সরকারের ওপর চাপ বজায় রেখে ভবিষ্যতের প্রস্তুতিতে জামায়াত

সহযোগীদের খবর

সরকারের ওপর চাপ বজায় রেখে ভবিষ্যতের প্রস্তুতিতে জামায়াত

ফন্ট সাইজ:

প্রথম আলো

‘সরকারের ওপর চাপ বজায় রেখে ভবিষ্যতের প্রস্তুতিতে জামায়াত’—এটি দৈনিক প্রথম আলোর প্রথম পাতার খবর। প্রতিবেদনে বলা হয়, এখনই বড় কোনো আন্দোলনে যেতে চায় না বাংলাদেশ জামায়াতে ইসলামী। লংমার্চসহ ধারাবাহিক কর্মসূচিতে রাজপথে সক্রিয় থেকে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন এবং জনজীবনের সংকট নিরসনের দাবিতে সরকারের ওপর চাপ বজায় রাখাই আপাতত দলটির কৌশল। এর পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনে শক্তি যাচাই, জনসম্পৃক্ততা বাড়ানো ও সংগঠন শক্তিশালী করার দিকে মনোযোগ দিচ্ছে জামায়াত। ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার উপযোগী নেতৃত্ব ও দক্ষ জনবল তৈরির প্রস্তুতিও চলছে দলটিতে।

জামায়াতের কেন্দ্রীয় কমিটির শীর্ষস্থানীয় কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমান বিএনপি সরকারকে মেয়াদ শেষ করার সুযোগ দেওয়ার পক্ষে তাঁরা। তবে দাবি আদায়ে নিয়মিত কর্মসূচি চালিয়ে যেতে চান। একই সঙ্গে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড ও জনজীবনের সংকট সামনে রেখে রাজনৈতিক চাপ বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাঁদের।

জামায়াত নেতাদের মূল্যায়ন, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিভিন্ন কর্মকাণ্ড সরকারকে রাজনৈতিকভাবে চাপে ফেলছে। এসব কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা নিয়েও প্রশ্ন রয়েছে। তাঁদের ধারণা, জনজীবনের সংকট বাড়তে থাকলে এবং সরকারের প্রতি মানুষের ক্ষোভ তৈরি হলে পরিস্থিতি এমনিতেই বদলে যেতে পারে।

বিভিন্ন সভা-সমাবেশে জামায়াতের নেতারা প্রয়োজনে আন্দোলন কঠোর করার ইঙ্গিত দিচ্ছেন। গত ৩১ অক্টোবর কুষ্টিয়ায় ১১–দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, সাত দফা না মানলে এক দফা অনিবার্য হয়ে উঠবে।

জামায়াতের রাজনৈতিক কৌশল জানতে চাইলে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের প্রথম আলোকে বলেন, বিরোধী দল সরকারের পতন চায় না। গণভোটের রায় বাস্তবায়নসহ অন্যান্য দাবি সরকার মেনে নিক, সেটিই তাঁরা চান।

লংমার্চসহ জনসম্পৃক্ত কর্মসূচি দেখে সরকারের বোধোদয় হবে, এমনটি মনে করেন এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, সরকার বিরোধী দলের দাবিগুলো মেনে না নিলে সাত দফা এক দফায় রূপ নিতে পারে।

জামায়াতে ইসলামী হরতাল, অবরোধ কিংবা জ্বালাও-পোড়াওয়ের মতো কর্মসূচিতে যেতে চায় না বলে জানান জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ একজন নেতা। নাম প্রকাশ না করার শর্তে তিনি প্রথম আলোকে বলেন, তাঁরা মনে করেন, এ ধরনের কর্মসূচি মানুষ ইতিবাচকভাবে নেয় না। বরং জনদুর্ভোগ তৈরি না করে মানুষের বিভিন্ন সমস্যা ও দাবি সামনে রেখে কর্মসূচি চালিয়ে যেতে চান তাঁরা।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ প্রথম আলোকে বলেন, বিরোধী দল সরকারের পতন না চাইলেও মানুষ দ্রুতই সরকারের ওপর আস্থা হারাচ্ছে। তাঁর ভাষ্য, সরকার গণতন্ত্র, সুশাসন, জনগণের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত না করলে জন–অসন্তোষে পড়তে বেশি সময় লাগবে না।

জনজীবনের সংকট সামনে রেখে চাপ

জামায়াতের নেতাদের ধারণা, জনজীবনের সংকট বাড়তে থাকলে এক পর্যায়ে সাধারণ মানুষ রাস্তায় নামতে পারে। তাঁদের মূল্যায়ন, ২০২৪ সালে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন সরকারের দমন-পীড়নের পর ধাপে ধাপে বিস্তৃত হয়ে এক দফার আন্দোলনে রূপ নেয়।

এই রাজনৈতিক হিসাব থেকেই জনজীবনের সংকট সামনে রেখে কর্মসূচি সাজিয়েছে ১১–দলীয় ঐক্য। তাদের সাত দফায় গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানিসংকট নিরসন; নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ; আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি; দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, দখলবাজি ও চাঁদাবাজি বন্ধের দাবি রাখা হয়েছে।

দলীয় সূত্র জানায়, বিভিন্ন কর্মসূচিতে স্থানীয় ও আঞ্চলিক দাবিকেও গুরুত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। জামায়াত নেতাদের ধারণা, মানুষের দৈনন্দিন সমস্যা নিয়ে মাঠে থাকলে সরকারের ওপর চাপ তৈরির পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে দলের যোগাযোগ বাড়বে। এর মধ্য দিয়ে রাজনৈতিক গ্রহণযোগ্যতা বাড়াতে চান তাঁরা।

স্থানীয় নির্বাচনে শক্তি যাচাই

রাজপথের কর্মসূচির পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনকে সাংগঠনিক শক্তি যাচাইয়ের সুযোগ হিসেবে দেখছে জামায়াত। দলটির নেতারা বলছেন, জাতীয় রাজনীতিতে ১১–দলীয় ঐক্য বজায় রাখলেও স্থানীয় নির্বাচনে তাঁরা এককভাবে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বিভিন্ন পর্যায়ে সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের কাজও চলছে।

জামায়াতের নেতারা স্থানীয় নির্বাচনকে শুধু ভোটের প্রতিযোগিতা হিসেবে দেখছেন না। তাঁদের কাছে এটি তৃণমূলের সাংগঠনিক শক্তি যাচাই, সম্ভাব্য নেতৃত্ব বাছাই এবং ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানোরও সুযোগ। জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা নেতাদের পাশাপাশি স্থানীয় পর্যায়ের সম্ভাব্য প্রার্থীদেরও এলাকায় সক্রিয় রাখার চেষ্টা চলছে।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনকে কয়েকটি প্রস্তাবও দিয়েছে জামায়াত। এর মধ্যে রয়েছে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নিযুক্ত প্রশাসক ও উন্নয়ন কর্তৃপক্ষের পদে থাকা ব্যক্তিদের নির্বাচনে অযোগ্য ঘোষণার বিধান যুক্ত করা। কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের পদধারী বা সক্রিয় নেতা-কর্মীদের প্রার্থী হওয়ার সুযোগ বন্ধ করার প্রস্তাবও দিয়েছে দলটি।

সাংগঠনিক প্রস্তুতির অংশ হিসেবে দুর্বল এলাকায় কার্যক্রম বাড়ানো এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে যাওয়ার ওপর জোর দিচ্ছে জামায়াত। দলের দাওয়াতি কার্যক্রমও এর অংশ। দলীয় সূত্র জানায়, দাওয়াতি মাস ঘোষণা করে গত আগস্টে নারীদের মধ্যে এবং সেপ্টেম্বরে পুরুষদের মধ্যে বিশেষ দাওয়াতি কার্যক্রম চালানো হয়েছে। একই সঙ্গে নেতা-কর্মীদের নৈতিক মান উন্নয়ন এবং সাংগঠনিক সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে।

আওয়ামী লীগের প্রত্যাবর্তন নিয়ে হিসাব

জামায়াতের নেতারা মনে করছেন, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের মূলধারার রাজনীতিতে দ্রুত ফিরে আসার সুযোগ কম। তাঁদের ধারণা, জুলাইয়ের আন্দোলন ও পরবর্তী ঘটনাবলির স্মৃতি এখনো মানুষের মধ্যে প্রবল। ফলে এই মুহূর্তে আওয়ামী লীগকে সহজে গ্রহণ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

জামায়াত নেতাদের দাবি, গণ-অভ্যুত্থানের দুই বছর পার হলেও গণহত্যার জন্য আওয়ামী লীগ ক্ষমা চায়নি। তাঁদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, হামলা, বাস ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনাগুলোতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতা রয়েছে। এসব ঘটনা থেকে দলটি নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত নয় বলে মনে করেন তাঁরা।

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের দুঃসহ স্মৃতি এখনো মানুষের মনে জ্বলজ্বল করছে। তাঁরা এত দ্রুত আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে ফিরতে দেবেন না।’

যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট ইউনিভার্সিটিতে ডক্টরাল ফেলো ও রাজনৈতিক বিশ্লেষক আসিফ বিন আলীর মতে, জামায়াতে ইসলামীর জনসমর্থন ও রাজনৈতিক প্রভাব আগের তুলনায় বেড়েছে। তবে দলটির নির্বাচনী সাফল্যকে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির বাইরে গিয়ে মূল্যায়ন করা কঠিন। বিশেষ করে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে জামায়াত একই ফলাফল অর্জন করতে পারত কি না, সেই প্রশ্ন রয়েছে। তাঁর মতে, ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত হলে জামায়াতের রাজনৈতিক অবস্থান কী হবে, সেটিও পর্যবেক্ষণ করা প্রয়োজন।

