পুনরাবৃত্তি না হওয়ার আশ্বাস আইনমন্ত্রীর

হাতকড়া ছাড়া জিয়াউলকে আদালতে নেয়ায় সংসদে ক্ষোভ

পুনরাবৃত্তি না হওয়ার আশ্বাস আইনমন্ত্রীর

ফন্ট সাইজ:

সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল অব. জিয়াউল আহসানকে হাতকড়া ছাড়া কারাগার থেকে আদালতে নেয়ার ঘটনায় জাতীয় সংসদে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন গুমের শিকার বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী ও সরকার দলীয় সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। এ ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি আইনমন্ত্রীর কাছে ব্যাখ্যা দাবি করেছেন। জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, একজন কুখ্যাত অপরাধীকে যেভাবে আদালতে নেয়া প্রয়োজন, পরবর্তী সময়ে সেভাবেই নেয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে সংসদকে আশ্বস্ত করেন তিনি।

রোববার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি উত্থাপন করেন তাহসিনা রুশদীর লুনা। তিনি বলেন, গুম ও খুনের অভিযোগে অভিযুক্ত মেজর জেনারেল অব. জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার চলমান। গত বৃহস্পতিবার তাকে জেরার জন্য আদালতে নেয়ার সময় তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ছবিতে তার অঙ্গভঙ্গি ও আচরণ দেখে মনে হয়েছে, তিনি যেন আনন্দভ্রমণে বের হয়েছেন। আর তার সঙ্গে থাকা পুলিশ সদস্যদের দেখে মনে হয়েছে, তারা যেন তার প্রটোকলের দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, এ ধরনের একজন অপরাধীকে হাতকড়া ও ডান্ডাবেড়ি ছাড়া আদালতে নেয়া হয়েছে। হাতকড়া পরতে তিনি অস্বীকৃতি জানিয়েছেন, অথচ তাকে হাতকড়া পরানো হয়নি। এ ঘটনায় তারা মর্মাহত। তার মতো আরও অনেক পরিবার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ও আতঙ্কিত।
লুনা বলেন, আমাদের উদ্বেগ, সরকার কি তার প্রতি কোনো মানবিকতা দেখাচ্ছে, নাকি তাকে নিয়ন্ত্রণ করতে পারছে না? এমন অমানবিক অপরাধে অভিযুক্ত একজন ব্যক্তির ক্ষেত্রে এ ধরনের আচরণ কেনো করা হচ্ছে, সে বিষয়ে আমি মাননীয় আইনমন্ত্রীর কাছে ব্যাখ্যা চাই।

জবাবে স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, বিষয়টি পয়েন্ট অব অর্ডারের পর্যায়ে পড়ে না। তবে সংসদ সদস্য একটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন। আইনমন্ত্রী চাইলে এর উত্তর দিতে পারেন, অথবা এ বিষয়ে নোটিশ চাইতে পারেন। পরে আইনমন্ত্রী বলেন, বিষয়টি তারও নজরে এসেছে। তবে কারাগার থেকে আদালত পর্যন্ত আসামিকে নিয়ে যাওয়ার বিষয়টি আইনমন্ত্রীর এখতিয়ারের মধ্যে পড়ে না। তারপরও বিষয়টি নজরে আসার পর পরবর্তী সময়ে তাকে আদালতে নেয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। আইনমন্ত্রী বলেন, একজন নটোরিয়াস ক্রিমিনালকে যেভাবে নিয়ে যাওয়ার প্রয়োজন, সেভাবে নিয়ে যাওয়া হয়েছে। এরপর থেকে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না, আদালত অঙ্গনে সেটার নিশ্চয়তা আমরা দিচ্ছি। তিনি বলেন, ন্যায়বিচার যাতে কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয়, সরকার সে বিষয়ে সতর্ক রয়েছে। একইসঙ্গে সরকার কোনো ফরমায়েশি রায় চায় না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেসব আসামিকে হাজির করা হচ্ছে, তাদের বিরুদ্ধে থাকা সব ধরনের সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করা হচ্ছে।
আইনমন্ত্রী বলেন, এই মামলায় এই আসামিসহ আইসিটি ট্রাইব্যুনালে যাদের হাজির করা হচ্ছে, তাদের বিরুদ্ধে যত রকম সাক্ষ্য-প্রমাণ আছে, সব সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করছি। যে সাক্ষ্য-প্রমাণ পৃথিবীর যেকোনো আদালত বা ট্রাইব্যুনালে গেলে এ ধরনের আসামির সাজা হবে, সেরকম একটি ন্যায়বিচারের মানদণ্ড নিয়ে আমরা এগিয়ে চলেছি। তিনি আরও বলেন, সরকার এ ধরনের আসামিদের সাজা প্রত্যাশা করে এবং তা নিশ্চিত করতে আদালতের সামনে সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র উপস্থাপন করছে।

তাহসিনা রুশদীর লুনার উদ্বেগের সঙ্গে একমত পোষণ করে আইনমন্ত্রী বলেন, গত ১৬-১৭ বছরে দেশে যত গুম, খুন ও গায়েবি মামলা হয়েছে এবং জুলাই গণঅভ্যুত্থানে যত মানুষ নিহত, পঙ্গু হয়েছেন কিংবা চোখ, হাত, কানসহ শরীরের বিভিন্ন অঙ্গ হারিয়েছেন, প্রতিটি ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করার পথে সরকার এগিয়ে যাবে। তিনি বলেন, বাংলাদেশে ঘটে যাওয়া বিগত ১৬-১৭ বছরে যত গুম হয়েছে, যত খুন হয়েছে, যত গায়েবি মামলা হয়েছে, বিগত জুলাই আন্দোলনে গণঅভ্যুত্থানে যত মানুষ মারা গেছেন, পঙ্গু হয়েছেন, চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, কান হারিয়েছেন, অঙ্গহানি হয়েছে-তার প্রত্যেকটি ঘটনার আমরা ন্যায়বিচারের পথ ধরে এগিয়ে যাবো। এই অঙ্গীকার আবারও এই মহান সংসদে করছি।
আইনমন্ত্রী আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী গত অধিবেশনে ৩০০ বিধিতে দাঁড়িয়ে জানিয়েছিলেন, বিগত ১৬ বছরে এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা শহরের বাইরেও বিভিন্ন জেলায় মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। এসব ঘটনার তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান তদন্ত কর্মকর্তার নেতৃত্বে এবং চিফ প্রসিকিউটরের নেতৃত্বে পৃথক দল জেলায় জেলায় যাবে।

সংসদ সদস্যদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, তদন্ত কর্মকর্তারা বিভিন্ন জেলায় গেলে সংশ্লিষ্ট এলাকার মানুষকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। কোনো পুলিশ কর্মকর্তা, বিডিআর কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কিংবা রাজনৈতিক কর্মীর ইন্ধন, সহযোগিতা বা প্রশ্রয়ে এসব মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, সে বিষয়ে তদন্ত দলকে তথ্য দেয়ার আহ্বান জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, ১৬ বছরের গুম, খুন, গায়েবি মামলা, রাজনৈতিক নিপীড়ন ও পলিটিক্যাল পারসিকিউশনের এসব মানবতাবিরোধী অপরাধের তদন্তের জন্য সংসদ সদস্যদের সহযোগিতা চাই। তদন্ত কর্মকর্তারা যখন জেলায় জেলায় যাবেন, তখন ওই অঙ্গনে, ওই জেলায় এসব অপরাধের সঙ্গে যারা জড়িত, তাদের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করবেন।