জোহানেসবার্গ টেস্টে গতকাল শুরুটা ভালো না হলেও শেষটা ছিল দারুণ। তাওহীদ হৃদয় ও লিটন দাসের ষষ্ঠ উইকেটের জুটিতে শক্ত ভিত গাড়ে বাংলাদেশ। যদিও দিনের শেষ বলে হৃদয় ফিরে না গেলে তা সোনায় সোহাগা হতো টাইগারদের জন্য। আজ দ্বিতীয় দিনের খেলায় মাঠে নামছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। ৬ উইকেটে দলীয় ৩২৭ রান নিয়ে দিনের শুরু করে ব্যক্তিগত সেঞ্চুরিও তুলে নিলেন লিটন।
ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরি তুলে নিলেন টাইগার ব্যাটার। ১৫৫ বলে ১০৪ রান এসেছে তার ব্যাট থেকে। গতকাল হৃদয়কে নিয়ে ২০৬ রানের জুটি বাঁধেন লিটন। এরপর হৃদয় ফিরে যান ব্যক্তিগত ১৩৭ রানে। লিটনকে সঙ্গ দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। গতকালই ফাইফার পূরণ করা কাগিসো রাবাদাকে সামাল দিতে হচ্ছে টাইগার ব্যাটারদের। দিনের শেষ বলে হৃদয়কে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলা মার্কো ইয়ানসেনকে নিয়েও সতর্ক থাকতে হচ্ছে। প্রথম ঘণ্টায় পেসারদের জন্য বাড়তি সুবিধা থাকে। ম্যাচের দ্বিতীয় নতুন বল এখনো নতুন। সব মিলিয়ে কঠিন চ্যালেঞ্জই পাড়ি দিচ্ছে লিটনরা।
