বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রথম থেকে ১২তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের নিয়োগে সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে শিক্ষা প্রশাসনে সক্রিয় দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। এসব দাবি বাস্তবায়নে সরকারকে সাতদিনের আলটিমেটাম দিয়েছেন তারা।
রোববার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ আলটিমেটাম দেয়া হয়। পরে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন চাকরিপ্রার্থীরা। সংবাদ সম্মেলনে চাকরিপ্রার্থীরা জানান, গত ৮ই নভেম্বর জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে প্রথম থেকে ১২তম নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার সুপারিশ করা হয়। সেই সুপারিশ দ্রুত বাস্তবায়ন করতে হবে।
সংবাদ সম্মেলন শেষে তারা প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেন। সেখানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নিয়োগের দাবিতে আন্দোলন করছেন নিবন্ধনধারীরা। এ বিষয়ে গত ১৫ই জানুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া প্রতিশ্রুতিও বাস্তবায়ন করতে হবে।
চাকরিপ্রার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাতদিনের মধ্যে তাদের দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেয়া না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সমাবেশে বক্তারা জানান, তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলতে চান। নিজেদের দাবি ও নিয়োগসংক্রান্ত জটিলতার বিষয়গুলো তুলে ধরে দ্রুত সমাধান চান।
এদিকে, গত ৯ই নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে একটি অনলাইন গণমাধ্যমে প্রথম থেকে ১২তম নিবন্ধনধারীদের নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করেন চাকরিপ্রার্থীরা। সমাবেশে এরও প্রতিবাদ জানান হয়।
এর আগে গত ৮ই নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সংসদ ভবনে কমিটির সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে প্রথম থেকে দ্বাদশ নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার সুপারিশ করা হয়।
১ম-১২তম নিবন্ধনধারীদের নিয়োগে কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি
স্টাফ রিপোর্টার
অনলাইন
২২ মিনিট আগে
১৫ নভেম্বর (রবিবার), ২০২৬, ৮ঃ২৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
