প্রথম আলো
‘বিএনপি ও জামায়াতের বিরোধ কত দূর যাবে’—এটি দৈনিক প্রথম আলোর প্রথম পাতার প্রতিবেদন। খবরে বলা হয়, জামায়াতে ইসলামী ও বিএনপির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ক্রমে তীব্র হচ্ছে। জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই দলের মধ্যে যে রাজনৈতিক প্রতিযোগিতা তৈরি হয়েছিল, তা এখন প্রকাশ্য বিরোধে রূপ নিয়েছে। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ঘিরে এই বিরোধ নতুন মাত্রা পায়। ২৯ অক্টোবর অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনেও এর প্রতিফলন দেখা গেছে।
নির্বাচনের আগে বিএনপি ও জামায়াত নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যকে ভোটের মাঠে শক্তি বাড়ানোর কৌশল হিসেবে দেখা হচ্ছিল। বিএনপি সরকার গঠনের পর সেই বিরোধ আরও বিস্তৃত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতাদের বক্তব্যেও একে অপরকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার প্রবণতা স্পষ্ট।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনুপস্থিতিতে একসময়ের দুই মিত্রের এই বিরোধের নেপথ্যে কী রাজনৈতিক হিসাব রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের কেউ কেউ বলছেন, এর পেছনে আদর্শিক বিরোধ, ভোটের প্রতিযোগিতা, ক্ষমতার হিসাব ও রাজনৈতিক প্রভাব প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা—সবই কাজ করছে। বিশেষ করে জামায়াতের ক্রমবর্ধমান রাজনৈতিক শক্তি বিএনপির জন্য কতটা উদ্বেগের কারণ হয়ে উঠছে, সেটিও আলোচনায় রয়েছে।
আ.লীগের অনুপস্থিতিতে নতুন প্রতিদ্বন্দ্বিতা
২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে। অন্যদিকে জামায়াত সংসদে প্রধান বিরোধী শক্তি হিসেবে আবির্ভূত হয়। এতে দুই দলের সম্পর্কের সমীকরণও পাল্টে যায়। আগে বিএনপির সঙ্গে জোট বা যুগপৎ আন্দোলনে থেকে জামায়াত যে রাজনৈতিক সুবিধা পেত, এখন তাকে নিজস্ব শক্তি ও স্বতন্ত্র রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বিরোধী দলের ভূমিকা প্রতিষ্ঠা করতে চাচ্ছে।
রাজনীতিসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, আওয়ামী লীগের অনুপস্থিতিতে জামায়াত ভবিষ্যতে বিএনপির ভোটব্যাংকে কতটা ভাগ বসাতে পারে, সেটি বিএনপির জন্য নতুন চ্যালেঞ্জ। দলটির শীর্ষ ও নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের বক্তব্যেও জামায়াতের রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ প্রভাবকে গুরুত্ব দেওয়ার প্রবণতা স্পষ্ট। তবে জামায়াতের শক্তি বাড়লেই বিএনপির ভোট কমবে, এমন নয়। দুই দলের ভোটের সামাজিক ভিত্তি, সাংগঠনিক বিস্তার ও রাজনৈতিক অগ্রাধিকার এক নয়। অবশ্য যেসব এলাকায় দুই দলের সমর্থক ও ভোটারের মধ্যে প্রতিযোগিতা রয়েছে, সেখানে এক দলের উত্থান অন্য দলের জন্য উদ্বেগের কারণ হতে পারে।
জামায়াতের বিভিন্ন সমালোচনার জবাবে গত ৩০ জানুয়ারি রংপুরে নির্বাচনী সমাবেশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রশ্ন তোলেন—বিএনপি এতই খারাপ হলে জামায়াত কেন ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির সঙ্গে সরকারে ছিল? অতীতের জোটের প্রসঙ্গ টেনে তিনি নির্বাচনী প্রচারে জামায়াত নেতাদের সমালোচনার বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন।
নির্বাচনের পর দুই দলের বিরোধ সংসদেও গড়িয়েছে। গত ২৮ জুন জাতীয় সংসদে জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব ও কৃতিত্ব নিয়ে দুই দলের নেতাদের মধ্যে বিতর্ক হয়। বিএনপি তারেক রহমানের নেতৃত্বের কথা তুলে ধরলে জামায়াতের আমির শফিকুর রহমান বলেছিলেন, গণ-অভ্যুত্থানের কোনো একক ‘মাস্টারমাইন্ড’ নেই; এর কৃতিত্ব জনগণ ও তরুণদের।
শুধু পাল্টাপাল্টি বক্তব্য নয়, জুলাই গণ-অভ্যুত্থানের কৃতিত্ব, সাংবিধানিক সংস্কারের ভবিষ্যৎ, জুলাই সনদ বাস্তবায়ন, অন্তর্বর্তী সরকার বা প্রধান উপদেষ্টা নিয়োগের প্রক্রিয়া এবং সংস্কার প্রস্তাব নিয়েও দল দুটির মধ্যে কৌশলগত ও রাজনৈতিক দূরত্ব বাড়ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান এবং দলটির ভোট ও সাংগঠনিক প্রভাব নিয়েও প্রতিযোগিতা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সাম্প্রতিক সময়ে কয়েকটি ঘটনায় বিরোধ নতুন মাত্রা পেয়েছে। বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেওয়া সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার হলে জামায়াতের পক্ষ থেকে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তোলা হয়।
