দেশে নন-লাইফ ইন্স্যুরেন্স বা সাধারণ বীমা খাতের সম্ভাবনা অনেক বেশি হলেও এখন মেরিন, ফায়ার ও মোটরযান বীমার মতো প্রচলিত কয়েকটি পণ্যের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে এ খাত। তবে জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় নতুন নতুন বীমাপণ্য চালুর উদ্যোগ নিচ্ছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এ লক্ষ্যে প্যারামেট্রিক ফ্লাড ইন্স্যুরেন্সসহ দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি বীমার বিভিন্ন পণ্য উন্নয়ন, পরীক্ষা ও মানসম্মত করার পরিকল্পনা করছে সংস্থাটি।
সোমবার আইডিআরএ কার্যালয়ে ‘শিখন ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা: দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও প্যারামেট্রিক ইন্স্যুরেন্স’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন।
তিনি বলেন, বাংলাদেশের নন-লাইফ ইন্স্যুরেন্স খাতের সম্ভাবনা ও পরিসর অনেক বড়। কিন্তু বিভিন্ন কারণে এ খাত মেরিন, ফায়ার ও মোটরযান বীমার মতো সীমিত কয়েকটি পণ্যের গণ্ডি থেকে বের হতে পারছে না। অথচ বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন এখন অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু। দুর্যোগের ঝুঁকির দিক থেকে বাংলাদেশ বিশ্বের ষষ্ঠ ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকায় রয়েছে। ফলে দেশে জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় বীমাপণ্য তৈরির ব্যাপক সুযোগ রয়েছে।
মীর নাদিয়া নিভিন বলেন, বাংলাদেশে বন্যা, তাপপ্রবাহসহ বিভিন্ন দুর্যোগ অনেকটা চক্রাকারে ফিরে আসে। প্রায় প্রতিবছরই এসব দুর্যোগের কারণে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) সম্মিলিতভাবে প্রায় ০..৮ শতাংশ ক্ষতি হয়। এই ক্ষতির বড় অংশের আর্থিক দায় শেষ পর্যন্ত সরকারের ওপর পড়ে। ভর্তুকি, পুনর্বাসন ও পুনর্গঠনে সরকারকে অর্থ ব্যয় করতে হয়। এতে অন্য উন্নয়ন প্রকল্পের বরাদ্দ থেকে অর্থ সরিয়ে নিতে হয়, কখনো কোনো প্রকল্প স্থগিতও করতে হয়।
তিনি বলেন, দুর্যোগের এই আর্থিক দায় নিয়মিত সরকারের ওপর থাকলে অর্থনৈতিক ঝুঁকি বাড়ে, বিশেষ করে নিম্ন আয়ের মানুষের দুর্বলতা আরও প্রকট হয়। তাই সরকারের ওপর থাকা দুর্যোগের ঝুঁকি বেসরকারি খাত, বীমা ও পুনর্বিমা খাতে ছড়িয়ে দিতে হবে। এতে ঝুঁকির আর্থিক দায় বহুমুখী হবে এবং দুর্যোগ মোকাবিলায় কার্যকর সাড়া দেয়া সহজ হবে।
আইডিআরএ চেয়ারম্যান বলেন, দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি বীমা ভবিষ্যতের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এ ধরনের বিমাপণ্য বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশেও বিভিন্ন সংস্থা, এনজিও ও সরকারি প্রতিষ্ঠান এ ধরনের পণ্য নিয়ে কাজ করছে। এর মধ্যে প্যারামেট্রিক ইন্স্যুরেন্স একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
প্যারামেট্রিক বিমার বিষয়ে তিনি বলেন, যেসব দুর্যোগের সময় ও ধরন সম্পর্কে আগে থেকেই ধারণা করা যায়, সেসব ঝুঁকি বিবেচনায় নিয়ে এ বিমাপণ্য তৈরি করা হয়। নির্দিষ্ট কিছু সূচক বা ট্রিগারের ভিত্তিতে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা থাকে। এর মাধ্যমে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা মানুষের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।