রাষ্ট্র পরিচালনার দীর্ঘমেয়াদি প্রস্তুতি

রাজপথের কর্মসূচি ও স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় নেতৃত্ব ও দক্ষ জনবল তৈরির ওপরও গুরুত্ব দিচ্ছে জামায়াত। দলের বিভিন্ন পর্যায়ে এ নিয়ে আলোচনা ও পরিকল্পনা চলছে।

জামায়াতের বর্তমান সংসদ সদস্যদের অনেকে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন। সংসদীয় কার্যক্রম, বক্তব্য উপস্থাপন ও নীতিনির্ধারণী বিষয়ে তাঁদের দক্ষতা বাড়াতে কর্মশালার আয়োজন করেছে দলটি। প্রয়োজন অনুযায়ী আরও কর্মশালা করার পরিকল্পনা রয়েছে। জামায়াত ছায়া মন্ত্রিসভা গঠন করে সংসদ সদস্যদের সরকার পরিচালনার উপযোগীও করতে চায়।

এর পাশাপাশি গত সেপ্টেম্বরে জামায়াতের ৩৪ জন সংসদ সদস্য বিদেশ সফরে যান। সফরকারীদের অনেকের সঙ্গে পরিবারের সদস্যরাও ছিলেন। দলের পক্ষ থেকে এই সফরকে অভিজ্ঞতা অর্জন ও দৃষ্টিভঙ্গি প্রসারিত করার উদ্যোগ হিসেবে বর্ণনা করা হয়।

সফরকালে মালয়েশিয়ার সাবেক শিক্ষামন্ত্রী এবং রাজনৈতিক দল কেদিলান রাকাইয়াতের আন্তর্জাতিক-বিষয়ক ব্যুরোর প্রধান মাসজলি মালিকের সঙ্গে জামায়াতের সংসদ সদস্যদের বৈঠক হয়। সেখানে জনপ্রতিনিধিদের স্বচ্ছতা, সততা, জবাবদিহি ও জনগণের কথা শোনার গুরুত্ব নিয়ে আলোচনা হয় বলে মাসজলি মালিকের ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়।

দলীয় সূত্র বলছে, ভবিষ্যতে এমন সফরে সংসদ সদস্যদের পাশাপাশি তরুণ নেতৃত্ব ও ছাত্রসংগঠনের নেতাদেরও যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া দীর্ঘমেয়াদি প্রস্তুতির অংশ হিসেবে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, পররাষ্ট্রনীতি ও প্রশাসনিক সংস্কারের মতো বিষয়ে নীতি প্রণয়নের জন্য স্থায়ী গবেষণাপ্রতিষ্ঠান বা বিশেষজ্ঞ প্যানেল গঠনের আলোচনা চলছে। প্রয়োজন অনুযায়ী পেশাজীবী সংগঠন বৃদ্ধির বিষয়টিও দলটির বিবেচনায় রয়েছে। তবে এসব ক্ষেত্রে তড়িঘড়ি না করে ধাপে ধাপে এগোতে চায় জামায়াত।

জামায়াতের রাজনৈতিক অবস্থানকে সমর্থন করলেও সাংগঠনিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নন, এমন ব্যক্তিদের অভিজ্ঞতা ও জ্ঞান কাজে লাগাতে উপদেষ্টা পরিষদ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। দলীয় নীতিনির্ধারণে পরামর্শ দেবেন এই পরিষদের সদস্যরা। সাবেক আমলা, ব্যবসায়ী, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ ও কূটনৈতিক বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিরা এই পরিষদে থাকতে পারেন।

জামায়াতের কেন্দ্রীয় কমিটির একাধিক নেতা জানান, ভবিষ্যতে সরকার পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। তবে তাঁরা মনে করছেন, রাষ্ট্র পরিচালনার বিভিন্ন স্তরে প্রয়োজনীয় যোগ্য ও দক্ষ জনবলের ঘাটতি রয়েছে। এ ঘাটতি পূরণে পেশাজীবীদের সম্পৃক্ত করা এবং তরুণ নেতৃত্বের দক্ষতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হচ্ছে।

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুর রব মনে করেন, বর্তমান পরিস্থিতিতে জামায়াতের পরিবর্তে অন্য কোনো দল বিরোধী দলে থাকলে হয়তো সরকার হটানোর আন্দোলনে যেত। কিন্তু জামায়াত সেই পথে না গিয়ে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মানুষের মনোভাবকে কাজে লাগিয়ে জনমত গঠনের চেষ্টা করছে। এই কৌশলে দলটি সফলও হতে পারে। সে ক্ষেত্রে ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করাটা অমূলক নয়।

যুগান্তর

দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম ‘নাশকতার মাস্টার প্ল্যান: জড়িতদের ধরতে শুরু হচ্ছে সাঁড়াশি অভিযান’। প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাচ্যুত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রত্যক্ষ মদদে দেশজুড়ে নাশকতা অব্যাহত আছে। গোপালগঞ্জসহ কয়েকটি স্থানে এর তীব্রতা বহুগুণ বেড়েছে। এই চক্রের নেপথ্যে রয়েছেন কয়েকজন সাবেক মন্ত্রী, সংসদ-সদস্য ও শীর্ষ প্রভাবশালী ব্যবসায়ী। সম্প্রতি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঞ্চল্যকর এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ৪ মাস্টারমাইন্ডসহ ২৩ জন শীর্ষ ও মধ্যম সারির নেতাকে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বাহিনীর সংশ্লিষ্ট সূত্র যুগান্তরকে জানায়, দেশের ছয়টি সীমান্ত রুট ব্যবহার করে প্রভাবশালী কয়লা ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে সীমান্ত পেরিয়ে অবৈধ বিস্ফোরক ও অস্ত্র দেশে প্রবেশ করছে। আর নাশকতামূলক ভয়ংকর কর্মকাণ্ড চালাতে অর্থায়ন করছে কিছু পোশাক কারখানা মালিক ও প্রভাবশালী ব্যবসায়ী।

এছাড়া জনমনে আতঙ্ক তৈরি করতে সাম্প্রতিক সময়ে যেসব ককটেল নিক্ষেপ করা হচ্ছে সেগুলো তৈরি হচ্ছে দুর্গম চরাঞ্চলে। অপরদিকে রাজধানীর পাঁচটি বিশেষ স্পট থেকে বিস্ফোরক ও অর্থ সারা দেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে গোয়েন্দারা জানিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী রোববার যুগান্তরকে বলেন, এসব ঘটনার সঙ্গে যারা জড়িত, তারা কেউই পার পাবে না। ইতোমধ্যে বেশকিছু দুষ্কৃতকারীকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে চলমান অভিযান কঠোর থেকে আরও কঠোর হবে।

সূত্র জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা, বিস্ফোরকদ্রব্য সরবরাহ এবং অর্থের জোগান দেওয়ার বিষয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। সুনির্দিষ্ট কয়েকটি স্তরে বিভক্ত হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। নাশকতার মূল পরিকল্পনাকারী বা মাস্টারমাইন্ড থেকে শুরু করে মাঠপর্যায়ের সরবরাহকারী ও অর্থদাতাদের নাম পাওয়া গেছে। নাশকতামূলক কর্মকাণ্ডের মূল ‘মাস্টারমাইন্ড’ হলেন-সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

সূত্র মতে, নাশকতামূলক কর্মকাণ্ডের নেপথ্যে থেকে শীর্ষ পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন আরও ১১ জন। এদের মধ্যে আছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিন, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রণজিত সরকার (সুনামগঞ্জ-১), হাবিবুর রহমান হাবিব (সিলেট-৩), নজরুল ইসলাম বাবু (নারায়ণগঞ্জ-২), মাইনুল হোসেন খান নিখিল (ঢাকা-১৪) এবং মির্জা আজম (জামালপুর-৩)। এছাড়া নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের নামও এই তালিকায় রয়েছে।

নেপথ্যে থাকা মধ্যম পর্যায়ের নেতৃত্বদানকারী হিসাবে আটজনের নাম গোয়েন্দা তালিকায় উঠে এসেছে। তারা হলেন-লিটন চৌধুরী, ইকবাল হোসেন অপু, এমইএস কলেজ ছাত্রলীগের সাবেক নেতা গাজী জাফর উল্লাহ, চট্টগ্রাম-১০ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, ফেনীর সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সদস্য শেখ নওশাদ সরোয়ার পিন্টু, তিতুমীর কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক জাহিদ এবং মাগুরার শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জোয়ারদার স্বর্ণালী।

নাশকতায় অর্থের জোগানদাতা হিসাবে অঞ্চলভিত্তিক কয়েকজন প্রভাবশালী ব্যক্তির গোয়েন্দাদের তালিকায় রয়েছে। ঢাকা মহানগর অঞ্চলে অর্থদাতা ও কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত হিসাবে সাবেক যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট, হাজী সেলিম, জাহাঙ্গীর কবির নানক এবং গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের নাম রয়েছে। নারায়ণগঞ্জ অঞ্চলে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. ইমন মিয়া এবং চট্টগ্রাম অঞ্চলে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর শৈবাল দাস সুমন ও ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের নাম গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর বাইরে সারা দেশে জেলা পর্যায়ের শীর্ষ স্থানীয় নেতারা এবং আওয়ামী লীগ মনোভাবাপন্ন বড় ব্যবসায়ীরা অর্থের জোগান দিচ্ছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

