স্পেনের ৪৩ ম্যাচের অপরাজেয় যাত্রায় ইংল্যান্ডের আঘাত

স্পেনের ৪৩ ম্যাচের অপরাজেয় যাত্রায় ইংল্যান্ডের আঘাত

ফন্ট সাইজ:

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের মাঠে গিয়ে তাদেরই দীর্ঘদিনের অজেয় দুর্গে আঘাত হানলো ইংল্যান্ড। রিয়াদ এয়ার মেট্রোপলিটানো স্টেডিয়ামে রোববার ৩-২ গোলের রোমাঞ্চকর জয়ে উয়েফা নেশনস লীগের গ্রুপে শীর্ষস্থান নিশ্চিত করলো থমাস টুখেলের দল। শুধু গ্রুপসেরা হওয়াই নয়, এই জয়ে স্পেনের ৪৩ ম্যাচের অপরাজিত প্রতিযোগিতামূলক যাত্রারও অবসান ঘটালো ইংলিশরা।

ম্যাচ শেষে তাই উচ্ছ্বাস লুকাননি ইংল্যান্ড কোচ টুখেল। তার চোখে, এটি কেবল একটি জয় নয়, বরং বিশ্ব ফুটবলে নিজেদের সামর্থ্যের জানান দেয়া। তিনি বলেন, ‘এটি অবশ্যই একটি বিবৃতিমূলক জয়। খেলোয়াড়রা নিজেদের ওপর এতটা আত্মবিশ্বাসী ছিল, বিষয়টি আমারও ভালো লেগেছে। আমরা ইতিবাচক ছিলাম।

ম্যাচের প্রথম ৬৫ মিনিটে ইংল্যান্ডের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। হ্যারি কেইনের পেনাল্টি, এজরি কনসার গোলে হেড এবং বেন হোয়াইটের নিখুঁত ফিনিশিংয়ে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা। মাঝমাঠে জুড বেলিংহামের প্রভাব, ডেকলান রাইসের নিয়ন্ত্রণ এবং আক্রমণে ইংল্যান্ডের গতিময় ফুটবল স্পেনকে কার্যত দিশেহারা করে দেয়।

তবে ম্যাচের শেষ আধঘণ্টা হয়ে ওঠে সম্পূর্ণ ভিন্ন এক গল্প। লাস্ট ডিফেন্ডার হিসেবে বল হারিয়ে বিপাকে পড়েন জ্যারেল কুয়ানসাহ। লামিন ইয়ামালকে বাধা দিতে গিয়ে পেনাল্টি উপহার দেন এলিয়ট অ্যান্ডারসন। পাশাপাশি সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ইংল্যান্ডের এই মিডফিল্ডারকে।

স্পেনের হয়ে পেনাল্টি থেকে ব্যবধান কমান মিকেল ওইয়ারসাবাল। এরপর ইয়ামালের সহায়তায় নিকো উইলিয়ামসের গোলে স্কোরলাইন দাঁড়ায় ৩-২। বাকি সময়ে ইংল্যান্ডের রক্ষণভাগের ওপর একের পর এক আক্রমণ চালায় স্বাগতিকরা। টুখেলও স্বীকার করেন, লাল কার্ডের পর পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। তিনি বলেন, ‘৬০ থেকে ৬৫ মিনিট পর্যন্ত আমরা যে ফুটবল খেলেছি এবং ৩-০ ব্যবধানে যে প্রাপ্য লিড নিয়েছিলাম, সেটি নিয়ে আমরা পুরোপুরি সচেতন। কিন্তু লাল কার্ড ও পেনাল্টি ম্যাচের গতি এবং ধরন বদলে দিয়েছে। স্পেনের বিপক্ষে তাদের মাঠে ১০ জন নিয়ে ৩০ মিনিট খেলাটা তিন ঘণ্টার মতো মনে হয়।’

শেষ মুহূর্তে গোলকিপার জেমস ট্রাফোর্ডের অবিশ্বাস্য জোড়া সেভ ইংল্যান্ডের জয় নিশ্চিত করে। বিশেষ করে শেষ বাঁশি বাজার আগে আইমেরিক লাপোর্তেকে ফিরিয়ে দেয়া তার দ্বিতীয় প্রচেষ্টা ছিল ম্যাচের অন্যতম স্মরণীয় মুহূর্ত। টুখেলের বড় নির্বাচনী সিদ্ধান্তও শেষ পর্যন্ত সফল হয়। নিয়মিত গোলকিপার জর্ডান পিকফোর্ডকে বাইরে রেখে ট্রাফোর্ডকে একাদশে রাখার সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেছেন তরুণ এই তারকা।
জয়ের গুরুত্ব বোঝাতে টুখেল আরও বলেন, ‘বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে তাদের মাঠে খেলা, যেখানে তারা ৪৩-৪৪ ম্যাচ ধরে অপরাজিত ছিল, এমন চাপের মধ্যে এই পারফরম্যান্স ছিল অত্যন্ত পরিপূর্ণ। আমার দায়িত্বে এটিই এখন পর্যন্ত আমাদের সেরা পারফরম্যান্স।’

অন্যদিকে, দীর্ঘ অপরাজিত যাত্রার সমাপ্তিতে হতাশ হলেও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। তার মতে, এই হার নতুন করে শুরু করার উপলক্ষ। স্পেন বস বলেন, ‘আমি খুবই আশাবাদী। এখন নতুন একটি অধ্যায়, নতুন চ্যালেঞ্জ শুরু হচ্ছে। আবারো আগের মতো জয়ের মধ্য দিয়ে আমাদের পথচলা শুরু করতে হবে।’

মার্চে নেশনস লীগের কোয়ার্টার ফাইনালে ফেরার প্রত্যয় জানিয়ে দে লা ফুয়েন্তে আরও বলেন, ‘আমরা নতুন উদ্যম নিয়ে ফিরব। নকআউট পর্ব পেরিয়ে আবারও ফাইনালে পৌঁছানো এবং শিরোপা জয়ের চেষ্টা করবো।’

উল্লেখ্য, স্পেনের এই অপরাজিত যাত্রায় ছিল ইউরো ২০২৪-এর শিরোপা জয়ের মতো বড় সাফল্য। সেই ধারাবাহিকতায় ছেদ টানার পাশাপাশি গ্রুপের শীর্ষস্থান দখল করে কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংল্যান্ড। ২০১৮ সালে স্পেনের মাটিতে ৩-২ গোলের জয়ের পর এবারো একই ব্যবধানে জয়।