আমি হয়তো আর জীবিত ফিরব না

ইমরান খানের আকুতি

আমি হয়তো আর জীবিত ফিরব না

ফন্ট সাইজ:

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান নিজের ও স্ত্রী বুশরা বিবির চিকিৎসার ব্যবস্থা করতে দেশটির শীর্ষ বিচারপতিদের কাছে আকুল আবেদন জানিয়েছেন। এক খোলা চিঠিতে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ‘এভাবে চলতে থাকলে আমি হয়তো আর জীবিত ফিরতে পারব না।’

সোমবার (১৬ নভেম্বর) ফেডারেল সাংবিধানিক আদালত (এফসিসি), সুপ্রিম কোর্ট (এসসি) ও ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) প্রধান বিচারপতিদের উদ্দেশে লেখা ওই চিঠিতে চিকিৎসা নিশ্চিত করার আবেদন জানান ইমরান। পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

ইমরানের আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চিঠিটি প্রকাশ করেছেন। তিনি গত ২ ও ১১ নভেম্বর আদিয়ালা কারাগারে ইমরানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

চিঠিতে বলা হয়েছে, ১১ নভেম্বরের সাক্ষাতে ইমরান খানে তাকে বিচারপতিদের কাছে নিজের বক্তব্য পৌঁছে দেয়ার নির্দেশ দিয়েছেন। চিঠিতে ইমরান নিজের শারীরিক অবস্থার অবনতির পাশাপাশি স্ত্রী বুশরা বিবির স্বাস্থ্য পরিস্থিতিরও বিস্তারিত তুলে ধরেছেন। তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে আদালতের প্রতি আবেদন জানিয়েছেন তিনি।

ইমরান খান লিখেছেন, ‘আমি আমার জীবন হাসপাতাল নির্মাণে ব্যয় করেছি, যাতে যারা চিকিৎসার খরচ বহন করতে পারেন না, তারা বিনামূল্যে চিকিৎসা পান। আজ আমি শুধু চাই, আমার স্ত্রী ও আমাকে চিকিৎসা দেয়া হোক।’

‘একাকী সেলে বসে লিখছি’
ইমরান খান বলেন, তিনি একটি ‘নির্জন সেল’ থেকে চিঠিটি লিখছেন। কারণ, এখন তার কণ্ঠ কারাগারের দেয়ালের বাইরে পৌঁছানোর একমাত্র উপায় এটিই।
তিনি বলেন, ‘আমি সাবেক প্রধানমন্ত্রী হিসেবে কিংবা কোনো রাজনৈতিক দলের প্রধান হিসেবে লিখছি না। আমি আমার জীবন পাকিস্তানের জন্য উৎসর্গ করেছি। ক্রিকেট মাঠে, সমাজসেবা ও দাতব্য কর্মকাণ্ডে এবং দেশের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে আমি জাতির সেবা করেছি। ৭০ বছর বয়স পর্যন্ত আমার নামে একটি ফৌজদারি মামলাও ছিল না।’

ইমরান খানের অভিযোগ, ৭০ বছর বয়সের পর তার বিরুদ্ধে নজিরবিহীন ও নির্মম রাজনৈতিক প্রতিহিংসা শুরু হয়। একের পর এক মামলা, আদালতে শতাধিকবার হাজিরা, বারবার আগাম জামিনের আবেদন এবং একটি হত্যাচেষ্টার মুখোমুখি হতে হয়েছে তাকে। আল্লাহর রহমতে সেই হত্যাচেষ্টা থেকে বেঁচে যান তিনি।

পাক সাবেক প্রধানমন্ত্রী বলেন, এসবের মধ্যেও তিনি আইনের পথ বেছে নিয়েছেন। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রতিটি মামলার বিরুদ্ধে আদালতে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেই লড়াই কখনো থামাননি।
তার দাবি, একসময় আদালত থেকে পাওয়া কিছু স্বস্তি তার ন্যায়বিচারের প্রতি বিশ্বাস জাগিয়ে রাখলেও সংবিধান সংশোধনের পর সেই সুযোগ ক্রমেই সংকুচিত হয়ে যায়। শেষ পর্যন্ত তা পুরোপুরি বন্ধ হয়ে যায়।

