শুধু তাদের কাছ থেকেই প্রায় ২৬ হাজার ৬০০ টাকা পাওয়ার কথা। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরাও ফরম সংগ্রহ করেন। নির্বাচনে অংশ নিতে প্রত্যেক প্রার্থীকে প্রায় এক হাজার টাকা ব্যয়ে বাইরের প্রতিষ্ঠান থেকে ড্রাগ টেস্ট করাতে হয়েছে। আবাসিক শিক্ষার্থীদের হল ক্লিয়ারেন্সও নিতে হয়েছে। সিএসই বিভাগের সাবেক শিক্ষার্থী রহমত আলী ভিপি পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। বর্তমানে তিনি চাকরিতে যোগ দিয়েছেন। তিনি বলেন, সে সময় নানা টালবাহানা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন দেয়নি। অন্যদিকে গঠনতন্ত্রের ত্রুটি সংশোধন, পদসংখ্যা বৃদ্ধি ও ক্ষমতা বাড়ানোর দাবি জানিয়ে ফরম সংগ্রহ করেনি ছাত্রদল। সংগঠনটির সভাপতি রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন বলেন, এসব দাবি পূরণ করে নির্বাচন আয়োজন করা উচিত।
শিবির সমর্থিত ভিপি প্রার্থী আহমেদুল হক আলবির অভিযোগ করেন, নির্বাচন না করে প্রশাসন প্রার্থীদের কাছ থেকে মনোনয়ন ফি নিয়েছে। সেই অর্থ কোথায় ব্যয় হয়েছে, তা তারা জানেন না। প্রধান নির্বাচন কমিশনার মাসুদ রানা বলেন, ব্রাকসু’র টাকা হিসাব অফিসে আছে। শিক্ষার্থীরা যখনই চাইবে, তখনই নির্বাচন হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, মনোনয়ন ফরমের টাকা শিগগিরই ফেরত দেয়া হবে। যাদের ছাত্রত্ব শেষ হয়েছে, তাদের প্রার্থিতা বাতিল হবে। ভিসি অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, শিক্ষার্থীরা জানে নির্বাচন কবে হবে।
