চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, সিআইডি, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজসহ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজ আবদুল কুদ্দুস চৌধুরীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হিসাবে বদলি করা হয়েছে। একই সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শামসুল হককে চট্টগ্রামের রেঞ্জ ডিআইজি হিসাবে বদলি করা হয়েছে। অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি’র ডিআইজি মিয়া মাসুদ করিমকে ঢাকা স্পেশাল ব্রাঞ্চ- এসবি’র ডিআইজি হিসাবে বদলি করা হয়েছে। আর বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকা অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে শিল্পাঞ্চলের অতিরিক্ত ডিআইজি হিসাবে পদায়ন করা হয়েছে।
এদিকে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত আরেক প্রজ্ঞাপনে ফেনী জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার এবং গোপালগঞ্জের জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনী জেলা পুলিশ সুপার হিসাবে বদলি করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।
