কাজ করছে না ব্রেক্সিট, ইইউয়ের সঙ্গে নতুন চুক্তি চান বার্নহ্যাম

কাজ করছে না ব্রেক্সিট, ইইউয়ের সঙ্গে নতুন চুক্তি চান বার্নহ্যাম

ফন্ট সাইজ:

ইউরোপীয় ইউনিয়ন থেকে বৃটেন বের হয়ে গিয়েছে এক দশকেরও আগে। তবে এখন এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ দেশটির প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। তিনি জানান, ব্রেক্সিট কাজ করেনি এবং তিনি ইইউয়ের সাথে নতুন চুক্তি করতে চান। এর আগে শনিবার তিনি জানান, ব্রেক্সিটের কারণে বৃটেন যা পেয়েছে তার থেকে অনেক বেশি কিছু হারিয়েছে। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।

চলতি সপ্তাহেই বার্নহ্যাম ইউরোপীয় নেতাদের সাথে এক শীর্ষ সম্মেলনে বসবেন। এতে বৃটেনের জিডিপি শূন্য দশমিক ৪ ভাগ বৃদ্ধি পাবে বলে তিনি আশা করছেন, যার পরিমাণ প্রায় ১৭ বিলিয়ন পাউন্ড। খাদ্য ও কৃষি, কার্বন নির্গমন বাণিজ্য এবং যুব গতিশীলতা কর্মসূচির মতো বিষয়গুলো এই চুক্তিতে থাকতে পারে। লন্ডনের লর্ড মেয়র ভোজসভায় দেয়া বক্তব্যে বার্নহ্যাম জানান, বরিস জনসনের নিয়ন্ত্রণ ফিরিয়ে নেয়ার প্রতিশ্রুতি পূরণ হয়নি। বরং এর ফলে একটি অপ্রয়োজনীয় কঠোর ব্রেক্সিট তৈরি হয়েছে। এটি ব্যবসার জন্য বাধা সৃষ্টি করেছে এবং দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করেছে।

বার্নহ্যাম এই পরিস্থিতিকে ‘সম্রাটের নতুন কাপড়’ গল্পের সাথে তুলনা করেন। তিনি জানান, কেউই স্পষ্ট সত্যটা বলতে প্রস্তুত নয়, তবে তিনি যা দেখছেন তাই বলছেন। সত্য বলতে সম্রাটের পরনে কিছুই নেই, ঠিক তেমনি তাদের যে ব্রেক্সিট দেয়া হয়েছে তা কাজ করেনি। তারা যা পেয়েছে তার চেয়ে অনেক বেশি হারিয়েছে। বার্নহ্যাম জানান, তিনি ইইউয়ের সাথে একটি চুক্তিতে সই করবেন, তবে এর জন্য কিছু শর্ত রয়েছে। প্রথমত, এটি লেবার পার্টির ইশতেহার এবং সরকারের মূল নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। দ্বিতীয়ত, এটি ব্রেক্সিট চুক্তির উন্নতি ঘটাবে এবং ২০১৬ সালে মানুষ যা ভেবে ভোট দিয়েছিল তার কাছাকাছি নিয়ে যাবে। এছাড়া এটি মানুষের দৈনন্দিন জীবনে বাস্তব ও দৃশ্যমান উন্নতি এনে তথাকথিত ‘মেকারফিল্ড পরীক্ষায়’ উত্তীর্ণ হতে হবে।

বার্নহ্যাম জানান যে এটি উভয় পক্ষের জন্যই লাভজনক এবং এটি তাদের নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরে। তারা আর বিরোধিতাপূর্ণ আচরণ বা সম্পর্ক নষ্ট করতে চান না। বরং তারা গঠনমূলক ও ইতিবাচক হতে চান এবং দেখাতে চান যে তারা মিলেমিশে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারেন। তবে ইইউ সম্পর্ক বিষয়ক মন্ত্রী হামিশ ফ্যালকনার রোববার বিবিসিকে জানান, নতুন চুক্তির অধীনে এই জোটে বৃটেনের কথা বলার সুযোগ থাকতে পারে, তবে ইইউয়ের খাদ্য নীতিতে কোনো ভোটাধিকার থাকবে না। তিনি আরও জানান, ভবিষ্যতের কোনো বৃটিশ সরকার এই চুক্তি বাতিল করলে তার জন্য একটি ‘প্রস্থান শর্ত’ থাকতে পারে। কারণ ইইউ উদ্বিগ্ন যে ভবিষ্যতের কোনো রিফর্ম বা কনজারভেটিভ সরকার এই চুক্তি বাতিল করতে পারে।

এই প্রস্থান শর্তটি আগে ‘ফারাজ ক্লজ’ নামে পরিচিত ছিল। ভবিষ্যতে বৃটেনের রাজনৈতিক পরিস্থিতি বদলালে যেকোনো পুনর্গঠন বাতিলের সম্ভাব্য খরচ থেকে রক্ষা পাওয়ার জন্যই এটি রাখা হতে পারে। সীমান্তে অবকাঠামোর খরচ মূলত ইউরোটানেলসহ বেসরকারি কোম্পানিগুলোই বহন করেছে। তবে ক্যালে বন্দর এবং বোলোন-সুর-মেরে খাদ্য পরীক্ষার দায়িত্বে রয়েছেন ফরাসি কর্মীরা।

এদিকে কনজারভেটিভ পার্টির সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন ২০২২ সালে পার্টিগেট কেলেঙ্কারির জেরে পদত্যাগ করেছিলেন। তিনি জানান, বার্নহ্যাম যদি এই ইস্যুতে আরেকটি ভোটের আয়োজন করেন, তবে বৃটেন অবশ্যই ব্রেক্সিটের পক্ষেই আবার ভোট দেবে। তিনি দ্য টেলিগ্রাফকে জানান, ব্রেক্সিট ইস্যুকে রাজনৈতিক অগ্রাধিকার হিসেবে তুলে ধরা পাগলামি। তিনি মনে করেন বার্নহ্যাম এই বিষয়ে নিজেকে এবং তার দলকে বিপদে ফেলবেন। তার এই পথ থেকে সরে আসা উচিত, কারণ তিনি জিততে পারবেন না। বাস্তবতা হলো মানুষ বোকা নয়।