সর্বশেষ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরেও দুই দলের বিরোধ প্রকাশ্য হয়েছে। গত ২৯ অক্টোবরের ওই নির্বাচনে জামায়াতের প্রার্থীকে হারিয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন নির্বাচিত হন। নির্বাচনের পরদিন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবের বিরুদ্ধে অনিয়মকারীদের সঙ্গে আঁতাতের অভিযোগ তোলেন। অন্যদিকে নির্বাচন কমিশন ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টির কথা জানায়।
বিএনপির উদ্বেগ কোথায়, জামায়াতের লক্ষ্য কী
রাজনৈতিক পর্যবেক্ষণে বিএনপির সম্ভাব্য উদ্বেগ হলো জামায়াত যেন আওয়ামী লীগ–বিরোধী রাজনীতির একমাত্র বা প্রধান বিকল্প শক্তি হয়ে না ওঠে। বিএনপি সরকার পরিচালনার পাশাপাশি রাজনৈতিক নেতৃত্ব ও প্রভাব ধরে রাখতে চায়। অন্যদিকে জামায়াত সাংগঠনিক শক্তি, ভোটের ফল ও বিরোধী দলের ভূমিকা কাজে লাগিয়ে স্বতন্ত্র অবস্থান তৈরি করতে সক্রিয়। সরকারের সিদ্ধান্ত, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও রাজনৈতিক নিয়োগ নিয়ে সমালোচনাও সেই প্রচেষ্টার অংশ।
তবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী প্রথম আলোকে বলেন, জামায়াতকে নিয়ে বিএনপির মধ্যে কোনো ধরনের উদ্বেগ নেই। তবে তাদের অপপ্রচার ও বিভ্রান্তিমূলক কথাবার্তা নিয়ে অস্বস্তি আছে।
রিজভী বলেন, ‘হ্যাঁ, একসময় তারা (জামায়াত) আমাদের রাজনৈতিক মিত্র ছিল; কিন্তু এখন তারা এমন ভাব দেখাচ্ছে যে তারাই ক্ষমতায় আসত, তাদের আসতে দেওয়া হয়নি। বিরোধী দল গঠনমূলক সমালোচনা করবে, এটা তাদের গণতান্ত্রিক অধিকার; কিন্তু তারা যদি বিভিন্ন বিষয়ে লাগাতারভাবে বানোয়াট অভিযোগ দিয়ে যায়, তাহলে তো আমাদের বলতে হবে তাদের লাগামহীন আচরণের কারণে গণতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত হওয়ার উপক্রম হচ্ছে।’
এ প্রসঙ্গে রিজভী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের উদাহরণ টানেন। তিনি বলেন, এত সুন্দর নির্বাচন হলো। সারা দিন কোনো কথা নেই, ভোটের শেষের দিকে এসে নির্বাচনকে বিতর্কিত করার জন্য তারা নানা অভিযোগ তুলছে। এতে মনে হচ্ছে, তারা জনমনে বিভ্রান্তি তৈরির কৌশল নিয়েছে।
জামায়াত নেতাদের সঙ্গে কথা বলে ধারণা পাওয়া যায়, বিরোধী দলে থাকলেও একসময়ের মিত্র বিএনপির কাছ থেকে তাঁরা কিছুটা সহযোগিতা পাওয়ার প্রত্যাশা করেছিলেন; কিন্তু বাস্তবে সেই প্রত্যাশার প্রতিফলন ঘটছে না বলে তাঁদের অভিযোগ; বরং উন্নয়ন বরাদ্দসহ বিভিন্ন ক্ষেত্রে জামায়াতের রাজনৈতিক প্রভাব রয়েছে, এমন এলাকাগুলো বৈষম্যের শিকার হচ্ছে বলে তাঁরা মনে করছেন। জাতীয় সংসদে জামায়াতের সদস্যদের বক্তব্যেও এই অসন্তোষ উঠে এসেছে।
আ.লীগকে নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ
বিএনপি ও জামায়াতের বিরোধের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর একটি আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ। প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১ অক্টোবর এক বক্তৃতায় আওয়ামী লীগ ও জামায়াতকে ইঙ্গিত করে একটি স্বৈরাচারী ও একটি গুপ্ত দল এক হয়েছে বলে মন্তব্য করেন। এর আগে বিভিন্ন বক্তব্যে বিএনপি নেতারা জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের অতীত রাজনৈতিক যোগাযোগ ও সমঝোতার প্রসঙ্গও সামনে এনেছেন।
গত ২০ অক্টোবর রাজশাহীতে এক জনসভায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে জানিয়ে বলেন, পলাতক স্বৈরাচার শ্রমিক অসন্তোষ তৈরিতে অর্থ সরবরাহ করছে। নির্বাচনের আগে বিভিন্ন টিকিট বিক্রির চেষ্টা করা কয়েকটি দলও এতে যুক্ত হয়েছে।
