সুপ্রিম কোর্টে ‘ইন্ডিয়া’ জোটের আবেদন, নির্বাচনী কর্মকর্তাদের কাছে ৪৮ প্রশ্ন

ফন্ট সাইজ:

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারসহ নির্বাচন কমিশনের শীর্ষ কর্মকর্তাদের কাছে ৪৮টি প্রশ্নের উত্তর চেয়েছে বিরোধী ইন্ডিয়া জোট। জ্ঞানেশকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে সোমবার সুপ্রিম কোর্টে একটি নতুন আবেদন দাখিল করেছেন জোটের নেতারা।

এসআইআর প্রক্রিয়ার অনিয়ম, বেআইনিভাবে ফর্ম ৬-এ নিয়ম বদল এবং একতরফাভাবে সিদ্ধান্ত নেয়ার অভিযোগে জ্ঞানেশের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলির মঙ্গলবার শুনানি হবে সুপ্রিম কোর্টে। তার আগেই দায়ের হয়েছে এই নতুন আবেদন।

বিরোধী জোটের আবেদনে অভিযোগ করা হয়েছে, সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন যে হলফনামা জমা দিয়েছে, তাতে ‘ভোট চুরি’ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এ অনিয়ম সংক্রান্ত কোনও প্রশ্নেরই সন্তোষজনক উত্তর দেয়া হয়নি। এমনকি, কমিশনের তরফে যে দাবিগুলি করা হয়েছে, তার সমর্থনে জমা দেয়া হয়নি কোনও নথিও।

জ্ঞানেশের পাশাপাশি দুই নির্বাচন কমিশনার, সুখবীর সিংহ সাঁধু ও বিবেক জোশী, উপ-নির্বাচন কমিশনার ভানু প্রকাশ ইয়েতুরু এবং এসআইআর-অনিয়মে অভিযুক্ত নির্বাচন কমিশনের তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগের ডিরেক্টর জেনারেল সীমা খন্নাকেও ব্যক্তিগতভাবে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছে বিরোধী জোট।

সূত্রের খবর, বিরোধীরা জ্ঞানেশদের কাছে যে প্রশ্নগুলি করতে চেয়েছেন তার মধ্যে রয়েছে, কমিশন একটি সংস্থা হিসেবে নির্দিষ্ট সিদ্ধান্তগুলি নিয়েছিল কি না, সেগুলি কখন এবং কী ভাবে নেয়া হয়েছিল, কমিশনের নামে নির্দিষ্ট পদক্ষেপগুলি কে অনুমোদন করেছিলেন এবং কমিশনের ওয়েবসাইট ‘ইসিআইনেট’ কী ভাবে তৈরি, পরিবর্তিত ও পরিচালিত হয়েছে।

জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে যুক্তি দেয়া হয়েছে, ‘আবেদনকারীদের কাছে উত্তরদাতাদের নিজেদের মাধ্যমে ছাড়া এই তথ্যগুলি জানার অন্য কোনও উপায় নেই’।

প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সিদ্ধান্ত নিয়ে ১০ মাসে ১৪ বার লিখিত আপত্তি জানিয়েছিলেন অন্য দুই কমিশনার সাঁধু এবং জোশী। তাদের আপত্তি উড়িয়ে জ্ঞানেশের সিদ্ধান্তই বলবৎ ছিল, যা আইনের পরিপন্থী।

বিতর্কের আবহে কমিশন প্রেস বিজ্ঞপ্তিতে বলেছিল, সুপ্রিম কোর্টের অনুমোদন নিয়েই ফর্ম ৬-এর কিছু সংশোধন করা হয়েছে। কিন্তু গত ৫ অক্টোবর কমিশনের দাবি নস্যাৎ করে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ জানিয়েছে, কোনও অনুমোদন দেয়নি সুপ্রিম কোর্ট। কারা সেই পরিবর্তনে অনুমোদন দিয়েছিল, তা-ও জানতে চেয়েছিল শীর্ষ আদালত।

উল্লেখ্য, ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে যে যে বিষয়ে দুই নির্বাচন কমিশনারের আপত্তির কথা সামনে এসেছিল, এর আগে কমিশনের প্রেস বিজ্ঞপ্তিতে সেগুলি সংশোধন করা হয়েছিল।

অভিযোগ, গোটা প্রক্রিয়াটিই নিয়ন্ত্রিত হয়েছিল দিল্লি থেকে। পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করেন সীমা খান্না। ওই প্রতিবেদনের পরেই বিরোধী শিবির শীর্ষ আদালতের দ্বারস্থ হয়। গত ২৭ অক্টোবর ওই মামলার আগের শুনানিতে এসআইআর নিয়ে বিতর্কের আবহে মঙ্গলবার নিজেদের অবস্থান জানিয়েছিল নির্বাচন কমিশন। কমিশনের অন্দরে মতবিরোধ রয়েছে বলে যে অভিযোগ উঠেছে, তা খারিজ করে জ্ঞানেশ, সাঁধু ও জোশী সুপ্রিম কোর্টে যৌথ হলফনামা জমা দিয়েছিলেন।

তার জবাবে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চের মন্তব্য, ‘‘আমরা সবই জানি।’’ সেই সঙ্গেই শীর্ষ আদালত জানিয়েছিল, এসআইআর সংশ্লিষ্ট সমস্ত পদক্ষেপ খতিয়ে দেখা হবে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন