তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভায় আজ সোমবার বেলা ১১টায় মালিকপক্ষের মজুরির প্রস্তাব জমা দেয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করে এই সভা স্থগিত করা হয়। মালিকপক্ষের প্রস্তাব জমার আগে সভাটি স্থগিতের কারণ হিসেবে মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, তৃতীয় সভাটি অনিবার্যকারণবশত আদিষ্ট হয়ে স্থগিত করা হলো।’
এর আগে পোশাকশিল্পের শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন করছেন। শ্রমিক আন্দোলনের মুখে ১লা নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। গত সপ্তাহে বোর্ডের দ্বিতীয় বৈঠকে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেন শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার।
এ বিষয়ে মালিকপক্ষের প্রতিনিধি এবিএম সামছুদ্দিন বলেন, ‘মজুরি বোর্ড সরকারি প্রতিষ্ঠান। সেখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। সভায় মজুরি প্রস্তাব দেয়ার জন্য আমরা শতভাগ প্রস্তুত ছিলাম। আমরা মজুরি বোর্ডের কার্যক্রম দ্রুত শেষ করতে আগ্রহী। আমাদের আগ্রহের কমতি নেই।’
মজুরি বোর্ডের একজন প্রতিনিধি বলেন, আজ সকালে মজুরি বোর্ডের সদস্যদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সভা স্থগিতের বার্তা দেয়া হয়। তখন জানতে পেরেছি। তিনি বলেন, মজুরি বোর্ডের স্থায়ী শ্রমিক প্রতিনিধি আনোয়ার হোসাইন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। সে কারণে সভা স্থগিত হয়েছে শুনেছি। এর বাইরে আর কোনো কারণ আছে কি না, তা আমার জানা নেই।
মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার জানান, সকাল আটটার দিকে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী তাকে ফোনে সভা স্থগিতের বিষয়টি অবহিত করেন। আনোয়ার হোসাইনের অসুস্থতা ছাড়াও চলমান রাজনৈতিক অস্থিরতা ও শ্রম অসন্তোষের কারণে সভাটি স্থগিত করা হয়েছে বলে চেয়ারম্যান জানান।
এদিকে মজুরি বোর্ডের স্থগিত হওয়া সভার দ্রুত তারিখ ঘোষণার আহবান জানিয়েছে বিজিএমইএ। সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে বলেছে, নিম্নতম মজুরি বোর্ডের ৩য় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং সভায় মালিকপক্ষের প্রস্তাবনা দাখিলের দিন নির্ধারিত ছিল। সভায় নিম্নতম মজুরি প্রস্তাবনা পেশ করার জন্য মালিকপক্ষ সম্পূর্ণ প্রস্তুতও ছিল। তবে গণমাধ্যম সূত্রে জানা যায় যে, শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় বোর্ডের সভাটি স্থগিত করা হয়েছে। মালিকপক্ষ আন্তরিকভাবে আশা করছে যে, এ প্রক্রিয়াটি দ্রুত গতিতে সম্পন্ন হবে। যেহেতু আগামী ১লা ডিসেম্বর, ২০২৬ তারিখ থেকে নিম্নতম মজুরি কার্যকর করার সুনির্দিষ্ট তারিখ ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে, তাই দ্রুততম সময়ে নিম্নতম মজুরি ঘোষণা করা হলে মালিকপক্ষ বাড়তি মজুরি প্রদানের ক্ষেত্রে প্রস্তুতি নেয়ার সময় পাবে।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায়, শ্রমিক প্রতিনিধির দ্রুত সুস্থতা কামনা করে, অনতিবিলম্বে নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ ঘোষণার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোরালো আহবান জানানো যাচ্ছে।