ওই দিনই রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এর জবাব দেন। তিনি বলেন, নিজেদের দলীয়করণ, ব্যর্থতা ও দুর্নীতি ঢাকার জন্য সরকার জুজুর ভয় দেখিয়ে সব দায় বিরোধী দলের ওপর চাপানোর চেষ্টা করছে। বিরোধী দল কখনো ফ্যাসিস্টকে আসার সুযোগ করে দিচ্ছে না; বরং বিরোধী দলের আন্দোলনকে উপেক্ষা করার মধ্য দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। এই পথ দিয়ে তারাই ইচ্ছা করে আওয়ামী লীগকে ঢোকার পথ করে দিচ্ছে।
অন্যদিকে সাম্প্রতিক সময়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগ উঠেছে। এসব ঘটনা নিয়ে জামায়াতের প্রকাশ্য প্রতিক্রিয়া তুলনামূলক সীমিত থাকলেও আওয়ামী লীগের তৎপরতা দমনে সরকারের ব্যর্থতার সমালোচনা করেছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। জামায়াতের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর নিষ্ক্রিয়তা কিংবা সহযোগিতা ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের পক্ষে এ ধরনের তৎপরতা চালানো সম্ভব নয়।
রাজনীতি-সংশ্লিষ্ট ব্যক্তিদের একাংশের মতে, একটি ‘পতিত স্বৈরাচারী দল’ ও একটি ‘গুপ্ত দল’কে ইঙ্গিত করে বিএনপির শীর্ষ নেতৃত্বের বক্তব্য কার্যত ‘এক ঢিলে দুই পাখি মারার’ রাজনৈতিক কৌশল। এর লক্ষ্য হতে পারে আওয়ামী লীগ ও জামায়াত—দুই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকেই চাপে রাখা। বিশেষ করে জামায়াতকে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতাপ্রবণ শক্তি হিসেবে উপস্থাপন করা গেলে আওয়ামী লীগবিরোধী ভোটারদের কাছে দলটির রাজনৈতিক গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ তৈরি হয়।
তবে এই কৌশলের ব্যাখ্যা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে ভিন্নমতও রয়েছে। তাঁদের কারও কারও ধারণা, জামায়াত সম্পর্কে সরকারের উচ্চপর্যায়ের মনোভাব ও অবস্থান থেকে মনে হচ্ছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের চেয়েও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতকে বড় রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
একাত্তরের প্রশ্নেও রাজনৈতিক প্রতিযোগিতা
বিএনপি ও জামায়াতের বিরোধের আরেকটি দিক হলো মুক্তিযুদ্ধ ও ১৯৭১ সালে জামায়াতের ভূমিকা। তবে এই বিরোধের বাইরেও বিএনপি এখন নিজেদের একটি উদার গণতান্ত্রিক ও মধ্যপন্থী রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। দলটি একাত্তরের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের মূল্যবোধকে ধারণ করে সামনের রাজনীতি এগিয়ে নিতে চাইছে। একসময় জামায়াতের সঙ্গে দীর্ঘ রাজনৈতিক জোট এবং একসঙ্গে সরকার পরিচালনার কারণে স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে সংশ্লিষ্টতার সমালোচনার মুখে পড়তে হয়েছিল বিএনপিকে।
আওয়ামী লীগ দীর্ঘদিন জামায়াতের রাজনৈতিক বৈধতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে মুক্তিযুদ্ধের ইতিহাসকে সামনে এনেছে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির নেতারাও যখন জামায়াতের ১৯৭১ সালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, তখন সেটির রাজনৈতিক তাৎপর্য রয়েছে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসকে কোনো একটি দলের একক রাজনৈতিক সম্পদ হিসেবে না দেখে জাতীয় ঐক্যের ভিত্তি হিসেবে তুলে ধরতে চাইছে। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের দীর্ঘদিনের রাজনৈতিক বয়ানের বাইরে নিজেদের স্বতন্ত্র অবস্থান তৈরি এবং জামায়াতের বিপরীতে উদার ও মধ্যপন্থী রাজনৈতিক পরিসরে গ্রহণযোগ্যতা সুসংহত করার প্রচেষ্টা রয়েছে বলে মনে করা হচ্ছে।
এই অবস্থানের প্রতিফলন রয়েছে বিএনপির ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারেও। এতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা, শহীদদের নির্ভুল তালিকা প্রণয়ন, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ এবং মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি নিশ্চিত করার অঙ্গীকার করা হয়েছে।
