এক টেবিলে শি-ট্রাম্প-পুতিন, বিশ্বরাজনীতিতে কী হতে যাচ্ছে?

এক টেবিলে শি-ট্রাম্প-পুতিন, বিশ্বরাজনীতিতে কী হতে যাচ্ছে?

ফন্ট সাইজ:

বিশ্বশান্তি ও পরাশক্তিগুলোর মধ্যে কৌশলগত স্থিতিশীলতা প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করতে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্ট। বৃহস্পতিবার চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে অংশ নেবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এনিয়ে সোমবার বেইজিং জানিয়েছে, তিন নেতা বিশ্বশান্তি রক্ষা এবং প্রধান শক্তিধর দেশগুলোর সম্পর্কের মধ্যে কৌশলগত স্থিতিশীলতা এগিয়ে নেয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বিশ্বশান্তি রক্ষা এবং প্রধান শক্তিধর দেশগুলোর সম্পর্কের মধ্যে কৌশলগত স্থিতিশীলতা এগিয়ে নেয়ার বিষয়ে নেতারা গভীর মতবিনিময় করবেন। এই বৈঠকের তাৎপর্য হবে যুগান্তকারী।’ তবে তিন নেতার আলোচ্যসূচি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি বেইজিং।

পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা?
তিন দেশের শীর্ষ কূটনীতিকরা এর আগে ইঙ্গিত দিয়েছিলেন, এই বৈঠকে স্পর্শকাতর পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়টি আলোচনায় আসতে পারে।
চীনের দ্রুত সম্প্রসারিত পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র চায়, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে বেইজিংও অংশ নিক।

তবে চীনের দীর্ঘদিনের অবস্থান হলো, নিজেদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে তাদের বিশাল পারমাণবিক অস্ত্রভাণ্ডার কমাতে হবে।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণবিষয়ক দ্বিপক্ষীয় চুক্তির মেয়াদ শেষ হয়। এরপর ট্রাম্প চীনকে অন্তর্ভুক্ত করে আরও ভালো একটি চুক্তির আহ্বান জানান। তবে সে সময় নিরস্ত্রীকরণ আলোচনায় যোগ দিতে অস্বীকৃতি জানায় বেইজিং।

এ সপ্তাহে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে ফোনালাপ হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, শান্তি ও পারমাণবিক নিরস্ত্রীকরণের মতো লক্ষ্য এগিয়ে নিতে শীর্ষ নেতাদের মধ্যে অর্থবহ আলোচনার গুরুত্ব নিয়ে তারা একমত হয়েছেন।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সোমবার বলেছেন, তিন নেতা যদি সত্যিকার অর্থে অর্থবহ পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হন, তাহলে তা হবে বিশ্বের জন্য বড় অর্জন।
ফিলিপাইনে আসিয়ান সম্মেলনের ফাঁকে তিনি বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করছি এবং এর আহ্বান জানিয়ে আসছি। আমরা বিশ্বাস করি, পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বেই আমরা পুরোপুরি নিরাপদ থাকতে পারব।’

আলোচনায় ইরান যুদ্ধও
ট্রাম্প জানিয়েছেন, তিন নেতার বৈঠকে ইরান যুদ্ধ নিয়েও আলোচনা হতে পারে। রোববার সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করব। এর মধ্যে পারমাণবিক নিরস্ত্রীকরণও থাকবে। আরও অনেক বিষয় নিয়ে কথা হবে। আমরা ইরানের যুদ্ধ বন্ধের চেষ্টা করছি।’

ইরানের অন্যতম প্রধান অর্থনৈতিক অংশীদার চীন দীর্ঘদিন ধরেই এই সংঘাত নিরসনে মধ্যস্থতার চেষ্টা করে আসছে। তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া কয়েক মাসের এই সংকট বিভিন্ন সময়ে প্রতিবেশী দেশগুলোতেও ছড়িয়ে পড়েছে। এতে বিশ্বজুড়ে জাহাজ চলাচল ব্যাহত হয়েছে এবং তেলের দাম বেড়েছে।
গত অক্টোবরের শেষ দিকে ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতার বড় অংশ ধ্বংস করে দিয়েছে। তবে এখনো এক বা দুটি লক্ষ্যবস্তুতে ‘ব্যবস্থা নেয়া’ বাকি রয়েছে।
অন্যদিকে চীন বলছে, সংঘাত যেন আবার শুরু না হয়, সেটিই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এ লক্ষ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নেতা ও কূটনীতিকদের বেইজিংয়ে আমন্ত্রণ জানিয়েছে দেশটি। তাদের উদ্দেশ্য, সংশ্লিষ্ট পক্ষগুলোকে আবারও আলোচনার টেবিলে ফিরিয়ে আনা।

ইউক্রেন যুদ্ধ নিয়ে নীরব থাকতে পারেন নেতারা
তবে এবারের বৈঠকে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান নিয়ে আলোচনা না-ও হতে পারে। গত মাসে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইউক্রেন যুদ্ধের অবসানে মস্কোর অনুকূলে কোনো সমঝোতা করতে ত্রিপক্ষীয় বৈঠক চান পুতিন। ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া।
তবে অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টি শি কিংবা ট্রাম্প কেউই আলোচনায় তুলবেন বলে মনে করা হচ্ছে না। মার্কিন কর্মকর্তারাও জানিয়েছেন, ট্রাম্পের এ বিষয়টি উত্থাপনের সম্ভাবনা নেই।

জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার বলেছেন, সম্প্রতি এক বৈঠকে ত্রিপক্ষীয় আলোচনায় ইউক্রেন প্রসঙ্গ তোলার ধারণায় বিরক্তি প্রকাশ করেছিলেন শি।

জার্মান সম্প্রচারমাধ্যম এআরডিকে স্টাইনমায়ার বলেন, ‘তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন, এটি একটি ইউরোপীয় সংঘাত। এখানে ইউরোপীয়দেরও আলোচনার টেবিলে থাকতে হবে।’
তবে এতে কিয়েভের উদ্বেগ কমেনি। ইউক্রেন আশঙ্কা করছে, দেশটির ভবিষ্যৎ নিয়ে বড় শক্তিগুলো এমন কোনো সমঝোতা করতে পারে, যেখানে তাদের মতামত উপেক্ষিত হবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, এই বৈঠক একবিংশ শতাব্দীর জন্য ইয়াল্টা সম্মেলনের মতো ‘প্রভাববলয় পুনর্বণ্টনের’ ঘটনা হয়ে উঠতে পারে।

১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, বৃটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং সোভিয়েত নেতা জোসেফ স্টালিন দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ভূখণ্ড ও রাজনৈতিক প্রভাববলয় নিয়ে সমঝোতা করেছিলেন। এতে অন্য দেশগুলোর স্বার্থকে তেমন গুরুত্ব দেয়া হয়নি।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেছেন, যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার নেতাদের এই বৈঠক পুতিনকে যুদ্ধ চালিয়ে যেতে আরও উৎসাহিত করবে।
তবে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে ট্রাম্পের আগ্রহকে রাশিয়ার আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কাটিয়ে তোলার সর্বশেষ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
২০২২ সালে ইউক্রেনে রুশ অভিযানের পর থেকেই আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্নতার মুখে রয়েছে মস্কো।