ইসরাইলি পাইলট রন আরাদের নিখোঁজ হওয়ার রহস্য উদঘাটনের নামে ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে তুরস্ক থেকে অপহরণ করে সপ্তাহের পর সপ্তাহ নির্যাতনের পর হত্যা করেছে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ। পরে তার মরদেহ কৃষ্ণসাগরে ফেলে দেয়া হয়েছে। একই সঙ্গে আরেক ইরানি জেনারেলকেও অপহরণ করে নির্যাতনের পর দক্ষিণ আফ্রিকায় জীবিত ফেলে দেয়া হয়েছিল। এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে।
রোববার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৮৬ সালে লেবাননে বোমা হামলা চালানোর সময় ইসরাইলি পাইলট রন আরাদের যুদ্ধবিমানে ত্রুটি দেখা দেয়। এতে তাকে বিমান থেকে বেরিয়ে আসতে বাধ্য হতে হয়। এরপর থেকেই আরাদের ভাগ্যে কী ঘটেছিল, তা জানতে দীর্ঘ কয়েক দশক ধরে অভিযান চালিয়ে আসছে ইসরাইল। এই অনুসন্ধান ঘিরে ৪০ জনেরও বেশি মানুষ নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন।
নিউ ইয়র্ক টাইমস বলেছে, নিজেদের সেনাদের দেশে ফিরিয়ে আনার বিষয়টি ইহুদি ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে যুক্ত। আরাদকে খুঁজে বের করার অভিযানও সেই বিশ্বাস থেকে পরিচালিত হয়েছে।
তুরস্কের হোটেল থেকে অপহরণ ইরানি জেনারেলকে
২০০৬ সালের ডিসেম্বরে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের সাবেক জেনারেল আলিরেজা আসগারি এই অভিযানের প্রথম দিকের শিকার হন।
ইরানের সাবেক উপপ্রতিরক্ষামন্ত্রী আসগারি তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছে তাকসিম এলাকার কাছে সিলান হোটেলে ওঠেন। এর কিছুক্ষণ পরই মোসাদের এজেন্টরা তাকে অপহরণ করে বলে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বহু বছর পর ইরান তার নিখোঁজ হওয়ার বিষয়ে তথ্য চাওয়ার পর ইসরাইলি কর্মকর্তারা মার্কিন কর্মকর্তাদের জানান, আসগারিকে কয়েক সপ্তাহ ধরে নির্যাতন করা হয়েছিল। ইসরাইলি গোয়েন্দারা ভুলভাবে ধারণা করেছিলেন, রন আরাদের বিষয়ে তার কাছে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে।
কিন্তু আসগারি আরাদ সম্পর্কে কিছুই জানতেন না। এমন তথ্য পাওয়ার পরও মোসাদের এজেন্টরা তাকে হত্যা করে এবং তার মরদেহ কৃষ্ণসাগরে ফেলে দেয় বলে প্রতিবেদনে বলা হয়েছে।
তৎকালীন মোসাদ প্রধান ছিলেন মেইর দাগান। ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে হত্যার সিদ্ধান্তের জন্য সম্ভবত ইসরাইলের প্রধানমন্ত্রীর অনুমোদন প্রয়োজন ছিল। ২০০৭ সালে ইসরাইলের প্রধানমন্ত্রী ছিলেন এহুদ ওলমার্ট। আসগারির নিখোঁজ হওয়ার ঘটনায় ইরানি কর্মকর্তারাও তদন্ত চালান। তাদের তদন্তে উঠে আসে, ইসরাইলি এজেন্টরা ইস্তাম্বুলে তার হোটেল কক্ষে ঢুকে তাকে মাদক প্রয়োগ করে অপহরণ করেছিল। অপহরণে ব্যবহৃত গাড়িটিও কৃষ্ণসাগরের কাছে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
দামেস্ক থেকে আরেক জেনারেলকে অপহরণ
রন আরাদের নিখোঁজ হওয়ার ঘটনায় ইরানের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ না থাকলেও ২০২১ সালে ইসরাইল আবারও আইআরজিসির কমান্ডার জেনারেল আবদুল্লাহ সাবেরিকে অপহরণ করে।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দামেস্কে সকালে দৌড়ানোর সময় তাকে অপহরণ করা হয়। মোসাদের এজেন্টরা তাকে একটি ফ্রিজের বাক্সে ঢুকিয়ে চলন্ত ভ্যানে তুলে নেয়।
দীর্ঘ জিজ্ঞাসাবাদ ও নির্যাতনের পর ইসরাইলি এজেন্টরা তাকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জীবিত ফেলে দেয়। অপহরণের পেছনে কারা রয়েছে, তা আড়াল করতেই এমনটি করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সাবেরিও রন আরাদের বিষয়ে কিছু জানতেন না।
আরাদের মৃত্যু নিয়ে ইসরাইলের রহস্য অনুসন্ধান
পরবর্তীতে হিজবুল্লাহ ও ইরানের যৌথ তদন্তে ধারণা করা হয়, রন আরাদ সম্ভবত ১৯৮৮ সালে পূর্ব লেবাননের নবী চিত গ্রামে মারা যান। তার বিমান বিধ্বস্ত হওয়ার প্রায় দুই বছর পর এ ঘটনা ঘটে।
তদন্তকারীদের ধারণা, বন্দিরা তাকে ওই গ্রামে আটকে রেখেছিল এবং পরে সেখানে সমাহিত করে। তবে ইসরাইলি কর্মকর্তারা বরাবরই মনে করে আসছিলেন, আরাদের ভাগ্যে কী ঘটেছিল, তা ইরান জানে।
২০২৫ সালের ডিসেম্বরে ইসরাইল অপহরণ করে অবসরপ্রাপ্ত লেবানিজ নিরাপত্তা কর্মকর্তা আহমাদ শুকরকে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, একটি ব্যবসায়িক বৈঠকে যোগ দেয়ার কথা ভেবে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি।
লেবাননের কর্মকর্তাদের ধারণা, ইসরাইলি এজেন্টরা তাকে অপহরণ করেছে। এরপর থেকে তাকে আর জীবিত দেখা যায়নি। তার বর্তমান অবস্থানও অজানা।
ইসরাইলি কর্মকর্তারা এখন মনে করছেন, ১৯৮৮ সালে নবী চিতের কাছে ইসরাইলি বাহিনীর হাতে নিজের ভাই নিহত হওয়ার প্রতিশোধ নিতে আহমাদ শুকর রন আরাদকে হত্যা করেছিলেন। তবে এই তত্ত্বের পক্ষে কোনো প্রমাণ নেই।
চলতি বছরের ৬ ও ৭ মার্চ ইসরাইলি বাহিনী নবী চিত গ্রামে ৪০টিরও বেশি বিমান হামলা চালায়। তাদের ধারণা ছিল, গ্রামের একটি কবরস্থানে রন আরাদের মরদেহ সমাহিত করা হয়েছে।
এসব হামলায় অন্তত ৪১ জন নিহত এবং ৪০ জনেরও বেশি আহত হন। কিন্তু আরাদের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ২ মার্চ থেকে সেপ্টেম্বরের শুরুর দিক পর্যন্ত লেবাননে ইসরাইলি হামলায় অন্তত ৪ হাজার ৩৫৮ জন নিহত হয়েছেন।