বিএনপির শীর্ষ নেতৃত্বের বক্তব্যেও এই রাজনৈতিক অবস্থান স্পষ্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২৭ মার্চ স্বাধীনতা দিবসের আলোচনা সভায় মুক্তিযুদ্ধকে কোনো দলের একক বিষয় নয়; বরং ‘জনযুদ্ধ’ হিসেবে উল্লেখ করেন। এর আগে ৫ জানুয়ারি বামপন্থী বিভিন্ন দলের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি বলেছিলেন, ‘মুক্তিযুদ্ধ আমাদের বাংলাদেশের ভিত্তি। একাত্তর বাদ দিলে বাংলাদেশের অস্তিত্বই তো থাকে না।’ ওই বৈঠকে তিনি একাত্তরের মুক্তিযুদ্ধ, নব্বই ও চব্বিশের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে এগিয়ে যাওয়ার কথা বলেন।
পর্যবেক্ষকেরা মনে করছেন, বিএনপি মুক্তিযুদ্ধের ইতিহাস ও জাতীয়তাবাদী অবস্থান সামনে এনে জামায়াতকে তার অতীতের প্রশ্নে জবাবদিহির মুখে রাখতে চায়। জামায়াতের জন্যও বিষয়টি গুরুত্বপূর্ণ। দলটি অতীতের বিতর্কের বাইরে এসে একটি স্বতন্ত্র রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে চায়।
এ বিষয়ে জাতীয় অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক মাহবুব উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে অনেক কিছুই হয়। একসময় বিএনপির সঙ্গে জামায়াতের জোট ছিল। আবার জামায়াতের সঙ্গে আওয়ামী লীগও সখ্য করেছিল। কোনো রাজনৈতিক দল কাদের সঙ্গে সম্পর্ক রাখবে, সেটি প্রেক্ষাপট ও পরিস্থিতিই বলে দেয়। এটি একটি স্পর্শকাতর বিষয়। তাই এ বিষয়ে এখন কোনো মন্তব্য করা উচিত হবে বলে মনে করি না।’
বিরোধ সাময়িক, নাকি দীর্ঘমেয়াদি
বিএনপি ও জামায়াতের বিরোধের একটি অংশ কৌশলগত বলে মনে করছেন রাজনীতি–সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের মতে, সমর্থকদের সক্রিয় রাখা, প্রতিদ্বন্দ্বীর ভোটে ভাগ বসানো ও স্বতন্ত্র পরিচয় প্রতিষ্ঠায় দলগুলো কঠোর বক্তব্য দেয়। অতীতের জোট ও যৌথ আন্দোলন থেকে বর্তমান বিরোধে দুই দলের রাজনৈতিক স্বার্থের পরিবর্তন স্পষ্ট।
স্থানীয় সরকার নির্বাচনে দুই দলের সাংগঠনিক শক্তি ও জনসমর্থনের পরীক্ষা হবে; প্রতিযোগিতা মাঠপর্যায়েও বিস্তৃত হতে পারে। বিএনপি জনসমর্থন ধরে রাখতে পারলে জামায়াতের বিকল্প শক্তি হিসেবে বিস্তার কঠিন হতে পারে। অন্যদিকে সরকার জন-অসন্তোষ বাড়ালে জামায়াত সেই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করবে। প্রতিযোগিতা কতটা তীব্র হবে, তা নির্ভর করবে সরকারের কর্মকাণ্ড ও দুই দলের সাংগঠনিক সক্ষমতার ওপর।
আবার বিএনপি ও জামায়াতের চলমান বিরোধকে কোনো কোনো মহল সমঝোতাভিত্তিক রাজনৈতিক কৌশল হিসেবে মনে করে বা প্রচার করতে চায়। এ রকম ধারণা সম্পূর্ণ নাকচ করে দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ। অতীতে সরকার ও বিরোধী দল—আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মিলেমিশে সরকার পরিচালনার প্রসঙ্গ উল্লেখ করে তিনি প্রথম আলোকে বলেন, ‘যদি সমঝোতার ভিত্তিতে (বিএনপি-জামায়াত) সরকার পরিচালিত হতো, তাহলে কৌশল বলা যেত। জাতীয় পার্টি ভোট করেনি, আমরা জোট করে ভোট করেছি, ভোটে সংঘাত হয়েছে, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। সংসদের শুরুতেই শপথে ভিন্নতা হয়েছে, সংসদে নানা বিষয়ে বিতর্ক হয়েছে, বিরোধী দল ওয়াকআউট করেছে, এগুলো কি কৌশল? কখনোই না।’
হামিদুর রহমান আযাদ বলেন, ‘বিএনপি আওয়ামী লীগ স্টাইলে দেশ চালাচ্ছে, তারা যেখানে যেখানে জনগণের বিরুদ্ধে কাজ করছে, সেখানে আমরা বিরোধিতা করছি, সমালোচনা করছি। আমরা যা বলছি সিরিয়াসলি বলছি। ভবিষ্যতে আমরা আরও হার্ডলাইনে যাব।’
তবে লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ মনে করেন, বিএনপি ও জামায়াতের সম্পর্ক সব সময়ই কৌশলগত। তিনি প্রথম আলোকে বলেন, একসময় তারা মিত্র ছিল, যখন আওয়ামী লীগ তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিল। তখন তাদের মধ্যে রাজনৈতিক কোয়ালিশন ছিল। অর্থাৎ তাদের আগের মিত্রতাও কৌশলগত ছিল; আর এখন যে বিরোধ, সেটি হচ্ছে ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা। এটিও রাজনৈতিক কৌশল। এটি আগামী নির্বাচন পর্যন্ত চলতে থাকবে।
সব মিলিয়ে বিএনপি ও জামায়াতের বিরোধ কেবল পাল্টাপাল্টি বক্তব্যে সীমাবদ্ধ নয়; এর পেছনে রয়েছে ভোট, ক্ষমতা, আদর্শিক অবস্থান ও রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠার প্রতিযোগিতা। দুই দলের রাজনৈতিক হিসাব ও ভবিষ্যৎ কৌশলই নির্ধারণ করবে এই বিরোধ কতটা গভীর ও দীর্ঘস্থায়ী হবে।
দৈনিক যুগান্তর
