৯ বছরের আইনি লড়াইয়ে নির্দোষ ইলিয়াছ, এখন চান পুনর্বাসন

৯ বছরের আইনি লড়াইয়ে নির্দোষ ইলিয়াছ, এখন চান পুনর্বাসন

ফন্ট সাইজ:

মাত্র ২০ বছর বয়সে নিখোঁজ হয়েছিলেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ইলিয়াছ আহমেদ। পরিবারের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাকে তুলে নিয়ে ৮৮ দিন গোপন বন্দিশালায় রাখা হয়। পরে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঠানো হয় কারাগারে। দীর্ঘ কারাবাস ও প্রায় ৯ বছরের আইনি লড়াই শেষে ২০২৬ সালের ২৬শে এপ্রিল বিচারিক আদালত তাকে সব অভিযোগ থেকে খালাস দেন। তবে আইনি লড়াইয়ে নির্দোষ প্রমাণিত হলেও এখনো ফেরেনি তার স্বাভাবিক জীবন। মেলেনি রাষ্ট্রীয় ক্ষতিপূরণ, আর্থিক সহায়তা কিংবা পুনর্বাসন। এবার সরকারের কাছে ক্ষতিপূরণ ও সম্মানজনক পুনর্বাসনের দাবি জানিয়েছেন তিনি।

নথিপত্র ও ইলিয়াছের দেয়া তথ্য অনুযায়ী, ১৯৯৬ সালের ৪ঠা এপ্রিল শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পূর্ব মানিককুড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবার নাম আমির আলী। গাজীপুরের একটি গার্মেন্টস কোম্পানির মানবসম্পদ (এইচআর) বিভাগে চাকরির সুবাদে সেখানে অবস্থান করতেন ইলিয়াছ। ২০১৭ সালের ৪ঠা মার্চ গাজীপুরের বাংলাবাজার এলাকা থেকে তাকে তুলে নেয়া হয় বলে পরিবারের অভিযোগ। ৮৮ দিন নিখোঁজ থাকার পর ওই বছরের ৩১শে মে তেজগাঁও শিল্পাঞ্চল থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের একটি মামলায় তাকে ৮০৮ দিন কারাভোগ করতে হয়। ২০১৯ সালের ৬ই আগস্ট উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান। এরপরও শেষ হয়নি আইনি লড়াই। দীর্ঘ প্রায় ৯ বছর মামলা পরিচালনার পর অবশেষে ২০২৬ সালের ২৬শে এপ্রিল বিচারিক আদালত তাকে সব অভিযোগ থেকে খালাস দেন। অন্যদিকে গুম-সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতেও তার অভিযোগ যাচাই বাছাই শেষে তালিকাভুক্ত হয়েছে। ইলিয়াছের দাবি, গুম ও কারাবাসের কারণে তার শিক্ষাজীবন ও কর্মজীবনের স্বপ্ন নষ্ট হয়ে গেছে। দীর্ঘদিন মামলা পরিচালনা করতে গিয়ে আর্থিকভাবে বিপর্যস্ত হয়েছে তার পরিবারও।

তিনি বলেন, আদালত আমাকে নির্দোষ ঘোষণা করেছেন, গুম কমিশনেও আমার অভিযোগ গৃহীত হয়েছে। কিন্তু হারিয়ে যাওয়া ৯টি বছর, শিক্ষাজীবন ও সামাজিক সম্মান কে ফিরিয়ে দেবে। রাষ্ট্রের পক্ষ থেকে এখনো কোনো সহযোগিতা বা পুনর্বাসন পাইনি। সরকারের কাছে চার দফা দাবি জানিয়েছেন ইলিয়াছ। দাবিগুলো হলো— সরকারিভাবে নির্দোষিতার স্বীকৃতি ও সামাজিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা, গুম ও মামলায় জড়ানোর অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিচার, যথাযথ আর্থিক ক্ষতিপূরণ এবং সম্মানজনক কর্মসংস্থানসহ পুনর্বাসন। দীর্ঘ আইনি লড়াই শেষে আদালত থেকে মুক্তি মিললেও জীবনের হারানো সময় ও ক্ষতি পুষিয়ে নিতে এখন রাষ্ট্রের সহযোগিতা চান ইলিয়াছ।