কালের কণ্ঠ

‘আইসিজেতে রায়ের অপেক্ষায় রোহিঙ্গারা’—এটি দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম। প্রতিবেদনে বলা হয়, সাত বছরের বেশি সময় ধরে আইনি লড়াইয়ের পর রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা গাম্বিয়ার মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বৃহস্পতিবার। এই রায়ের জন্য অধীর আগ্রহে আছেন উখিয়া-টেকনাফ ও ভাসানচরে আশ্রিত রোহিঙ্গারা।

রায় রোহিঙ্গাদের পক্ষে এলে নতুন করে নিজ দেশ মিয়ানমারে ফিরে যাওয়ার স্বপ্ন দেখছেন তাঁরা। এই রায় ঘিরে এরই মধ্যে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে চলছে বিশেষ প্রস্তুতি। কেউ রাখছেন রোজা, কেউ করছেন পবিত্র কোরআন খতম, আবার কেউ নফল ইবাদতে সৃষ্টিকর্তার কাছে ন্যায়বিচার প্রার্থনা করছেন।

আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাশা, দীর্ঘদিনের নির্যাতন, নিপীড়ন ও অন্যায়ের যথাযথ বিচার হবে।

আর এই রায়ের মধ্য দিয়ে তাঁদের নিজ দেশে নিরাপদে ফিরে যাওয়ার পথ তৈরি হবে। রোহিঙ্গারা বলছেন, তাঁদের কাছে এটি সাধারণ কোনো মামলার রায় নয়, এর সঙ্গে জড়িত তাঁদের নিজ দেশে ফিরে যাওয়ার অধিকার, নিরাপত্তা, নাগরিকত্ব ও হারানো মর্যাদা ফিরে পাওয়া। একই সঙ্গে গণহত্যার বিচার ও দায়বদ্ধতা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক আইনের কার্যকারিতারও পরীক্ষা।

যে কারণে আন্তর্জাতিক আদালতে মামলা:

মিয়ানমারের রাখাইন রাজ্যে শতবর্ষ ধরে বসবাস করে আসছিলেন রোহিঙ্গা মুসলিমরা। তাঁদের অভিযোগ, দেশটির জান্তা সরকার দীর্ঘকাল ধরে তাঁদের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়ে আসছিল। সর্বশেষ ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর দেশটির সেনাবাহিনীর অভিযান ছিল গণহত্যা। ওই অভিযানে হত্যা, ধর্ষণ ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়। জীবন রক্ষায় ওই সময় অন্তত সাত লাখ ৩০ হাজার রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। সব মিলিয়ে বর্তমানে প্রায় ১৪ লাখ (তবে আরআরআরসি কার্যালয়ের হিসাবে ১২ লাখ) রোহিঙ্গা বাংলাদেশে আশ্রিত।

জাতিসংঘের মিয়ানমারবিষয়ক তথ্যানুসন্ধান মিশনও অভিযানটিকে ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ হিসেবে অভিহিত করেছে। গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে ২০১৯ সালের ১১ নভেম্বর মামলাটি করে গাম্বিয়া। দেশটির অভিযোগ, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে দেশটির সেনাবাহিনীর অভিযান ছিল গণহত্যা। তবে মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে।

১৯ নভেম্বর গণহত্যা মামলার রায়: আইসিজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি বছরের ১২ থেকে ২৯ জানুয়ারি মামলার মূল শুনানি অনুষ্ঠিত হয়। ওই সময় গাম্বিয়ার পক্ষে তিনজন সাক্ষী ও একজন বিশেষজ্ঞ এবং মিয়ানমারের পক্ষে একজন সাক্ষীর বক্তব্য পরীক্ষা করা হয়। শুনানি শেষে জানানো হয়, গাম্বিয়ার করা ঐতিহাসিক মামলাটির রায় আগামী ১৯ নভেম্বর নেদারল্যান্ডসের দ্য হেগে পিস প্যালেসের প্রকাশ্য অধিবেশনে শুরু হবে। আদালতের প্রেসিডেন্ট বিচারক ইওয়াসাওয়া ইউজি রায় পড়ে শোনাবেন। জাতিসংঘের সর্বোচ্চ এই আদালতে মামলাটি ‘গাম্বিয়া বনাম মিয়ানমার’ নামে পরিচিত।

স্বজন হারানোর বেদনা নিয়ে আইসিজেতে সাক্ষ্য: মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের পক্ষে আন্তর্জাতিক বিচার আদালতে সাক্ষ্য দিয়েছেন নির্যাতনের শিকার রোহিঙ্গারাও। তাঁদের বর্ণনায় উঠে এসেছে ২০১৭ সালের সেই ভয়াবহ অভিযানের নির্মমতা ও স্বজন হারানোর বেদনা। আইসিজেতে সাক্ষ্য দেওয়া রোহিঙ্গা ভুক্তভোগীরা জানিয়েছেন, আদালত ক্লোজডোরে তাঁদের বক্তব্য রেকর্ড করেছেন। আদালতে দেওয়া একজন সাক্ষীর পরিবারসহ আত্মীয়-স্বজন মিলে ৫৬ জন সদস্য ২০১৭ সালের হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

তিন সাক্ষী ও চার ভিকটিম ডেলিগেট: বেসরকারি সংস্থা লিগ্যাল অ্যাকশন ওয়ার্ল্ডওয়াইড (এলএডাব্লিউ) কালের কণ্ঠকে জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালতকে সহায়তা দিতে সংস্থাটির সঙ্গে একটি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা সাক্ষী এবং ভিকটিম ডেলিগেট সংস্থাটির দায়িত্বে আদালতে যাওয়া-আসা করবে। সেই অনুযায়ী মোট সাতজন রোহিঙ্গাকে সাক্ষী দিতে নেদারল্যান্ডসের আন্তর্জাতিক অপরাধ আদালতে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে তিনজন সশরীরে আদালতে উপস্থিত হয়ে জবানবন্দি দেন। মামলার শুরুতে ২০১৯ সালে ৩০০ পৃষ্ঠা এবং পরবর্তী সময়ে আরো ৩০০ পৃষ্ঠা মোট ৬০০ পৃষ্ঠা রোহিঙ্গাদের লিখিত সাক্ষ্য গাম্বিয়াকে পৌঁছে দেয় সংস্থাটি। এর মধ্যে ২২ জনের জবানবন্দি ছিল। যখন মিয়ানমার এর বিরুদ্ধে চ্যালেঞ্জ করে, তখন গত জানুয়ারিতে ২২ জনের মধ্যে তিনজনকে সরাসরি জেরা করে তাঁদের বক্তব্য ক্রস চেক করা হয়। সংস্থাটি আরো জানায়, আদালতে তিনজন রোহিঙ্গা সাক্ষী ছাড়াও আরো চারজন ভিকটিম ডেলিগেট হিসেবে উপস্থিত ছিলেন।

ক্যাম্পে ক্যাম্পে রোহিঙ্গাদের প্রার্থনা: আইসিজে আদালতের গণহত্যা মামলার রায় নিয়ে বর্তমানে উখিয়া, টেকনাফ ও ভাসানচরের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে চলছে প্রার্থনা। রোহিঙ্গাদের ঘরে ঘরে রায়ে শুভ সংবাদ ঘোষণার আশায় দোয়া-দরুদ পড়া হচ্ছে। কেউ রোজা রাখছেন, কেউ নফল ইবাদত করছেন।

উখিয়ার কুতুপালং এক নম্বর ক্যাম্পের আব্বাসী নামের এক রোহিঙ্গা নারী কালের কণ্ঠকে বলেন, ‘আগামী ১৯ নভেম্বর আদালতের রায় আল্লাহর রহমতে আমাদের পক্ষে আসবে। এ জন্য আমি রোজা রাখছি।’ একই ক্যাম্পের মৌলভি নুরুজ্জামান নামের এক বৃদ্ধ রোহিঙ্গা বলেন, ‘এই রায় আমাদের দেশে ফিরে যাওয়ার ভাগ্য নির্ধারণী রায়, তাই মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি।’

রোহিঙ্গা সংগঠনের নেতারা যা বলছেন: আন্তর্জাতিক আদালতের রায় নিয়ে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের নির্বাচিত প্রতিনিধিত্বশীল সংগঠন ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) প্রথম সভাপতি সাঈদ উল্লাহ বলেন, ‘আমি আশা করি, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) এই রায় ঐতিহাসিক হবে এবং রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করবে। দীর্ঘ ৯ বছর ধরে আমরা এই চূড়ান্ত রায়ের অপেক্ষায় আছি। এটি আমাদের কাছে কেবল একটি মামলা নয়; বরং বছরের পর বছর ধরে আমাদের জনগোষ্ঠীর ওপর চালানো নির্যাতন, ক্ষয়ক্ষতি ও অবিচারের স্বীকৃতি পাওয়ার লড়াই।’

রোহিঙ্গা কমিটি ফর পিস অ্যান্ড রিপাট্রিয়েশনের (আরসিপিআর) সভাপতি দীল মোহাম্মদ বলেন, ‘আমরা চিরকাল আশ্রিত হিসেবে থাকতে চাই না। রোহিঙ্গাদের ভবিষ্যৎ নির্ধারণে নিজস্ব প্রতিনিধিদের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি সংকটের স্থায়ী সমাধানে বাংলাদেশকেও কার্যকর জাতীয় নীতি গ্রহণ করতে হবে। আমাদের চূড়ান্ত প্রত্যাশা, অধিকার, মর্যাদা ও নাগরিকত্বের স্বীকৃতি নিয়ে নিরাপদে মিয়ানমারে ফিরে যাওয়া।’