দৈনিক যুগান্তরের প্রথম পাতার খবর পোশাক খাতে: ‘অস্থিরতা ভুল বার্তা যাচ্ছে ক্রেতার কাছে’। খবরে বলা হয়, শ্রমিকদের বেতন বাড়াতে সরকার গঠিত মজুরি বোর্ড কাজ করছে। এরপরও তৈরি পোশাক খাতে অস্থিরতা থামছে না। শ্রমিকদের ব্যানারে টানা ১৫ দিন আন্দোলন করছে একটি পক্ষ। পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে ১৪৭টি গার্মেন্টস বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ।
এছাড়াও আন্দোলন অব্যাহত থাকলে আজ থেকে গার্মেন্টস বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে এ খাতের মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) নেতারা। শনিবার সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানান প্রতিষ্ঠানটির সভাপতি মাহমুদ হাসান খান। অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন, সাম্প্রতিক পরিস্থিতিতে গার্মেন্টস নিয়ে বিদেশি ক্রেতাদের কাছে ভুল বার্তা যাচ্ছে। ইতোমধ্যে বেশ কিছু অর্ডার (ক্রয় আদেশ) বাতিল করেছেন ক্রেতারা (বায়ার)। নিশ্চিত হওয়া অর্ডারও বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে শুধু পোশাক খাত নয়, পুরো অর্থনীতিতে সমস্যা তৈরি হবে।
বেতন বৃদ্ধির দাবিতে টানা ১৫ দিন পর্যন্ত আন্দোলন করছে পোশাক শ্রমিকদের একটি অংশ। তারা গার্মেন্টস খাতে ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবি করছেন। তবে আন্দোলন শুরুর পরপরই বেতন বৃদ্ধির জন্য মজুরি বোর্ড গঠন করেছে সরকার। বোর্ডে শ্রমিক, মালিক এবং সরকারসহ সব পক্ষের প্রতিনিধি রয়েছেন। বোর্ড ইতোমধ্যে দুদফা বৈঠক করেছে। তারা সিদ্ধান্ত নিয়েছেন ডিসেম্বর থেকেই শ্রমিকরা নতুন স্কেলে বেতন পাবেন। এরপরও শ্রমিক নামধারী একটি পক্ষ আন্দোলন, জ্বালাও-পোড়াও এবং ভাঙচুর করছে।
জানতে চাইলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএসের (বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ) সাবেক মহাপরিচালক ড. এম কে মুজেরী যুগান্তরকে বলেন, বেশ কয়েকদিন থেকে গার্মেন্টস শিল্পে অস্থিরতা চলছে। এটি কারও কাম্য নয়। এর ফলে এ খাতে উৎপাদন কমছে। শ্রমিক ও মালিক উভয়পক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়াও গার্মেন্ট খাত নিয়ে বিদেশে ভুল বার্তা যাচ্ছে। তিনি বলেন, বিদেশি ক্রেতারা ভুল বুঝতে পারে। ক্রেতাদের মধ্যে এ রকম আশঙ্কা তৈরি হতে পারে যে, অর্ডার দিলে গার্মেন্টস মালিকরা নির্ধারিত সময় পণ্য সরবরাহ করতে পারবেন না। পরিস্থিতি এমন হলে তারা অর্ডার বন্ধ করে দেবেন। তার মতে, বাস্তবে এমনটি ঘটলে শুধু পোশাক শিল্প নয়, পুরো অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। তিনি আরও বলেন, শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবি করছেন। জীবনযাত্রার ব্যয়ের বাস্তবতায় এর যুক্তি আছে। আবার নানা কারণে মালিকদের অবস্থাও ভালো নয়। এ অবস্থায় মজুরি বোর্ড গঠন হয়েছে। ফলে মজুরি বোর্ডের সুপারিশ পর্যন্ত শ্রমিকদের অপেক্ষা করা উচিত।
জানতে চাইলে স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম শনিবার যুগান্তরকে বলেন-আগে যেসব ক্রেতা (বায়ার) আমাদের পাশে থাকতেন এবং যে কোনো সংকটে সহযোগিতা করতেন, এবার তাদেরও পাশে পাচ্ছি না। কারণ, তাদের নিজেদের ব্যবসার অবস্থাও ভালো নয়। বাজার পরিস্থিতি খারাপ, বিক্রিও কম। অন্যদিকে আমাদের প্রতিযোগী দেশগুলো বাংলাদেশের চেয়ে অনেক ভালো দামে পণ্য সরবরাহ করছে এবং বিভিন্ন ধরনের সুবিধাও দিচ্ছে। এর সঙ্গে দীর্ঘদিন ধরে চলা শ্রমিক অসন্তোষ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
তিনি বলেন, গত ১৫ দিন ধরে এ অস্থিরতা চলছে। বিদেশি ক্রেতারা বিষয়টিকে অত্যন্ত নেতিবাচকভাবে নিয়েছেন। তারা বাংলাদেশ থেকে অনেক অর্ডার সরিয়ে নিয়েছেন। এখন কোনো সমস্যা দেখলেই দ্রুত অর্ডার অন্য দেশে স্থানান্তর করছেন। বিশেষ করে ত্রিপুরায় অনেক অর্ডার চলে গেছে। এছাড়া পাকিস্তান, কম্বোডিয়া ও ভিয়েতনামেও অর্ডার স্থানান্তর হচ্ছে। তিনি জানান, ত্রিপুরার কারখানাগুলো এখন দীর্ঘ সময় কাজ করছে। তারা ৯ ঘণ্টার বেশি কাজ করছে এবং শুক্রবারও কারখানা চালু রাখছে। ফলে ক্রেতারা বিকল্প হিসাবে এসব দেশকে বেছে নিচ্ছেন।