তিনি জানান, বিশ্বব্যাংকের সহায়তায় যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় প্যারামেট্রিক ইন্স্যুরেন্স নিয়ে তিন বছর মেয়াদি একটি পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটির এক বছরের বেশি সময় পার হয়েছে। ইতোমধ্যে এ উদ্যোগ থেকে বেশ কিছু অভিজ্ঞতা ও শিক্ষা পাওয়া যাচ্ছে।
আইডিআরএ চেয়ারম্যান বলেন, পাইলট প্রকল্প সফল হলেই দায়িত্ব শেষ হবে না। প্রকল্প থেকে পাওয়া অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিমাপণ্যের নকশা, ঝুঁকি নির্ধারণের সূচক বা ট্রিগার এবং তথ্যের উৎস মানসম্মত করতে হবে। বিশ্বব্যাংকের কাছ থেকে পণ্য তৈরির কৌশল শেখার পাশাপাশি আইডিআরএর নিজস্ব সক্ষমতাও গড়ে তুলতে হবে, যাতে বিশ্বব্যাংকের সহায়তা শেষ হলেও এ উদ্যোগ বন্ধ হয়ে না যায়।
তিনি আরও বলেন, প্যারামেট্রিক ফ্লাড ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কোন কোন সূচকের ভিত্তিতে ক্ষতিপূরণ দেয়া হবে এবং কোন উৎস থেকে তথ্য সংগ্রহ করা হবে, তা নির্দিষ্ট করা জরুরি। যমুনা প্রকল্পে পানিসম্পদ বোর্ডের তথ্য ব্যবহার করা হচ্ছে। প্রকল্পের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আইডিআরএ এসব পণ্য, ট্রিগার ও তথ্যের উৎসের জন্য অভিন্ন মানদণ্ড তৈরি করবে।
এ ধরনের মানদণ্ড তৈরি হলে বেসরকারি বীমা প্রতিষ্ঠান কিংবা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় উভয় পক্ষই একই কাঠামো অনুসরণ করে প্যারামেট্রিক বীমা চালু করতে পারবে বলে জানান তিনি।
মীর নাদিয়া নিভিন বলেন, একই ধরনের বিমাপণ্যের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন তথ্যের উৎস ও ট্রিগার ব্যবহার করলে একপর্যায়ে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। তাই আইডিআরএ একটি সুস্পষ্ট নির্দেশিকা দেবে, যাতে সবাই অভিন্ন মানদণ্ড অনুসরণ করে পণ্য তৈরি ও বাজারজাত করতে পারে।
নতুন বিমাপণ্য উদ্ভাবনের বিষয়ে তিনি বলেন, আইডিআরএ ইতোমধ্যে একটি রেগুলেটরি স্যান্ডবক্স তৈরি করেছে। এর মাধ্যমে নতুন নতুন বিমাপণ্য পরীক্ষামূলকভাবে চালু ও উদ্ভাবনের সুযোগ তৈরি হবে। প্যারামেট্রিক হিট ইন্স্যুরেন্সসহ জলবায়ু ও দুর্যোগ সংশ্লিষ্ট বিভিন্ন নতুন পণ্য এ স্যান্ডবক্সের আওতায় পরীক্ষা করা হবে। পরীক্ষার মাধ্যমে কার্যকারিতা যাচাই করে পণ্যগুলোকে মানসম্মত করা হবে। এরপর সেগুলো বাজারে চালুর সুযোগ তৈরি হবে।
আইডিআরএ চেয়ারম্যান বলেন, এতদিন সংস্থাটি মূলত নিয়ন্ত্রণমূলক কার্যক্রমে বেশি গুরুত্ব দিয়েছে। তবে এখন বীমা খাতের উন্নয়ন অংশেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নতুন পণ্য উদ্ভাবন, পণ্য উন্নয়ন ও মানসম্মত করার পাশাপাশি দেশের জন্য প্রয়োজনীয় নতুন বীমা খাত তৈরিতে কাজ করছে আইডিআরএ। বিশেষ করে জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি বীমা এ ক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছে।
গণমাধ্যমকর্মীদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বীমা খাতের উন্নয়নে সব অংশীজনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। গণমাধ্যম এ ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। নতুন বিমাপণ্য, খাতের পরিবর্তন ও উদ্যোগ সম্পর্কে গণমাধ্যমকর্মীদের জানা এবং সেসব তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া জরুরি। একই সঙ্গে গণমাধ্যমের পক্ষ থেকে প্রশ্ন ও পরামর্শও প্রয়োজন।