আরআরআরসি যা বলেছেন: কক্সবাজারের রোহিঙ্গা প্রশাসনের প্রধান এবং সরকারের অতিরিক্ত সচিব শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মিজানুর রহমান বলেন, ‘আদালতের এ রায় রোহিঙ্গা সংকটকে নতুন করে আন্তর্জাতিক আলোচনার টেবিলে নিয়ে আসবে। এতে রোহিঙ্গাদের নৈতিক অবস্থান আরো শক্তিশালী হবে। মিয়ানমারই যে তাদের নিজ দেশ, সে দাবিও আন্তর্জাতিক পরিসরে আরো জোরালো ভিত্তি পাবে।’

তিনি বলেন, ‘এ রায় শুধু রোহিঙ্গাদের জন্য নয়, বিশ্বের সব নির্যাতিত মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

সমকাল

দৈনিক সমকালের প্রধান শিরোনাম ‘আওয়ামী লীগকে নিয়ে সতর্ক বিএনপি, মাঠে সক্রিয় থাকার নির্দেশ’। প্রতিবেদনে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক থাকতে তৃণমূল পর্যায়ে নির্দেশনা দিয়েছে ক্ষমতাসীন বিএনপি। পাশাপাশি বিজয়ের মাস ডিসেম্বর সামনে রেখে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে দলটি। তবে কোনো পাল্টা কর্মসূচি নিয়ে তারা মাঠে নামবে না।

দলের নেতাকর্মীদের স্থানীয় পর্যায়ে পরিস্থিতির ওপর নজর রাখা, অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য প্রশাসনকে জানানো এবং সামাজিক মাধ্যমে সক্রিয় থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে আইন নিজের হাতে তুলে না নেওয়ার বিষয়েও সতর্ক করা হয়েছে। অপরাধে জড়ালে দলীয় পরিচয়েও ছাড় না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত রয়েছে।

বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। বিএনপির পাশাপাশি ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলও মাসজুড়ে পৃথক কর্মসূচি পালন করবে। এর মাধ্যমে দল ও অঙ্গসংগঠনগুলোকে সাংগঠনিকভাবে চাঙ্গা রাখতে চান শীর্ষ নেতৃত্ব। গতকাল রোববার সংসদ ভবনে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে শীর্ষ নেতাদের প্রায় দুই ঘণ্টার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও পাঁচ যুগ্ম মহাসচিব– শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, খায়রুল কবীর খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, এমরান সালেহ প্রিন্স ও আবদুস সালাম উপস্থিত ছিলেন। এ ছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবরাও বৈঠকে যোগ দেন।

এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সমকালকে জানান, ডিসেম্বরে বিএনপির নেতৃত্বে ঢাকাসহ সারাদেশে এবং ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রদল আলাদাভাবে বিজয় উৎসব করবে। এ ছাড়া আগামী ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নাগরিক সভা অনুষ্ঠিত হবে। এটি কর্মসূচি-সংক্রান্ত কোনো বৈঠক ছিল না বলেও জানান তিনি।

বৈঠক সূত্র জানায়, তারেক রহমান বিএনপি ও অঙ্গসংগঠনগুলোকে পৃথক কর্মসূচি দিয়ে মাঠে থাকার নির্দেশ দিয়েছেন। তবে তা অন্য কারও পাল্টা কর্মসূচি হবে না। অতীতে আওয়ামী লীগ যেভাবে পাড়া-মহল্লায় পাহারা বসিয়ে বিএনপির কর্মসূচি ঠেকাত, তেমন কিছুও করা হবে না। পরিকল্পনা অনুযায়ী বিক্ষোভ মিছিল, শোভাযাত্রা, অবস্থান ও সাংস্কৃতিক কর্মসূচি পালন করা হবে। বিএনপিপন্থি পেশাজীবী সংগঠনগুলো পৃথকভাবে এসব কর্মসূচি ঘোষণা করবে।

বিএনপি নেতাকর্মীরা মনে করছেন, কিছুদিন ধরে গার্মেন্ট শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা শ্রমিকবেশে মাঠে নামেন। তারা আন্দোলনকে সহিংস রূপ দিতে ভূমিকা রাখেন। আন্দোলনের আড়ালে নাশকতা ও ভাঙচুরে জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে কয়েকশ আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে অটোরিকশা শ্রমিক আন্দোলনেও আওয়ামী লীগের নেতাকর্মীরা সম্পৃক্ত হয়ে সহিংসতায় জড়িয়েছিলেন বলে অভিযোগ বিএনপি নেতাদের। এসব বিষয় বিবেচনায় নিয়ে সতর্ক অবস্থানে থাকতে দলের শীর্ষ পর্যায় থেকে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতা জানান, ক্ষমতায় আসার পর থেকেই বিএনপি সহনশীল রাজনীতির চর্চায় মনোযোগী হয়েছে। তবে সেটিকে দুর্বলতা মনে করছে কোনো কোনো মহল। এ জন্য দেশের স্বার্থে ও জনগণের নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যেমন কঠোর হতে বলা হয়েছে, তেমনি দলের নেতাকর্মীদেরও মাঠে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

নেতারা বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। এটি সামনে রেখে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা সক্রিয় ও সহিংস হয়ে উঠতে পারেন। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে নানা অঘটন ঘটাতে পারেন। এ ধরনের পরিস্থিতি এড়াতে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীকে সতর্ক থাকতে বলা হয়েছে। দলের প্রতিটি সাংগঠনিক ইউনিটকে মাঠে থাকার বার্তা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে শুধু আওয়ামী লীগের নেতাকর্মী নন, তাদের বিভিন্নভাবে সহায়তাকারী, তাদের পক্ষে কাজ করছেন বা ইন্ধন দিচ্ছেন– এমন ব্যক্তিদেরও চিহ্নিত করা হচ্ছে।

জানা গেছে, গত মঙ্গলবার থেকে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সর্বোচ্চ পর্যায় থেকে যোগাযোগ শুরু করা হয়েছে। প্রতিটি ইউনিট কমিটির নেতাকর্মীদের সক্রিয় করার নির্দেশনা দেওয়া হয়েছে। মাঠে থাকার পাশাপাশি সামাজিক মাধ্যমে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের বার্তাও দেওয়া হয়েছে। বিশেষ করে জাতীয় ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ যে কোনো চলমান ইস্যুতে সামাজিক মাধ্যমে সক্রিয় থাকতে বলা হয়েছে। এ ক্ষেত্রে কেউ ইচ্ছাকৃতভাবে দায়িত্ব পালনে নিষ্ক্রিয় থাকলে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়টিও জানানো হয়েছে।

দলের হাইকমান্ডের এক নির্দেশনায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ নেতাকর্মীদের উদ্দেশে বলা হয়েছে, ‘আমাদের পক্ষ থেকে চলমান বিভিন্ন ইস্যুতে যেসব সংবাদ, তথ্য, বিবৃতি কিংবা প্রয়োজনীয় লিংক শেয়ার করা হবে, সেগুলো যাচাই-বাছাই করে নিজ নিজ সামাজিক মাধ্যমে শেয়ার করবেন। একই সঙ্গে গঠনমূলক মতামত ও দায়িত্বশীল বক্তব্যের মাধ্যমে জনমত গঠনে ভূমিকা রাখবেন।’

নির্দেশনায় বলা হয়েছে, বর্তমান সময়ে সামাজিক মাধ্যমও রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। তাই প্রত্যেককে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্বশীলতা ও সক্রিয়তার পরিচয় দিতে হবে।

ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ফারুক হোসেন সমকালকে বলেন, তাদের সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে দলের সর্বোচ্চ পর্যায় থেকে যোগাযোগ করে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, আগামী ডিসেম্বর সামনে রেখে পতিত আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীরা দেশের রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালাতে পারে– এমন আশঙ্কার পরিপ্রেক্ষিতে দলীয়ভাবে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।

ফারুক হোসেন আরও বলেন, প্রত্যেক নেতাকর্মীকে নিজ নিজ এলাকায় সক্রিয় থাকতে বলা হয়েছে, যাতে কোনো আওয়ামী লীগ নেতাকর্মী অপকর্ম করলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়। আবার সংগঠনের জেলা পর্যায়ের নেতাকর্মীদের আওয়ামী লীগের নেতাকর্মীদের বিষয়ে খোঁজ নিতে বলা হয়েছে। যারা এলাকা ত্যাগ করে ছদ্মবেশে ঢাকায় অবস্থান নিয়ে বিভিন্ন নাশকতা করছে, তাদের তথ্য দিয়ে সহায়তা করতে বলা হয়েছে।

