ফুটবল থেকে অবসরের ১১ বছর পর আবারও সবুজ গালিচায় ফিরলেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনহো। বয়স ৪৬, তবু পায়ের জাদুতে এতটুকু ভাটা পড়েনি ফুটবলের এই শিল্পীর। ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেনার হয়ে মাঠে নেমে নিজের প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখলেন তিনি। রোববার ফরলির বিরুদ্ধে ২-০ গোলে জয় তুলে নিলো রাভেনা।
গত আগস্টে বিনিয়োগকারী হিসেবে রাভেনার সঙ্গে যুক্ত হন সাবেক বার্সেলোনা তারকা। এবার ক্লাবটির হয়ে খেলতে নেমে দীর্ঘ ১১ বছরের বিরতির অবসান ঘটালেন ২০০২ বিশ্বকাপজয়ী এই ব্রাজিলিয়ান। সর্বশেষ ২০১৫ সালে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে খেলেন তিনি।
ফরলির বিপক্ষে ম্যাচের শুরু থেকেই একাদশে ছিলেন রোনালদিনহো। খেলেছেন প্রথমার্ধ। মাঠে তার উপস্থিতি ছিল দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ। শুধু উপস্থিতিতেই নয়, নিজের চেনা ফুটবলীয় দক্ষতার ঝলকও দেখান তিনি। ম্যাচের প্রথম গোলেও ছিল তার অবদান।
প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে শারীরিক দক্ষতায় সামলে সতীর্থের কাছে বল বাড়িয়ে দেন রোনালদিনহো। সেই আক্রমণের ধারাবাহিকতায় বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করেন জুলিও দোনাতি। এর আগে কর্নার থেকে দোনাতিকে গোলের সুযোগও তৈরি করে দেন তিনি। তবে তার সতীর্থের হেড ফিরিয়ে দেন ফরলি গোলকিপার।
বিরতির সময় রোনালদিনহোকে ঘিরে সাংবাদিকদের উপচে পড়া ভিড় জমে যায়। এ সময় মাঠে তার সঙ্গে যোগ দেন ব্রাজিল ও এসি মিলানের সাবেক সতীর্থ দিদা। প্রথমার্ধ শেষে রোনালদিনহোকে তুলে নেন কোচ। তখন ১-০ গোলে এগিয়ে রাভেনা।
ম্যাচটি ঘিরে রাভেনায় ছিল উৎসবের আবহ। দর্শকদের চাহিদা সামাল দিতে স্তাদিও ব্রুনো বেনেল্লিতে তৈরি করা হয় অস্থায়ী গ্যালারি, যার নাম রাখা হয় ‘আর১০’। রোনালদিনহোর নাম ও বিখ্যাত ১০ নম্বর জার্সির প্রতি সম্মান জানাতেই এই আয়োজন। ম্যাচটি বিশ্বের বিভিন্ন দেশেও সম্প্রচার করা হয়।
ম্যাচ শেষে স্কাই স্পোর্ট ইতালিয়াকে রোনালদিনহো বলেন, ‘এখানে থাকতে পেরে, মাঠে খেলতে পেরে এবং ড্রেসিংরুমে ম্যাচের আগের সেই উত্তেজনা অনুভব করতে পেরে দারুণ ভালো লেগেছে।’ রাভেনার হয়ে আবারো খেলবেন কি না, এমন প্রশ্নে তার উত্তর, ‘প্রেসিডেন্ট যদি আমাকে ডাকেন, আমি আবারো ফিরবো।’
ক্যারিয়ারে ২৯৯ গোল করা রোনালদিনহোর ইচ্ছা রাভেনার হয়ে ৩০০তম গোলের মাইলফলক স্পর্শ করা। পেনাল্টি পেলে সেটি নেয়ার জন্যও প্রস্তুত ছিলেন তিনি।