তিনি জানান, প্যারামেট্রিক ফ্লাড ইন্স্যুরেন্স নিয়ে আলোচনার পর ভবিষ্যতে প্যারামেট্রিক হিট ইন্স্যুরেন্সসহ নতুন নতুন বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কর্মশালা আয়োজন করা হবে। কয়েক মাস পরপর এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে আইডিআরএ। এ কর্মশালার মধ্য দিয়ে শুরু হওয়া উদ্যোগটি ধারাবাহিকভাবে চলবে বলেও জানান তিনি।
এদিকে কর্মশালায় এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ২০০০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ২৩ বছরে ১৩৪টি বড় ধরনের দুর্যোগের ঘটনা ঘটেছে। এসব দুর্যোগে ১১ হাজার ৫৬৪ জনের প্রাণহানি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ১২ কোটি ৯৪ লাখ ৪২ হাজার মানুষ। এ সময়ে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৩৬১ কোটি ৬১ লাখ ৩৮ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ লাখ ৬৭ হাজার কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। দুর্যোগগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ঘূর্ণিঝড়ে। অপরদিকে নদীর পানি বৃদ্ধিজনিত বন্যায় সবচেয়ে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে সব ধরনের বন্যা মিলিয়ে আর্থিক ক্ষতির পরিমাণও ছিল সর্বোচ্চ।
কর্মশালার তথ্য অনুযায়ী, নদীর পানি বৃদ্ধিজনিত বন্যায় প্রাণহানি হয়েছে ২ হাজার ৫৯৩ জনের। তবে এ ধরনের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি— ৬ কোটি ৫৩ লাখ ৭৯ হাজার ৬০৫ জন। আর্থিক ক্ষতির পরিমাণ ৪১৫ কোটি ২৪ লাখ ৮৫ হাজার ডলার।
এ ছাড়া সাধারণ বন্যায় ৭১২ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ২ কোটি ৯১ লাখ ৩১ হাজার ১৫ জন। এতে আর্থিক ক্ষতি হয়েছে ১৭১ কোটি ৭ লাখ ডলার। আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছেন ১৭০ জন। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৬৭ লাখ ৩৪ হাজার ১৯৭ জন। এ ধরনের বন্যায় আর্থিক ক্ষতির পরিমাণ ৮৪ কোটি ৯৭ লাখ ৫৩ হাজার ডলার।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, নদীর পানি বৃদ্ধিজনিত বন্যা, সাধারণ বন্যা ও আকস্মিক বন্যা— এই তিন ধরনের দুর্যোগে মোট আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৬৭১ কোটি ২৯ লাখ ডলার। অর্থাৎ শুধু বন্যাতেই আর্থিক ক্ষতি ঘূর্ণিঝড়ের তুলনায় বেশি।
যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্প-১-এর দুর্যোগ ঝুঁকি অর্থায়ন কম্পোনেন্টের প্রকল্প পরিচালক কামরুল হক মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) সভাপতি গোলাম মাওলা ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইডিআরএর পরামর্শক (জনসংযোগ) সাদিক আরমান।
২৩ বছরে ক্ষতি ১ লাখ ৬৭ হাজার কোটি
দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি বীমায় নতুন পণ্য আনবে আইডিআরএ
অর্থনৈতিক রিপোর্টার
অর্থ বাণিজ্য
১৪ মিনিট আগে
১৬ নভেম্বর (সোমবার), ২০২৬, ৭ঃ৩০ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