ইত্তেফাক

‘শ্রমিক অসন্তোষে বন্ধ রাখতে হয়েছে অর্ধশতাধিক কারখানা’—এটি দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম। প্রতিবেদনে বলা হয়, শ্রমিক অসন্তোষে কারখানা অনির্দিষ্টকাল বন্ধ রাখার ঘোষণার পরেও গতকাল রবিবার সাভার, আশুলিয়া ও গাজীপুরে বিক্ষোভ হয়েছে। মজুরি বৃদ্ধির দাবিতে প্রায় তিন সপ্তাহ ধরে তৈরি পোশাকশিল্প এলাকাগুলোতে শ্রমিকদের বিক্ষোভ ও আন্দোলন চলছে। সরকার মজুরি বোর্ড গঠনের পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও অনেক মালিক এখনো অনেক কারখানা চালু করতে পারেননি। উদ্ভূত পরিস্থিতিতে কিছু কারখানা বন্ধ রয়েছে। আবার কোথাও কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় উত্পাদন কার্যক্রম চলছে। শনিবার তৈরি পোশাকশিল্প মালিকরা জরুরি বৈঠক করে জানিয়েছিলেন চলমান শ্রমিক অসন্তোষের কারণে যেসব মালিক কারখানা চালাতে পারছেন না, তারা শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী রবিবার থেকে কারখানা বন্ধ রাখবেন। অর্থাত্ ‘কাজ নেই তো বেতন নেই’ এই ধারায় বন্ধ রাখার ঘোষণা দেন তারা।

গাজীপুর প্রতিনিধি জানান, অব্যাহত শ্রমিক অসন্তোষের কারণে অনির্দিষ্টকালের জন্য ১৩টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া একই কারণে রবিবারের জন্য পাঁচটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের ন্যূনতম মজুরির দাবিতে চলমান আন্দোলন, ভাঙচুর ও বিশৃঙ্খলার আশঙ্কায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চন্দ্রা এলাকায় অবস্থিত ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এই কারখানায় কয়েক হাজার শ্রমিক কাজ করেন। রবিবার থেকে কারখানাটির সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বন্ধ ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে রয়েছে কালিয়াকৈরের চন্দ্রা-পল্লী বিদ্যুত্ এলাকার ইকোটেক্স লিমিটেড, আহসান কম্পোজিট ও এপেক্স হোল্ডিং লিমিটেড এবং মৌচাক এলাকার মোয়াজউদ্দিন টেক্সটাইল লিমিটেড।

কারখানার পক্ষ থেকে জারি করা এক নোটিশে এ ঘোষণা দেওয়া হয়। নোটিশে বলা হয়, ন্যূনতম মজুরির দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের কারণে কারখানার উত্পাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ন্যূনতম মজুরি অনুমোদন, প্রকাশ ও বাস্তবায়নের বিষয়ে সরকার ও বিজিএমইএর পক্ষ থেকে পরিষ্কারভাবে জানানোর পরও বহিরাগত শ্রমিকদের অসন্তোষ ধ্বংসাত্মক রূপ নেয়। বিক্ষুব্ধ ব্যক্তিরা কারখানার ভেতরে প্রবেশ করে ভাঙচুর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালান। এতে কারখানার ব্যাপক ক্ষতি হয়। শ্রমিক ও কর্মকর্তারা আহত হন। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী ১৫ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন বলেন, শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরে ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া আজকের (রবিবার) জন্য পাঁচটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

এদিকে রবিবার সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। সকাল সাড়ে আটটার দিকে শুরু হওয়া ঐ বিক্ষোভের খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। একপর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

অন্যদিকে সকাল ৯টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা বিক্ষোভ মিছিল করেন। একপর্যায়ে তারা হাইড্রো অক্সাইড কারখানার সামনে অবস্থান নেন এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দেন। এতে সেখানে আর কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন বলেন, শ্রমিকেরা সকালে পৃথক একটি স্থানে জড়ো হওয়ার চেষ্টা করেছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্পরতায় তারা সফল হতে পারেননি। শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ প্রতিটি পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।

নয়া দিগন্ত

দৈনিক নয়া দিগন্তের প্রধান শিরোনাম ‘গোপালগঞ্জে লগি-বৈঠার তাণ্ডব’। প্রতিবেদনে বলা হয়, গোপালগঞ্জে লগি-বৈঠা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ ও মহড়া চালিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গতকাল সকাল থেকে বেলা পৌনে ২টা পর্যন্ত শহরের বিভিন্ন সড়কে চলা এসব কর্মসূচিতে বিএনপি কার্যালয়, জুলাই স্মৃতিস্তম্ভ, শহীদ ওসমান হাদি চত্বর, পুলিশের সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্সে ভাঙচুরের ঘটনা ঘটে। আগের রাতে টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয় এবং কয়েকটি দোকানে আগুন দেয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার জেলায় ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করেছে। একই সাথে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) প্রত্যাহার করে নতুন কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে সরকার।

গতকাল গোপালগঞ্জ শহরে এসব ঘটনা ঘটে। স্থানীয় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কয়েকটি মিছিল নিয়ে শহরে প্রবেশ করেন। তাদের হাতে দেশীয় অস্ত্রের পাশাপাশি অনেকের মাথায় হেলমেটও দেখা যায়। মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেয়া হয়। এ সময় শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। এতে গোপালগঞ্জ-পাটগাতী সড়কে বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে।

জানা গেছে, রোববার সকাল ৮টা থেকে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়ায় জড়ো হতে থাকেন। সেখানে পৌর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খানের বাড়িতে তাদের খাবারের ব্যবস্থা করা হয়। পরে তারা গাবতলা মোড়ে যান। সেখান থেকে সালাউদ্দিনের নেতৃত্বে একটি মিছিল বিসিক ব্রিজ হয়ে শহরে প্রবেশ করে। অন্যদিকে ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সামিউল হকের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়। শহরের মিয়া ও নবীনবাগ এলাকা থেকেও সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বে মিছিল বের করা হয়। মিছিলগুলো পুরনো লঞ্চঘাট সেতুর কাছে মিলিত হয়ে ব্যাংকপাড়ায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে যায়। দীর্ঘদিন বন্ধ থাকা কার্যালয়ের তালা খুলে সেখানে নেতাকর্মীরা স্লোগান দেন।

গোপালগঞ্জ প্রতিনিধি জানান, মিছিল চলাকালে গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর করা হয়। গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক মুছে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা ব্যানার টাঙানো হয়। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের হাদি চত্বরের নামফলকও ভেঙে সেখানে নতুন নামফলক লাগানো হয়। পরে পুরনো লঞ্চঘাট, সরকারি কলেজ ও প্রেস ক্লাবের সামনের সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন বিক্ষোভকারীরা।

এ সময় পুলিশের একটি সাঁজোয়া যানের ওপর উঠে নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা যায়। একপর্যায়ে তারা এপিসির পেছনের লুকিং গ্লাস ও পুলিশ বক্সের কাচ ভাঙচুর করেন। এপিসির গায়ে ‘জয় বাংলা’ লিখে দেন। শহরের বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভও করেন তারা। এতে শহরজুড়ে অচলাবস্থা ও আতঙ্ক তৈরি হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এর আগে শনিবার রাত ৮টার দিকে টুঙ্গিপাড়ার খালেক বাজার এলাকায় কয়েকটি দোকানে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে কুশলী ইউনিয়ন বিএনপির কার্যালয় ও আশপাশের কয়েকটি দোকানে আগুন দেয়া হয়। নিলফা বাজারে বিএনপির কার্যালয়েও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এসব ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেন টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন মোল্লা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় শনিবার থেকে তিন প্লাটুন বিজিবি মোতায়েন ছিল। রোববার আরো তিন প্লাটুন যুক্ত করায় মোট ছয় প্লাটুন বা প্রায় ১৫০ জন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। স্থানীয় সার্কিট হাউজে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে বিজিবির যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান এ তথ্য জানান। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দায়িত্ব পালন করছে। সাধারণ মানুষের জানমাল ও সরকারি সম্পত্তির ওপর কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

বণিক বার্তা

‘শীতের আগেই বিদ্যুৎ উৎপাদন নেমেছে ৯ হাজার মেগাওয়াটে’—এটি দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম। খবরে বলা হয়, গরমের মৌসুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কমতে শুরু করেছে বিদ্যুতের চাহিদা। শীত পুরোপুরি জেঁকে বসার আগেই গত দুইদিনে ভোরের দিকে কোনো কোনো ঘণ্টায় বিদ্যুতের সরবরাহ নেমে এসেছে ৯ হাজার মেগাওয়াটের ঘরে। অথচ এক মাস আগেও রাতের শেষভাগে এ চাহিদা ছিল প্রায় ১৪ হাজার মেগাওয়াট। বর্তমানে দৈনিক গড় বিদ্যুৎ সরবরাহ কমে দাঁড়িয়েছে ১১ হাজার মেগাওয়াটের কিছু বেশিতে, যা এক মাস আগেও ছিল ১৫ থেকে সাড়ে ১৫ হাজার। শীত বাড়লে চাহিদা আরো কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চাহিদার সঙ্গে সামঞ্জস্য রাখতে এরই মধ্যে জ্বালানি তেলভিত্তিক ব্যয়বহুল বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন কমিয়ে এনেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। বতর্মানে দিনের বেলায় এসব কেন্দ্রের এক-দেড় হাজার মেগাওয়াট পর্যন্ত সক্ষমতা ব্যবহার হচ্ছে। আবার মধ্যরাতে কিংবা রাতের শেষভাগে একেবারেই ব্যবহার হচ্ছে না।

সংশ্লিষ্টরা অবশ্য জানান, শীত মৌসুমে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু হওয়ায় জ্বালানি তেলভিত্তিক কেন্দ্রগুলো পুরোপুরি বন্ধ রাখার সুযোগ নেই। ফলে চাহিদা কমলেও বিদ্যুৎ উৎপাদন ব্যয় ও কেন্দ্র ভাড়ার বোঝা থেকে পুরোপুরি স্বস্তি মিলছে না বিপিডিবির।