তার মতে, বাস্তবতা হচ্ছে, বাংলাদেশের সঙ্গে এসব দেশের উৎপাদন ব্যয়ের পার্থক্য খুব বেশি নয়। সামান্য দামের পার্থক্যের জন্যও ক্রেতারা এখন অন্য দেশে চলে যাচ্ছেন। সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে, শুধু নতুন অর্ডার নয়, নিশ্চিত হওয়া অর্ডারও বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। যেমন, সামারের জন্য যেসব অর্ডার নিশ্চিত হয়েছিল, সেগুলোর কাপড় এখনো আসেনি। সেই অর্ডারগুলোও অন্য দেশে স্থানান্তর করা হয়েছে। একইভাবে অটাম বা শরৎ মৌসুমের অর্ডার নিশ্চিত করার সময়ও ক্রেতারা বাংলাদেশ থেকে সরিয়ে নিচ্ছেন। অর্থাৎ অর্ডার প্লেসমেন্টের সময় এবং নিশ্চিত হওয়ার পর-দুই পর্যায়েই আমরা অর্ডার হারাচ্ছি। এর প্রভাব আগামী বছর আমাদের ব্যবসায় পড়বে। বিশেষ করে মার্চ থেকে ব্যাপকভাবে অর্ডার চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।
জানতে চাইলে বিকেএমইএর ভারপ্রাপ্ত সভাপতি ফজলে শামীম এহসান যুগান্তরকে বলেন, বর্তমানে দেশে যে শ্রমিক অসন্তোষ চলছে, তাতে প্রতিদিন গড়ে ১৫০ থেকে ২০০টি কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে অর্থনৈতিক ক্ষতি তো হচ্ছেই। তবে এই ক্ষতির পরিমাণ এখনই পরিমাপ করা সম্ভব নয়। হয়তো কিছুদিন পর জানা যাবে। তিনি বলেন, ‘আমার মনে হয়, অর্থনৈতিক ক্ষতির চেয়েও বড় ক্ষতি হবে বাংলাদেশের ভাবমূর্তি সংকট। ক্রেতারা যখন সময়মতো পণ্য পান না কিংবা এ ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়েন, তখন সংশ্লিষ্ট দেশকে ঝুঁকিপূর্ণ সোর্সিং কান্ট্রি হিসাবে বিবেচনা করেন।’
তিনি বলেন, যে দেশে ঝুঁকির মাত্রা যত বেশি, সেখানে ক্রেতারা উচ্চমূল্যের অর্ডার দিতে তত কম আগ্রহী হন। এমনকি অর্ডার দিলেও পণ্যের দাম নির্ধারণের সময় এসব ঝুঁকির বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। তার মতে, এ ধরনের সংকটের প্রভাব তাৎক্ষণিকভাবে দেখা যায় না। একটি বা দুটি মৌসুম পার হওয়ার পর এর প্রকৃত প্রভাব বোঝা যায়। কারণ, এর মধ্যে স্যাম্পলিং ও অর্ডারসংক্রান্ত অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন হয়ে যায়।
উদাহরণ দিয়ে তিনি বলেন, ২০২৪ সালের অস্থিরতার প্রভাব আমরা ২০২৬ সালের প্রথম আট-নয় মাসে পেয়েছি। এখন যদি একইভাবে শ্রমিক অসন্তোষ ও অনিশ্চয়তা চলতে থাকে, তাহলে ভবিষ্যতেও একই ধরনের পরিস্থিতি তৈরি হবে। এ অবস্থায় ভবিষ্যতে বাংলাদেশের প্রতি ক্রেতাদের আস্থা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
কালের কণ্ঠ
‘পোশাকশিল্পে উচ্চ পদে চার দশকেও বিদেশিনির্ভরতা’—এটি দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম। খবরে বলা হয়, চার দশকের বেশি সময় ধরে বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্র শিল্পের বিকাশ ঘটেছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিতি পেয়েছে বাংলাদেশ।
লাখ লাখ শ্রমিক, উদ্যোক্তা ও দেশীয় ব্যবস্থাপকদের শ্রমে গড়ে উঠেছে বিশাল রপ্তানিমুখী শিল্প। অথচ এই দীর্ঘ পথচলার পরও শিল্পটির গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা ও কারিগরি পদে বিদেশি পেশাজীবীদের ওপর নির্ভরতা কাটেনি। উৎপাদন ব্যবস্থাপনা, মার্চেন্ডাইজিং, ডায়িং-ফিনিশিং, মান নিয়ন্ত্রণ, কমপ্লায়েন্স, শিল্প প্রকৌশল এবং আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে যোগাযোগের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে এখনো কাজ করছেন বিদেশি নাগরিকরা।
উদ্যোক্তাদের একাংশের দাবি, আধুনিক প্রযুক্তি পরিচালনা, উৎপাদনশীলতা বাড়ানো এবং আন্তর্জাতিক ক্রেতাদের চাহিদা পূরণে বিদেশি বিশেষজ্ঞদের প্রয়োজন রয়েছে।
তবে প্রশ্ন উঠেছে, চার দশকের শিল্প বিকাশের পরও কেন এসব পদে পর্যাপ্ত দেশীয় দক্ষ জনবল তৈরি হয়নি? একই ধরনের দায়িত্বে বিদেশি কর্মকর্তারা দেশীয় কর্মকর্তাদের তুলনায় তিন থেকে পাঁচ গুণ বেশি বেতন পাচ্ছেন—এমন তথ্যও উঠে এসেছে গবেষণায়। পাশাপাশি বিদেশি কর্মী নিয়োগে স্বচ্ছতার অভাব, প্রকৃত বেতন গোপন, কর ফাঁকি এবং অবৈধ পথে অর্থ পাঠানোর ঝুঁকি নিয়ে উদ্বেগ রয়েছে।
ইনভেস্ট বাংলাদেশের উপপরিচালক ফায়জুর রাব্বীর দেওয়া তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে বিভিন্ন খাতে কর্মরত বিদেশি কর্মীর সংখ্যা ২৫ হাজার ২৬ জন। এই সংখ্যা শুধু তৈরি পোশাক ও বস্ত্র শিল্পের নয়, দেশের সব খাতের।
