পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের আমলে ফের এনকাউন্টারে নিহত অভিযুক্ত

ফন্ট সাইজ:

পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের আমলে ফের পুলিশের সঙ্গে এনকাউন্টারে এক অভিযুক্তর নিহত হওয়ার অভিযোগ উঠেছে। রোববার সন্ধ্যায় বীরভূমের নানুরে পুলিশের গুলিতে নিহত হয়েছেন রতন শেখ নামের এক অভিযুক্ত। তার বিরুদ্ধে অন্তত ৩৬টি মামলা থাকার কথা জানিয়েছে পুলিশ। এবারের ঘটনাটি নিয়ে পশ্চিমবঙ্গে গত চার মাসে মোট ৫টি এনকাউন্টারের ঘটনা ঘটেছে। এর আগে দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর, উত্তর ২৪ পরগনার গাইঘাটা, মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ও উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এনকাউন্টারের ঘটনা ঘটেছে। সব ক্ষেত্রেই পুলিশের একই তত্ত্ব। অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়েছিল পুলিশ। সে সময়ে অভিযুক্ত যুবক পুলিশের বন্দুক ছিনিয়ে গুলি চালিয়েছিল। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালিয়েছে পুলিশ। তাতে নিহত হয়েছেন অভিযুক্তরা।
বীরভূমের নানুরের ঘটনা নিয়ে পুলিশ জানিয়েছে,গত শুক্রবার রতন শেখকে গ্রেপ্তার করতে গেলে সে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। এতে বিশ্বজিৎ দাস নামের এক কনস্টেবল পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। পরে পূর্ব বর্ধমানের নবাবহাট এলাকা থেকে রতন শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে রতন শেখ পুলিশের ওপর হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি বীরভূমের নানুর থানার চারকল গ্রামে একটি ইটভাটায় লুকিয়ে রাখার কথা জানিয়েছে। সেইমতো রোববার সন্ধ্যায় তাকে নিয়ে ওই ইটভাটায় গিয়েছিল পুলিশ। সেখানে অস্ত্র উদ্ধারের সময় রতন শেখ পুলিশের ওপর হামলা চালিয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে সে গুরুতর আহত হয়েছে। পরে রতনকে নানুর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছেন। রতন শেখের বাড়ি নানুর থানার সাঁওতা গ্রামে। তার বিরুদ্ধে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখা, মাদক পাচারসহ বিভিন্ন অপরাধের অভিযোগ ছিল। আহত পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ দাস কলকাতার পিজি হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে পশ্চিমবঙ্গে এনকাউন্টারের নামে বিচারবহির্ভূত হত্যার অভিযোগে সোচ্চার মানবিকতার সংগঠনগুলো। বিরোধীদের অভিযোগ এনকাউন্টার নিয়ে অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না। সরকারের মন্ত্রী ও বিধায়করা এনকাউন্টোরের রীতিমত উসকানি দিচ্ছেন বলে অভিযোগ।
পুলিশের এনকাউন্টার তত্ত্বে সিলমোহর দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, ‘এই বাংলায় ধর্ষক ও খুনিদের কোনো জায়গা নেই। পুলিশকে গুলি করলে পুলিশ যেটা করার, সেটা করবে। গুলি করতে এলে পুলিশ কি বাতাসা খাওয়াবে?’ এছাড়াও এনকাউন্টারে সমর্থন জানিয়ে 'সকালে জমা, বিকেলে খরচ’ বলে বিজেপি নেতারা সরাসরি জানাচ্ছেন।