বিদ্যুৎ উৎপাদন, সরবরাহ ও চাহিদার তথ্য বিশ্লেষণে দেখা গেছে, জাতীয় গ্রিডে গতকাল সকাল ৬টায় বিদ্যুৎ সরবরাহ ছিল ৯ হাজার ৭০০ মেগাওয়াট। বিকাল ৫টায় তা বেড়ে দাঁড়ায় ১২ হাজার ২০০ মেগাওয়াটে। আগের দিন অর্থাৎ শনিবার ভোর ৫টায় বিদ্যুৎ সরবরাহ ছিল ৯ হাজার ৬৪ মেগাওয়াট। ওইদিন বিকাল ৫টায় সরবরাহ হয় ১১ হাজার ৪৪৮ মেগাওয়াট বিদ্যুৎ। বিপিডিবির হিসাব অনুযায়ী, গতকাল দিনে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ছিল ১১ হাজার ৭৭ ও সন্ধ্যায় সর্বোচ্চ ১৩ হাজার ৫৬৪ মেগাওয়াট।

কেন্দ্রগুলোয় বিদ্যুৎ উৎপাদনের পর জাতীয় গ্রিডে সরবরাহের দায়িত্বে রয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি। সংস্থাটির তথ্য অনুযায়ী, শনিবার মধ্যরাত ১টা থেকে গতকাল বিকাল ৫টা পর্যন্ত ১৭ ঘণ্টায় বিদ্যুতের গড় সরবরাহ ছিল ১১ হাজার মেগাওয়াটের কিছু বেশি। অথচ এক মাস আগেও একই সময়ে ছিল গড়ে ১৫ হাজার থেকে সাড়ে ১৫ হাজার মেগাওয়াট।

বিপিডিবির কর্মকর্তাদের ভাষ্য, শীতের প্রভাবে এরই মধ্যে বিদ্যুতের চাহিদা দুই-তিন হাজার মেগাওয়াট কমেছে। সামনে এ নিম্নগামিতা আরো বাড়বে। সাধারণত শীত মৌসুমে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ও বৈদ্যুতিক পাখার ব্যবহার কমে যায়। ফলে বিদ্যুতের চাহিদার বড় একটি অংশ, যা ‘কুলিং লোড’ হিসেবে পরিচিত তা কমে আসে।

জানতে চাইলে বিপিডিবির সদস্য (উৎপাদন) মো. জহরুল ইসলাম বণিক বার্তাকে বলেন, ‘বিদ্যুতের চাহিদা কমে যাওয়ার কারণ মূলত গ্রামাঞ্চলে শীত শুরু হয়েছে। বিদ্যুৎ ব্যবহার কম হচ্ছে। বিশেষ করে ফ্যানের ব্যবহার কমে যাওয়ায় বিদ্যুতের চাহিদাও কমে গেছে। রাজধানীতেও শীতের মৌসুম শুরু না হতেই অনেকে এসি কিংবা ফ্যানের ব্যবহার কমিয়েছেন। এটাও বিদ্যুৎ চাহিদা কমে যাওয়ার বড় কারণ।’

তবে বিদ্যুৎ চাহিদা কমার পেছনে শিল্প-কারখানায় উৎপাদন কমে যাওয়ার প্রভাবও থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টদের কেউ কেউ। তাদের ভাষ্য, রাজধানীসহ বিভিন্ন এলাকায় পোশাক কারখানা বন্ধ থাকায় শিল্প খাতে বিদ্যুৎ ব্যবহার কমেছে। গ্যাস সংকটের সময় অনেক শিল্পপ্রতিষ্ঠান বিকল্প হিসেবে গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করে। সম্প্রতি পোশাক শ্রমিকদের অসন্তোষের কারণে বেশকিছু কারখানা বন্ধ থাকায় বিদ্যুৎ চাহিদায় এর প্রভাব পড়তে পারে বলে মনে করেন তারা।

বিপিডিবির কর্মকর্তারা যদিও বলছেন, শিল্প-কারখানা বন্ধ থাকার কারণে বিদ্যুৎ চাহিদায় বড় ধরনের পরিবর্তন হওয়ার কথা নয়। শীতের আগমন এবং ফ্যান ও এসির ব্যবহার কমে যাওয়াই চাহিদা কমার প্রধান কারণ।

গতকাল বিকাল ৫টার বিদ্যুৎ সরবরাহের হিসাব বিশ্লেষণে দেখা গেছে, ওই সময় গ্রিডে মোট বিদ্যুৎ সরবরাহ ছিল ১২ হাজার ২০০ মেগাওয়াট। এর মধ্যে গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে এসেছে ৪ হাজার ৫৪৭ ও কয়লাভিত্তিক কেন্দ্র থেকে ৪ হাজার ৩৪৮ মেগাওয়াট। জ্বালানি তেলভিত্তিক কেন্দ্রের উৎপাদন ছিল ১ হাজার ৩৩২ মেগাওয়াট। এছাড়া ভারত থেকে জিটুজি চুক্তির আওতায় ১ হাজার ২৪, আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে ৮৬৪ ও নেপাল থেকে ৩৮ মেগাওয়াট বিদ্যুৎ এসেছে। হাইড্রো ও সৌরবিদ্যুৎ মিলিয়ে সরবরাহ ছিল ৪৫ মেগাওয়াট।

বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিমও বিদ্যুতের চাহিদা কমার পেছনে কুলিং লোড হ্রাসকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন। বণিক বার্তাকে তিনি বলেন, ‘এসি ও ফ্যানের ব্যবহার কমার কারণে বিদ্যুতের চাহিদা কমেছে, এর বাইরে অন্য কিছু না। এরই মধ্যে ঢাকার বাইরে শীত মৌসুম শুরু হয়েছে। ফলে সারা দেশে ফ্যানের ব্যবহার কমে গেছে। বিদ্যুতের চাহিদা কমার এটাই বড় কারণ।’

চাহিদা কমে যাওয়ায় সাধারণত প্রথমেই উৎপাদন কমানো হয় জ্বালানি তেলভিত্তিক ব্যয়বহুল বিদ্যুৎ কেন্দ্রগুলোয়। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। তবে শীত মৌসুমে কয়লাভিত্তিক কেন্দ্রগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু হওয়ায় সেগুলো পুরোপুরি বন্ধ করা সম্ভব নয় বলে জানান সংশ্লিষ্টরা।

এ বিষয়ে বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম বলেন, ‘জ্বালানি তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো পুরোপুরি বন্ধ হয়ে যাবে, বিষয়টি এমন নয়। শীত মৌসুমে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর রক্ষণাবেক্ষণ শুরু হয়। এরই মধ্যে বড় তিনটি কেন্দ্রের তিনটি ইউনিট রক্ষণাবেক্ষণে রয়েছে। আগামী ফেব্রুয়ারির মধ্যে পর্যায়ক্রমে অন্যান্য কয়লাভিত্তিক কেন্দ্রও রক্ষণাবেক্ষণে যাবে। ফলে বড় সক্ষমতার কিছু ইউনিট গ্রিড থেকে সরিয়ে নিতে হলে চাহিদার ভারসাম্য বজায় রাখতে জ্বালানি তেলভিত্তিক কেন্দ্র চালু রাখতেই হবে।’

বিদ্যুৎ খাতসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের মোট স্থাপিত সক্ষমতা সাড়ে ২৯ হাজার মেগাওয়াটের কিছু বেশি। চলতি বছরের গ্রীষ্ম মৌসুমে সর্বোচ্চ উৎপাদন ১৭ হাজার মেগাওয়াট ছাড়িয়েছিল। ফলে ওই সময়ও সক্ষমতার বড় একটি অংশ, অর্থাৎ ১২ হাজার মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনের বাইরে রাখতে হয়েছিল বিপিডিবিকে। শীত মৌসুমে চাহিদা আরো কমে গেলে মোট সক্ষমতার প্রায় দুই-তৃতীয়াংশ কেন্দ্রই বসিয়ে রাখতে হবে।

বিদ্যুৎ উৎপাদন না করলেও কেন্দ্রগুলোর বিপরীতে নিয়মিত ক্যাপাসিটি চার্জ বা কেন্দ্র ভাড়া পরিশোধ করতে হয় বিপিডিবিকে। অর্থাৎ শীতের কারণে বিদ্যুতের চাহিদা ও উৎপাদন কমলেও এ খাতের ব্যয় একই অনুপাতে কমার সুযোগ নেই। বরং অব্যবহৃত সক্ষমতার বিপরীতে কেন্দ্র ভাড়া পরিশোধের আর্থিক চাপ বহাল থাকবে বলে জানান খাতসংশ্লিষ্টরা।

আজকের পত্রিকা

দৈনিক আজকের পত্রিকার প্রথম পাতার খবর ‘গ্যাস বিদ্যুৎ সারে ভর্তুকিতে বাজেট ব্যবস্থাপনায় চাপ’। প্রতিবেদেন বলা হয়, বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানায় গ্যাস সরবরাহ এবং কৃষকের কাছে সাশ্রয়ী দামে সার পৌঁছে দিতে সরকারের ভর্তুকি ব্যয় অস্বাভাবিক বেড়ে গেছে। এই তিন খাতের ভর্তুকি মেটাতে বাজেটে সারা বছরের জন্য যে বরাদ্দ ছিল, সাড়ে চার মাসেই ব্যয় হয়ে গেছে তার প্রায় ৮৬ শতাংশ।

