দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, দক্ষতা দেশের অর্থনীতি এবং বিশেষ করে শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। প্রশিক্ষণ নেয়াই শেষ কথা নয় বরং এটি কেবল শুরু।
সোমবার রাজধানীতে অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় মুসলিম এইড ইউকে আয়োজিত প্রায় ১৯ হাজার প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ সমাপ্তি ও টিভিইটি গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। হুমায়ুন কবির আরও বলেন, আমাদের পরবর্তী অগ্রাধিকার হওয়া উচিত প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য অর্থবহ কর্মসংস্থান, উদ্যোক্তা হওয়ার সুযোগ এবং টেকসই আয়ের ব্যবস্থা নিশ্চিত করা। এ জন্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান, সরকারি সংস্থা, নিয়োগদাতা এবং বেসরকারি খাতের মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে আমাদের দেশের তরুণরা যাতে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে, নিজস্ব ব্যবসা গড়ে তুলতে পারে, দেশের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে পারে এবং স্থানীয় অর্থনীতিতে অবদান রাখতে পারে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের কান্ট্রি ডিরেক্টর মুহসিন সিদ্দিকী। তিনি পুরো প্রোগ্রামটির সারসংক্ষেপ তুলে ধরেন। তিনি বলেন, মুসলিম এইড ইউকে, বাংলাদেশ ফিল্ড অফিসের বাস্তবায়নে কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ কর্মসূচির আওতায় ২০২০ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ বছর মেয়াদি এ প্রকল্প পরিচালিত হয়। কিং আবদুল্লাহ হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের অর্থায়নে এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের ব্যবস্থাপনায় পরিচালিত এ কর্মসূচির আওতায় ঢাকা, যশোর ও নীলফামারীতে তিনটি প্রশিক্ষণ কেন্দ্রে ১৯ হাজার ৩৯১ জনকে ভর্তি করা হয়। তাদের মধ্যে ১৯ হাজার ১২৮ জন টেইলারিং, কম্পিউটার অপারেশন, গ্রাফিক ডিজাইন, ইলেকট্রিক্যাল, রেফ্রিজারেশন, অটোমেকানিকস, ড্রাইভিং, মোবাইল ফোন ও মোটরসাইকেল সার্ভিসিংসহ নয়টি কারিগরি বিষয়ে প্রশিক্ষণ সম্পন্ন করেন। প্রশিক্ষণের পাশাপাশি উপবৃত্তি, ক্যারিয়ার কাউন্সেলিং, নমনীয় শিক্ষা সহায়তা এবং স্বকর্মসংস্থানের জন্য প্রাথমিক আর্থিক সহায়তাও দেয়া হয়। প্রশিক্ষণপ্রাপ্তদের কর্মসংস্থান ও টেকসই আয়ের সুযোগ তৈরিতে সংশ্লিষ্ট সরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সম্পৃক্ত করার উদ্যোগও নেয়া হয়।
অনুষ্ঠানে গ্রাজুয়েটরা প্রশিক্ষণের মাধ্যমে তাদের জীবন বদলের অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরেন। অনুষ্ঠানে কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ প্রোগ্রাম ফর চ্যারিটি ওয়ার্কসের প্রোগ্রাম কোঅর্ডিনেশন অফিস, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের প্রজেক্ট স্পেশালিস্ট মনজুর মুরশিদ বলেন, আমাদের এই প্রজেক্ট পাঁচ বছরের হলেও করোনার কারণে এক বছর আমরা কাজ করতে পারি নাই। তারপরও আমরা সফলভাবে প্রজেক্ট শেষ করেছি। আমাদের লক্ষ হাতে কলমে শিক্ষা দেয়া। বাংলাদেশ ছোট একটা দেশ, সেইসাথে অধিক জনসংখ্যা। কারিগরি এসব প্রশিক্ষণের মাধ্যমে আমাদের জনসম্পদকে মানবসম্পদের রূপান্তর করতে হবে। তবেই বড় সম্পদে পরিণত হবে বাংলাদেশ।
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ), প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী দক্ষতা উন্নয়নে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন এবং বলেন, বিশ্ব অর্থনীতি দ্রুত পরিবর্তন হচ্ছে। কর্মক্ষেত্রে অনেক পরিবর্তন হচ্ছে। বিভিন্ন দেশের ভাষা নিয়ে কাজ করছি। অনেক ট্রেনিং সেন্টারে ট্রেনিং হচ্ছে। স্কিল ট্রেনিংয়ের সাথে তৃতীয় ভাষা যুক্ত করলে আপনাদের সুযোগ আরও বাড়বে। শ্রম বাজারের জন্য দক্ষ হয়ে গড়ে তুলতে হবে নিজেদেরকেই। আমরা অনেক প্রতিষ্ঠানের সাথেই এমওআই সাক্ষর করেছি। শ্রমবাজারের চাহিদা অনুযায়ী আমরা প্রশিক্ষণ দিচ্ছি। প্রশিক্ষণের সফলতা কতজন গ্রহণ করেছেন তা না দেখে কতোটা শিখেছে তা গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুসলিম এইড বাংলাদেশের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান চৌধুরী, মুসলিম এইড ইউকের সিইও রাজিব হাসান, মুসলিম এইড ইউকে-এর ট্রাস্টি সৈয়দ তোহেল আহমেদ প্রমুখ।
