চট্টগ্রামে ওয়াসিমসহ ৬ হত্যা: ট্রাইব্যুনালে বিদেশি পর্যবেক্ষকের উপস্থিতি

চট্টগ্রামে ওয়াসিমসহ ৬ হত্যা: ট্রাইব্যুনালে বিদেশি পর্যবেক্ষকের উপস্থিতি

ফন্ট সাইজ:

অভিযোগ গঠনের সাড়ে চার মাস পর চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদল নেতা ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যা মামলার ২২ আসামির বিচার ও সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রোববার (১৫ নভেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ চিফ প্রসিকিউটরের সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে এ মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়। এদিন ট্রাইব্যুনালে হেলেন নামের একজন বিদেশি পর্যবেক্ষক উপস্থিত ছিলেন।
মামলার প্রথম দিনে আনিছ আহমেদ নামে এক সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদান করেন। তিনি আন্দোলন চলাকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এমবিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
উল্লেখ্য, এই মামলায় আসামি এ বি এম ফজলে করিম চৌধুরীর পক্ষে মামলা পরিচালনার জন্য দুজন বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি চেয়ে বাংলাদেশ বার কাউন্সিলে জরুরি আবেদন করেছিলো তার পরিবার। এই দুই আইনজীবী হলেন—যুক্তরাজ্যের লন্ডনের ডেকা চেম্বার্সের (Deka Chambers) থম ডাইক (Thom Dyke) এবং কানাডার ভ্যানকুভারের আরেন্ডট চেম্বার্সের (Arendt Chambers) কেট ম্যাকইনেস (Kate McInnes)।
বার কাউন্সিলে পাঠানো ওই আবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ৩(২)(এ) ধারায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে বিচার শুরু হচ্ছে। উক্ত আইনের ১১(৮) ধারা অনুযায়ী, বাংলাদেশ বার কাউন্সিলের পূর্বানুমতি সাপেক্ষে ট্রাইব্যুনাল বিদেশি আইনজীবীকে হাজির হওয়ার অনুমতি দিতে পারেন এবং এই অনুমতি অযৌক্তিকভাবে আটকে রাখা উচিত নয়।
আবেদনে আরও উল্লেখ করা হয়, ফজলে করিম চৌধুরী চান বর্তমান রেকর্ডভুক্ত আইনজীবী অ্যাডভোকেট আশফাকুল কবিরের পাশাপাশি এই দুই বিদেশি আইনজীবী তার পক্ষে মূল মামলাসহ পরবর্তী যেকোনো আপিল কার্যক্রমে অংশ নেন।
দুই বিদেশি আইনজীবী আবেদনপত্রে চারটি বিষয়ে অঙ্গীকার করেছেন—(১) তারা বাংলাদেশ বার কাউন্সিলের পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধি, ১৯৭৩ সালের আইন এবং ট্রাইব্যুনালের কার্যবিধি ও নির্দেশনা মেনে চলবেন; (২) এই মামলায় তাদের আচরণের বিষয়ে বার কাউন্সিলের শৃঙ্খলাজনিত এখতিয়ারের অধীন থাকবেন; (৩) কেবল রেকর্ডভুক্ত বাংলাদেশি আইনজীবীর পাশাপাশি থেকেই আদালতে উপস্থিত হবেন এবং (৪) বার কাউন্সিল কর্তৃক নির্ধারিত যেকোনো ফি পরিশোধ করবেন।
আবেদনপত্রের সঙ্গে থম ডাইকের অনুকূলে ইংল্যান্ড ও ওয়েলসের জেনারেল কাউন্সিল অব দ্য বার কর্তৃক ইস্যুকৃত 'প্র্যাকটিসিং সার্টিফিকেট' (যা ১ এপ্রিল ২০২৬ থেকে ৩০ এপ্রিল ২০২৭ পর্যন্ত বৈধ) এবং কেট ম্যাকইনেসের অনুকূলে 'ল সোসাইটি অব ব্রিটিশ কলাম্বিয়া'র 'সার্টিফিকেট অব স্ট্যান্ডিং' সংযুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩০শে জুন হাছান মাহমুদ, নওফেল ও ফজলে করিমসহ এই ২২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। তবে আসামিপক্ষের বিভিন্ন আবেদনের প্রেক্ষিতে এর আগে মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ পিছিয়ে যায়।