এই অবস্থায় সরকারকে একদিকে উৎপাদন ও সরবরাহব্যবস্থা সচল রাখতে হচ্ছে, অন্যদিকে বাড়তি অর্থের সংস্থান করতে হচ্ছে। কিন্তু চাইলেই বাড়তি অর্থ জোগাড় করা কঠিন। এই অবস্থায় বাজেট ব্যবস্থাপনা বেশ চাপে পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, মধ্যপ্রাচ্যের সংকটের দ্রুত সমাধান না হলে বিদ্যুৎ, জ্বালানি, কৃষিসহ বিভিন্ন খাতে ভর্তুকির বাড়তি চাহিদা বাজেট ব্যবস্থাপনাকে চাপে ফেলবে। এই পরিস্থিতিতে অতিরিক্ত অর্থের সংস্থান করতে সংশোধিত বাজেটে বরাদ্দ পুনর্বিন্যাস করতে হতে পারে। এতে রাজস্ব আয়, সরকারি ঋণ ও উন্নয়ন ব্যয়ও প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১৫ নভেম্বর পর্যন্ত প্রথম সাড়ে চার মাসেই বিদ্যুৎ, এলএনজি ও কৃষি খাতে ভর্তুকি বাবদ ছাড় হয়েছে ৫১ হাজার ৮০০ কোটি টাকা। এসব খাতে বাজেটে প্রাথমিক বরাদ্দ ছিল ৬০ হাজার ৫০০ কোটি টাকা। অর্থাৎ ভর্তুকি চাহিদা এত বেশি ছিল যে অর্থ মন্ত্রণালয় কঠোর হওয়া সত্ত্বেও অর্থবছরের সাড়ে সাত মাস বাকি থাকতেই এরই মধ্যে বরাদ্দের ৮৫ দশমিক ৬ শতাংশ অর্থ ছাড় করতে বাধ্য হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই পরিস্থিতিতে সরকারের সীমাহীন ব্যয় এবং সীমিত আয় থেকে বাকি সময়ের ভর্তুকি চাহিদা কীভাবে সামলাবেন, বাজেট ব্যবস্থাপনায় সেটিই এখন বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এলএনজি আমদানিতেই ব্যয় বরাদ্দের প্রায় তিন গুণ

সবচেয়ে বেশি চাপ তৈরি হয়েছে জ্বালানি আমদানিতে। এলএনজি কিনতে চলতি বাজেটে ৬ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হলেও গত ১০ নভেম্বর পর্যন্ত ছাড় হয়েছে ১৯ হাজার ৩০০ কোটি টাকা। অর্থাৎ বরাদ্দের প্রায় তিন গুণ বা ১২ হাজার ৮০০ কোটি টাকা এরই মধ্যে বেশি ব্যয় হয়ে গেছে।

অতিরিক্ত ভর্তুকি চাহিদার বিষয়ে জানতে চাইলে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং সরবরাহের অনিশ্চয়তা এই ব্যয়ের প্রধান কারণ। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিঘ্ন এবং দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় সরবরাহ ব্যাহত হওয়ায় বাংলাদেশকে স্পট মার্কেট থেকে বেশি দামে এলএনজি কিনতে হচ্ছে। ইরান যুদ্ধের আগে স্পট মার্কেটে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ১১ থেকে ১২ ডলার থাকলেও চলতি বছরের মাঝামাঝি তা ৩০ ডলারে ওঠে। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ২০ ডলার হলে আমদানি করা গ্যাসের প্রতি ঘনমিটারে ৬০ টাকার বেশি ভর্তুকি দিতে হয়। দাম আরও বাড়লে সরকারের ব্যয়ও বাড়ে।

কর্মকর্তাদের দাবি, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে পুরো অর্থবছরে শুধু এলএনজি খাতেই মূল বরাদ্দের বাইরে অতিরিক্ত প্রায় ৪১ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে।

বিদ্যুৎ উৎপাদনের ব্যয়ও বাড়ছে

বিদ্যুৎ খাতেও বাজেটের বরাদ্দের তুলনায় চাহিদা অনেক বেশি। চলতি অর্থবছরে মোট ৩৭ হাজার কোটি টাকা ভর্তুকি বরাদ্দের বিপরীতে সাড়ে চার মাসে ছাড় হয়েছে ২০ হাজার ১০০ কোটি টাকা। তবে পুরো অর্থবছরের জন্য বিদ্যুৎ বিভাগ আগেই ৫৯ হাজার ১৪৫ কোটি টাকার চাহিদা দিয়ে রেখেছে। এর মধ্যে বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীদের (আইপিপি) বিল পরিশোধে ৪৫ হাজার ৪০ কোটি টাকা প্রয়োজন হবে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। বিদ্যুৎ বিভাগের হিসাবে, এ খাতে পুরো অর্থবছরে শেষ পর্যন্ত ভর্তুকির প্রয়োজন ৫০ হাজার কোটি টাকা পর্যন্ত পৌঁছাতে পারে।মানচিত্র দেখুন

এর পেছনে রয়েছে বিদ্যুৎ কেনা ও বিক্রির দামের ব্যবধান। বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে চুক্তি অনুযায়ী নির্ধারিত দামে বিদ্যুৎ কিনে বিপিডিবি তা সরকারনির্ধারিত কম দামে বিতরণ কোম্পানির কাছে বিক্রি করে। উৎপাদন ও ক্রয়মূল্যের সঙ্গে বিক্রয়মূল্যের ব্যবধান ভর্তুকি দিয়ে পূরণ করতে হয় সরকারকে। ফলে জ্বালানির দাম বাড়লে বিদ্যুৎ উৎপাদনের ব্যয় বাড়ে, যার বড় অংশ শেষ পর্যন্ত সরকারি কোষাগার থেকে মেটাতে হয়।

সারে আমদানিনির্ভরতা বাড়াচ্ছে চাপ

গ্যাস-বিদ্যুতের পাশাপাশি কৃষি উৎপাদন সচল রাখতেও বড় অঙ্কের ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে। চলতি অর্থবছরে কৃষি খাতে ১৭ হাজার কোটি টাকা বরাদ্দের বিপরীতে প্রথম সাড়ে চার মাসেই ছাড় হয়েছে ১২ হাজার ৪০০ কোটি টাকা। কৃষকের উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণে রাখতে সার, বীজ ও সেচে এই সহায়তা দেওয়া হয়। বিশেষ করে আমদানি করা সারের ক্রয়মূল্য এবং কৃষকের কাছে সরকারনির্ধারিত বিক্রয়মূল্যের ব্যবধান ভর্তুকি দিয়ে পূরণ করতে হয়।

দেশে রাসায়নিক সারের চাহিদা ও উৎপাদন সক্ষমতার বড় ব্যবধানও এই খাতের ব্যয় বাড়াচ্ছে। ২০২৬-২৭ অর্থবছরে দেশে সারের মোট চাহিদা ধরা হয়েছে ৫৮ লাখ ৫ হাজার টন। বিপরীতে দেশীয় উৎপাদন সক্ষমতা মাত্র ১২ লাখ টন। ফলে চাহিদা পূরণে বিদেশ থেকে ৪৬ লাখ ৫ হাজার টন সার আমদানি করতে হবে। আন্তর্জাতিক বাজারে সারের দাম ও পরিবহন ব্যয় বাড়লে এই আমদানির জন্য সরকারের ব্যয়ও বেড়ে যায়।

কৃষিসচিব মো. সেলিম খান আজকের পত্রিকাকে বলেন, দেশের কৃষিতে সাধারণত জুন থেকে ডিসেম্বর পর্যন্ত উৎপাদনের ভরা মৌসুম। এ সময়ে বোরো, আউশ ও আমন ধান ঘরে ওঠে, পাশাপাশি রবিশস্যের চাষাবাদ শুরু হয়। ফলে সারসহ কৃষির অন্যান্য উপকরণের চাহিদা বাড়ে, যার প্রভাব পড়ে ভর্তুকির ওপর। ডিসেম্বরের পর এই চাহিদা তেমন থাকে না। তবে পরিস্থিতির পরিবর্তনে অতিরিক্ত ভর্তুকির প্রয়োজন হলে সংশোধিত বাজেটে তা চাওয়া হবে।

দেশ রূপান্তর

‘নভেম্বর-ডিসেম্বরজুড়ে নাশকতার ছক’—এটি দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম। খবরে বলা হয়, চলতি নভেম্বর ও ডিসেম্বর মাসজুড়ে নাশকতার পরিকল্পনা হাতে নিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে দেশ-বিদেশে পলাতক নেতাকর্মীরা জড়িত। এই দুই মাস টানা সহিংস কর্মসূচি দিয়ে সরকারকে অস্থির করাই তাদের মূল লক্ষ্য। কর্মসূচির আড়ালে যেখানে যতটুকু সম্ভব রাজপথে সক্রিয় হয়ে ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ করা ছাড়াও গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতামূলক কর্মকা- চালানোর ছকও চূড়ান্ত করা হয়েছে। এমন আশঙ্কা বাংলাদেশের গোয়েন্দা সংস্থার। তবে এসব তৎপরতা ঠেকাতে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরাও তৎপর হয়ে উঠেছেন। পুলিশের বিভিন্ন পর্যায়ে সতর্কবার্তা পাঠানো হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগ নেতাকর্মীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান ও তল্লাশি জোরদার করা হচ্ছে। মূলত আওয়ামী লীগ নেতারা ফেসবুকসহ অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করেই তারা তাদের তৎপরতা চালাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যম, গ্রুপ ও অনলাইনে নজরদারি বাড়িয়েছে। আইজিপি কর্মকর্তাদের এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। এরই অংশ হিসেবে দেশের সব সীমান্ত জেলায় পুলিশকে নজরদারি বাড়ানোর জন্য বলা হয়েছে।

