অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা

অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

ফন্ট সাইজ:

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ থেকে অব্যাহতি (ডিসচার্জ) চেয়ে আজ শুনানি করবেন আসামিপক্ষের আইনজীবীরা। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিচারিক প্যানেলের অন্য দুই সদস্য হলেন—বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মামলার ৪১ আসামির মধ্যে বর্তমানে ১১ জন গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন—জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং প্রতিষ্ঠানটির সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা। এছাড়া মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাকি ৩০ জন আসামি পলাতক রয়েছেন।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর এ মামলার ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ওইদিনের শুনানিতে তিনি আসামিদের বিরুদ্ধে আনা পৃথক পৃথক আনুষ্ঠানিক অভিযোগ পড়ে শোনান। একইসঙ্গে মামলার পটভূমি তুলে ধরে আওয়ামী লীগ সরকারের শাসনামলের বিভিন্ন বিষয় উপস্থাপন করেন এবং শেখ হাসিনা কীভাবে স্বৈরশাসক হয়ে ওঠেন, তারও বর্ণনা দেন। শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে পর্যাপ্তের চেয়েও বেশি তথ্যপ্রমাণ রয়েছে উল্লেখ করে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানান চিফ প্রসিকিউটর। পরে ট্রাইব্যুনাল আসামিপক্ষের শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।