ইমরান খানের দাবি, তোশাখানা-২ মামলার রায়ের পর তার পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। ওই মামলায় সৌদি যুবরাজের উপহার দেয়া দামি বুলগারি গয়নার সেট স্বল্পমূল্যে কেনার অভিযোগে ইমরান ও বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল।
চিঠিতে ইমরান অভিযোগ করেন, তাকে বাইরের জগত থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা হয়। দিনে ২২ ঘণ্টা পর্যন্ত নির্জন কারাবাসে থাকতে হয়েছে। পরিবারের সদস্য, আইনজীবী, এমনকি নিজের ছেলেদের সঙ্গে ফোনে কথা বলার সুযোগও দেয়া হয়নি। বই ও টেলিভিশন থেকেও বঞ্চিত করা হয়েছে।

ইমরান জানান, চলতি বছরে তাকে মাত্র চারবার আইনজীবীর সঙ্গে সাক্ষাতের অনুমতি দেয়া হয়েছে। বুশরা বিবি তার আইনজীবীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছেন মাত্র একবার।
তার মতে, এটি কারাবিধি ও বন্দিদের মৌলিক অধিকারের লঙ্ঘন। ফলে তারা যেসব মামলায় লড়ছেন, সেগুলোতে নিজেদের পক্ষে যথাযথ প্রতিরক্ষা উপস্থাপন করতে পারছেন না।

বুশরা বিবির দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা
ইমরান বলেন, দীর্ঘদিনের নির্জন কারাবাস ও মানুষের সঙ্গে যোগাযোগের অভাবে তার মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব পড়েছে। কারাগারের নিজস্ব মেডিকেল বোর্ডও তার উদ্বেগের বিষয়টি নথিভুক্ত করেছে এবং স্ত্রী ও পরিবারের সঙ্গে আরও ঘন ঘন যোগাযোগ, বই পড়া ও টেলিভিশন দেখার পরামর্শ দিয়েছে। কিন্তু সেই সুপারিশ বাস্তবায়ন করা হয়নি।

তার অভিযোগ, কারা কর্তৃপক্ষ কোনো কারণ বা ব্যাখ্যা ছাড়াই তার স্ত্রীর সঙ্গে সাপ্তাহিক সাক্ষাৎ বন্ধ করে দিয়েছে। তার বোনদের আটক করা হয়েছে বলেও জানতে পেরেছেন তিনি। তাদের সঙ্গেও সাক্ষাতের অনুমতি দেয়া হচ্ছে না। তার দুই ছেলে কাসিম ও সুলাইমানকে ফোন করার সুযোগ দেয়া হচ্ছে না, যা আদালতের নির্দেশনারও পরিপন্থি।
ইমরান বলেন, ‘কারাগারে কেউ আমার সালামের জবাব দেয় না। পবিত্র কোরআনের আয়াত তিলাওয়াত করলেও কেউ কথা বলে না। আমার ধারণা, এর উদ্দেশ্য আমাকে অসুস্থ করে তোলা এবং আমার মনোবল ভেঙে দেয়া।’

তবে নিজের চেয়ে স্ত্রী বুশরা বিবির স্বাস্থ্য নিয়ে বেশি উদ্বিগ্ন বলে জানিয়েছেন তিনি। ইমরানের দাবি, গত এপ্রিল মাসে বুশরা বিবির রেটিনায় বিচ্ছিন্নতা দেখা দেয়। এরপর গোপনে জটিল অস্ত্রোপচার করা হয় এবং তাকে আবার নির্জন কারাবাসে পাঠানো হয়।

সুপ্রিম কোর্টের নির্দেশও কার্যকর হয়নি
ইমরান জানান, গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্ট তাকে দুই দিনের মধ্যে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর, তার স্বাস্থ্য পরীক্ষা করতে মেডিকেল বোর্ড গঠন এবং পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ দেয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু সেই নির্দেশ কার্যকর হয়নি বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ‘আমার বয়স এখন ৭৪ বছর। এই নিরবচ্ছিন্ন পরিস্থিতি আমাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছে, যেখান থেকে আমি হয়তো আর জীবিত ফিরতে পারব না।’
ইমরান খান ২০২৩ সালের ৫ আগস্ট থেকে কারাগারে রয়েছেন। তার স্ত্রী বুশরা বিবিকে ২০২৫ সালের ১৭ জানুয়ারি আরেকটি মামলায় গ্রেপ্তার করা হয়। ওই মামলায় দুজনকেই সাজা দেয়া হয়েছিল।