গ্রেপ্তার নেতাকর্মীদের জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের বরাত দিয়ে গোয়েন্দা সূত্র বলছে, পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে আগামী দেড় মাস লকডাউন, ঝটিকা মিছিল ও সর্বাত্মক অবস্থানসহ নানা কর্মসূচি নিয়ে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছে তার কর্মী কমর্থকরা। বিদেশে পলাতক নেতারা সামাজিক মাধ্যম ব্যবহার করে নির্দেশনা দিচ্ছেন এবং দেশে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের তা বাস্তবায়নের তাগিদ দিচ্ছেন। জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্য প্রতিবেদন আকারে সরকারের উচ্চপর্যায়ে জানানো হয়েছে। বলা হয়েছে, গোপন নেটওয়ার্কের মাধ্যমে নাশকতার পরিকল্পনা ও সমন্বয় চলছে। রাষ্ট্রীয় শৃঙ্খলা বিনষ্ট, জনমনে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা সৃষ্টি এবং সর্বোপরি সরকারকে রাজনৈতিক চাপে ফেলতেই এ তৎপরতা চালানো হচ্ছে। নাশকতার পরিকল্পনাকারীদের তালিকা তৈরি করেছে পুলিশ সদর দপ্তর, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও গোয়েন্দা সংস্থাগুলো। অর্থ জোগানদাতা অনেকের নামও গোয়েন্দ সংস্থার হাতে এসেছে, তারা এগুলো নিয়ে কাজ করছে। উসকানিদাতাসহ তালিকাভুক্ত বেশ কয়েকজন এখন পুলিশের কব্জায়। অনেকেই নজরদারিতে রয়েছেন।

কথা হয় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) কামারুম মুনিরার সঙ্গে। তিনি দেশ রূপান্তরকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা পুলিশের প্রধান দায়িত্ব। কোনো ব্যক্তি বা সংগঠন আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অপচেষ্টা চালালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে পুলিশ বদ্ধপরিকর। নাশকতাকারীদের যেকোনো অপচেষ্টা প্রতিরোধে পুলিশ কঠোর ও সতর্ক অবস্থানে রয়েছে।

গত ১০ নভেম্বর নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, হাতবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত এবং ফরিদপুরে এক গাড়ি চালক নিহত হন। কঠোর নজরদারির মধ্যেও বিভিন্ন থানার সামনে, রাজারবাগ পুলিশ লাইনস ও সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ ছাড়া সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। পুলিশের তথ্যানুযায়ী, ৭ থেকে ১০ নভেম্বর চার দিনে দেশের বিভিন্ন স্থানে ৬০টি ককটেল বিস্ফোরণ ও ২২টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার কলকাতায় দলটির শীর্ষ নেতাদের গোপন বৈঠক হয়। পরে বৈঠকের সিদ্ধান্ত ফেসবুকে দিয়ে আট দফা দাবির পাশাপাশি ১৯ নভেম্বর সারা দেশে লকডাউনের ঘোষণা দিয়েছেন ভারতে পলাতক আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক। নারায়ণগঞ্জের পলাতক নেতা শামীম ওসমানও ডিসেম্বরে নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। নেতাদের বক্তব্যে পরিস্থিতি অস্থিতিশীল করার বার্তা থাকায় নাশকতা বৃদ্ধির শঙ্কা কাজ করছে।

সূত্র জানায়, নাশকতা প্রতিরোধে পুলিশ, এসআরবি, বিজিবি ও গোয়েন্দা কর্মকর্তাদের নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিক বৈঠক হয়েছে। এসব বৈঠকে বিশৃঙ্খলা কঠোর হাতে দমনের নির্দেশ দেওয়া হয়। শিগগির আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির উচ্চপর্যায়ের সভা হওয়ার কথা। সেখান থেকে দেশজুড়ে আরও কঠোর ও সমন্বিত অভিযানের নির্দেশনা আসতে পারে। নিষিদ্ধ সংগঠনের তৎপরতা মোকাবিলায় বিএনপিসহ দায়িত্বশীল রাজনৈতিক দলগুলোকে নিয়ে মাঠে থাকার পরিকল্পনাও রয়েছে। এজন্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে।

পুলিশের উচ্চপর্যায়ের সূত্র জানায়, ডিসেম্বরকেন্দ্রিক আওয়ামী লীগের পরিকল্পনার প্রাথমিক ধাপ মাঠপর্যায়ে বাস্তবায়িত হচ্ছে। জনমনে আতঙ্ক সৃষ্টি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যস্ত রাখাই এর লক্ষ্য। চলতি মাসের প্রথমার্ধে অতর্কিত ককটেল নিক্ষেপ এবং সড়কের পাশে বা বাস টার্মিনালে পার্কিং করা ফাঁকা গাড়িতে আগুন দেওয়ার পরিকল্পনা থাকলেও পরের ধাপে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ, জনবহুল স্থানে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি অর্থনৈতিক কর্মকা- ব্যাহত করা ছাড়াও সরকারের ভাবমূর্তি ক্ষুণœ করতে কেপিআই, বড় শিল্পকারখানা এবং গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নাশকতার পরিকল্পনা চালানোর তথ্যও উঠে এসেছে। এসব ঠেকাতে রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ, সড়ক ও অপরাধপ্রবণ এলাকায় ড্রোন নজরদারি, বিশেষ চেকপোস্ট ও পুলিশি টহল জোরদার করা হয়েছে।

বাংলাদেশ প্রতিদিন

দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম ‘প্রধানমন্ত্রীর কঠোর বার্তা’। প্রতিবেদনে বলা হয়, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র মোকাবিলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসনকে কঠোর এবং সময়োপযোগী সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় স্থিতিশীলতা রক্ষা এবং অর্থনীতির মেরুদণ্ড হিসেবে পরিচিত তৈরি পোশাকশিল্পের উৎপাদন ও নিরাপত্তা নিশ্চিত করতে এসব নির্দেশনা দেন। পাশাপাশি রাজনৈতিক যেকোনো অস্থিতিশীল কার্যক্রম ঠেকাতে এবং দেশের সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাকে অত্যন্ত কঠোর ও তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। বিশেষ করে মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকার পরিবেশ-পরিস্থিতি যেকোনো মূল্যে স্বাভাবিক রাখার নির্দেশনা দেন। এর ব্যর্থতায় তাদেরও জবাবদিহির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করে দেওয়া হয়।

গতকাল বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এসব কঠোর বার্তা প্রদান করেন। সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, মন্ত্রিসভার বৈঠকে দেশের আইনশৃঙ্খলা এবং গার্মেন্টস খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বরাবরের মতো এবারও অত্যন্ত গুরুত্ব দিয়ে কঠোর ও স্পষ্ট বার্তা দেন। সাম্প্রতিক সময়ে দেশের সার্বিক পরিস্থিতি, বিশেষ করে পোশাক খাতের অস্থিরতা, আইনশৃঙ্খলা এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার এ বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে দেশের প্রধান রপ্তানি খাত গার্মেন্টস শিল্পকে যেকোনো মূল্যে সচল রাখা এবং সামগ্রিক স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের শীর্ষ পর্যায় থেকে কড়া বার্তা দেওয়া হয়।

গার্মেন্টস পরিস্থিতি ও ন্যূনতম মজুরি বোর্ড গঠন: মন্ত্রিসভার বৈঠকে তৈরি পোশাক (আরএমজি) শিল্পে চলমান অস্থিরতা এবং শ্রমিকদের অসন্তোষ নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এতে ন্যূনতম মজুরির দাবিকে কেন্দ্র করে শ্রমিক আন্দোলনের নামে কিছু জায়গায় সহিংসতা, ভাঙচুর ও অযৌক্তিক সড়ক অবরোধের ঘটনা উঠে আসে। সরকার মনে করে, আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান সম্ভব হলেও একটি মহল এ খাতকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। এ ছাড়া শ্রমিকদের ন্যায্য অধিকার ও জীবনমান উন্নয়নের বিষয়টি মাথায় রেখে সরকার নির্ধারিত সময়ের আগেই ন্যূনতম মজুরি বোর্ড গঠন করেছে। আজ মজুরি বোর্ডের তৃতীয় সভা। মজুরি নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগেই এ ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা অযৌক্তিক বলেও বৈঠকে মন্তব্য করা হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অন্তর্ঘাতমূলক অপচেষ্টা: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে গোয়েন্দা তথ্য ও মাঠপর্যায়ের রিপোর্টের ভিত্তিতে জানানো হয় যে, সাধারণ শ্রমিকদের আড়ালে কিছু দুষ্কৃতকারী এবং নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের নেতা-কর্মী ও উগ্রপন্থিরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। দেশের অর্থনীতি ও রপ্তানি বাণিজ্যকে বাধাগ্রস্ত করতে সীমান্ত বা বাইরে থেকেও নানা ধরনের উসকানি দেওয়া হচ্ছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা ও কঠোর অবস্থান: কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সুকৌশলে বিশৃঙ্খলা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে ইন্ধন জোগানোর চেষ্টা করছে। সরকার ও সংশ্লিষ্ট মহল থেকে স্পষ্ট করা হয়েছে যে, নিষিদ্ধ ঘোষিত এই রাজনৈতিক শক্তিকে কোনোভাবেই জননিরাপত্তা বিঘ্নিত করার বা পুনরায় মাথা চাড়া দিয়ে ওঠার সুযোগ দেওয়া হবে না।