রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

ফন্ট সাইজ:

রংপুরের তারাগঞ্জ উপজেলায় চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। রোববার সকাল ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

নিহত দু’জন হলেন—নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮) এবং একই এলাকার লোকমান বসুনিয়ার ছেলে শাকিব বসুনিয়া (২২)। এ তথ্য নিশ্চিত করেছেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, কুমিল্লা সেনানিবাস এলাকায় নির্মাণ শ্রমিকের কাজ শেষে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে করে বাড়িতে ফিরছিলেন মুকুল ও শাকিব। একই এলাকার ছয়জন ওই বাসের যাত্রী ছিলেন। পথে তাদের সঙ্গে বাসের স্টাফদের বাকবিতণ্ডা হয়। তারাগঞ্জে পৌঁছালে আতিক নামের একজনকে বাসে আটকে রেখে অন্যদের নামিয়ে দেয়। পরে আতিককে উদ্ধারের জন্য মুকুল ও শাকিব আবার বাসে উঠলে তাদের সঙ্গে বাসের লোকজনের তর্ক বাঁধে। একপর্যায়ে তাদের ধস্তাধস্তি হয়। এ সময় বাসের স্টাফ লাথি মেরে মুকুল ও শাকিবকে চলন্ত বাস থেকে ফেলে দেয়। ঘটনাস্থলেই মুকুলের মৃত্যু হয় এবং শাকিবকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ওই বাসে আটকে থাকা আতিকের চিৎকার শুনে একটি মাইক্রোবাসে থাকা যাত্রীরা চিকলী এলাকায় বাসটি আটকিয়ে পুলিশে খবর দেয়। পরে বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে পুলিশ।

উদ্ধারকারী দলের সদস্য তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বেনজির আহমেদ বলেন, ‘ঘটনাস্থলে পৌঁছে তারা দুজনকে পড়ে থাকতে দেখেন। সেখানে কোনো দুর্ঘটনার আলামত পাওয়া যায়নি। স্থানীয় লোকজন তাদের জানিয়েছেন, ওই দুজনকে বাস থেকে ফেলে দেওয়া হয়েছে।’

তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে পুলিশ হেফাজতে নিয়েছে।’