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী পরিচালক এ এস এম আনোয়ার পারভেজ জানান, বেপজার ইপিজেডগুলোতে বিদেশি কর্মী রয়েছেন দুই হাজার ৬০ জন। তাঁদের বড় অংশ মার্চেন্ডাইজিং ও কারিগরি কাজে নিয়োজিত।
ওয়ার্ক পারমিট নবায়ন বাড়ছে
বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিটের হিসাবেও দীর্ঘমেয়াদি কর্মসংস্থানের চিত্র পাওয়া যায়। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ওই অর্থবছরে বিদেশি কর্মীদের জন্য মোট ১৫ হাজার ৮৯৮টি ওয়ার্ক পারমিট অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে নতুন অনুমোদন পাঁচ হাজার ৪৯১টি এবং নবায়ন ১০ হাজার ৪০৭টি।
আগে ২০২৩-২৪ অর্থবছরে নতুন অনুমোদন ছিল পাঁচ হাজার ৭৬১টি এবং নবায়ন হয়েছিল ৯ হাজার ৯৪৭টি। অর্থাৎ নতুন অনুমোদন কমলেও নবায়ন বেড়েছে। তবে এই সংখ্যা অনুমোদিত পারমিটের; এটি দেশে কর্মরত বিদেশি কর্মীর মোট সংখ্যা নয়। একই ব্যক্তির পারমিট নবায়নও এতে অন্তর্ভুক্ত রয়েছে।
প্রযুক্তি ও দক্ষতার ঘাটতির যুক্তি উদ্যোক্তাদের
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) পরিচালক এবং লিটল স্টার স্পিনিং মিলসের চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলম কালের কণ্ঠকে বলেন, উৎপাদন ব্যবস্থাপনা, ডায়িং, উৎপাদন তদারকি ও কারিগরি কাজে বিদেশি পেশাজীবীরা কাজ করছেন। তাঁদের মধ্যে শ্রীলঙ্কা ও ভারতের নাগরিকের সংখ্যা বেশি। তাঁর মতে, দেশীয় কর্মীদের দক্ষতা, প্রযুক্তি ব্যবহারের অভিজ্ঞতা এবং আধুনিক যন্ত্র পরিচালনার সক্ষমতায় ঘাটতি থাকায় অনেক প্রতিষ্ঠান বিদেশি কর্মী নিয়োগে আগ্রহী হয়।
নিজের কারখানার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আগে যে কারখানায় প্রায় এক হাজার ১০০ শ্রমিক দিয়ে উৎপাদন চালাতে হতো, প্রযুক্তি, প্রশিক্ষণ ও ব্যবস্থাপনার উন্নতির পর সেখানে কর্মীসংখ্যা কমিয়ে প্রায় ৩৫০ জনে আনা সম্ভব হয়েছে। তাঁর দাবি, চীনের একটি ৫৪ হাজার স্পিন্ডলের কারখানা মাত্র ৮০ জন কর্মী দিয়ে পরিচালনা করা সম্ভব। এসব উদাহরণ দিয়ে তিনি উৎপাদনশীলতা বাড়াতে প্রযুক্তি ও দক্ষতার ব্যবধান কমানোর ওপর গুরুত্ব দেন।
অন্যদিকে নিট পোশাক খাতের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান কালের কণ্ঠকে বলেন, নতুন প্রযুক্তি স্থাপন ও পরিচালনা, উৎপাদন দক্ষতা বাড়ানো এবং স্থানীয় কর্মীদের প্রশিক্ষণ দিতে বিদেশি বিশেষজ্ঞদের প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রে এক থেকে দুই বছর কাজ করে তাঁরা দেশীয় কর্মীদের প্রশিক্ষণ দেন।
সমকাল
দৈনিক সমকালের প্রথম পাতার খবর ‘এইচএসসি পরীক্ষা: সম্পূরক পরীক্ষায় বসছেন না আড়াই লাখ শিক্ষার্থী’। প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের জন্য সম্পূরক পরীক্ষার সুযোগ দেওয়া হলেও আগ্রহ দেখাচ্ছেন না আড়াই লাখের বেশি শিক্ষার্থী। ১০টি শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, সম্পূরক পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন এক লাখ ৫৮ হাজার ২৬৮ জন। এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা চার লাখ ২২ হাজার ৯০৫।
গতকাল শনিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান সমকালকে এ তথ্য জানান। তিনি বলেন, ১০টি শিক্ষা বোর্ডে মোট এক লাখ ৫৮ হাজার ২৬৮ শিক্ষার্থী সম্পূরক পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন। একটি বোর্ডের তথ্য এখনও পাওয়া যায়নি। দ্রুত তথ্য পাঠাতে সংশ্লিষ্ট বোর্ডকে বলা হয়েছে।
চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। তাদের মধ্যে পাস করেছেন ছয় লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হয়েছেন পাঁচ লাখ ৯৪ হাজার ১১৩ জন। পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। অকৃতকার্যদের মধ্যে এক বিষয়ে দুই লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে এক লাখ ২৪ হাজার ৮৬৫ জন রয়েছেন।
গত ৩১ অক্টোবর ফল প্রকাশের দিন এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছিলেন, এক মাসের মধ্যে এসব পরীক্ষা নেওয়া হবে। এরপর ৫ নভেম্বর থেকে ফরম পূরণ শুরু হয়ে ৯ নভেম্বর পর্যন্ত চলে।
যশোর বোর্ডে আবেদন ৩৯ হাজার
যশোর শিক্ষা বোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০ জেলায় সম্পূরক পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছেন ৩৯ হাজার ২২৭ শিক্ষার্থী। চলতি বছর এ বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নেন এক লাখ ১২ হাজার ৭৯১ জন। তাদের মধ্যে পাস করেছেন ৫০ হাজার ৬৬৮ জন।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী জানান, পরীক্ষার প্রয়োজনীয় প্রশাসনিক ও দাপ্তরিক প্রস্তুতি শেষ হয়েছে। খুলনা বিভাগের ১০ জেলার প্রতিটি উপজেলায় পরীক্ষাকেন্দ্র স্থাপন করা হবে। প্রতি ৩০০ থেকে ৫০০ পরীক্ষার্থীর জন্য একটি কেন্দ্র নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার পরিবেশ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিশেষজ্ঞরা যা বলেন
সুযোগ পেয়েও বিপুলসংখ্যক পরীক্ষার্থীর তা গ্রহণ না করার বিষয়ে অভিমত জানতে চাইলে গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, এর পেছনে একাধিক কারণ রয়েছে। প্রথমত, দীর্ঘদিনের শিক্ষাজীবনে পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কারণে অনেক শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়েছেন। দ্বিতীয়বার পরীক্ষা দিয়েও পাস করতে না পারার আশঙ্কা তাদের মধ্যে কাজ করছে। ফলে নতুন করে প্রস্তুতি নেওয়ার পরিবর্তে অনেকে পরীক্ষা থেকে দূরে থাকাকেই নিরাপদ মনে করছেন।
রাশেদা কে চৌধুরীর মতে, পরীক্ষার ফল বিপর্যয়ের পর শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাসের সংকট তৈরি হয়েছে। বিশেষ করে ইংরেজি ও আইসিটির মতো বিষয়ে দুর্বল শিক্ষার্থীরা মনে করছেন, অল্প সময়ে প্রস্তুতি নিয়ে ভালো করা সম্ভব নয়। এর সঙ্গে যুক্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, কর্মমুখী শিক্ষা কিংবা বিকল্প পেশায় যাওয়ার চিন্তা।
অনেক শিক্ষাবিদ মনে করেন অকৃতকার্য হওয়ার পরপরই শিক্ষার্থীদের জন্য কার্যকর কাউন্সেলিং ও একাডেমিক সহায়তার ব্যবস্থা করা হয়নি। কোনো বিষয়ে কেন তারা পিছিয়ে পড়েছেন, কীভাবে অল্প সময়ে প্রস্তুতি নিয়ে উত্তীর্ণ হওয়া সম্ভব—এ বিষয়ে দিকনির্দেশনার অভাব রয়েছে। অনেক শিক্ষার্থী কলেজের নিয়মিত পাঠদান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ফলে নতুন করে প্রস্তুতি নেওয়ার মতো পরিবেশও তারা পাচ্ছেন না।
শিক্ষা বিশেষজ্ঞদের মতে কেন এত বিপুলসংখ্যক শিক্ষার্থী দ্বিতীয় সুযোগ গ্রহণ করছে না, তা অনুসন্ধান করা জরুরি। শিক্ষা বোর্ড ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উচিত শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে অনাগ্রহের কারণ চিহ্নিত করা। পাশাপাশি বিনামূল্যে বিশেষ ক্লাস, বিষয়ভিত্তিক পরামর্শ, অনলাইন প্রস্তুতি সহায়তা ও মানসিক কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা প্রয়োজন। তা না হলে বিপুলসংখ্যক শিক্ষার্থীর শিক্ষাজীবন দীর্ঘায়িত হওয়ার পাশাপাশি ঝরে পড়ার ঝুঁকিও বাড়তে পারে।
ইত্তেফাক
‘কঠোর অবস্থানে যাচ্ছে সরকার, মাঠে থাকবে বিএনপি ও মিত্ররা’—এটি দৈনিক ইত্তেফাকের প্রথম পাতার খবর। প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বরকে সামনে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগ-ভাঙচুরের ঘটনাগুলোকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নাশকতা হিসেবেই দেখছে সরকার। সামনে এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার ও প্রশাসন। পাশাপাশি রাজনৈতিকভাবেও মোকাবিলার লক্ষ্যে ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে ক্ষমতাসীন বিএনপি। দলটির মিত্র দল-জোটগুলোও কর্মসূচি দিয়ে মাঠে নামছে। এছাড়া, সারা দেশে নাশকতাকারীদের শনাক্ত ও গ্রেফতার, টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধির জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে প্রশাসন।
সংরক্ষিত নারী আসনের সদস্যসহ বিএনপি দলীয় সংসদ সদস্যরাও নিজ এলাকায় থেকে নেতাকর্মীদের নিয়ে সতর্ক অবস্থানে থাকবেন। গত ৯ নভেম্বর শুরু হওয়া সংসদের চতুর্থ অধিবেশন আগামী বুধবার শেষ হওয়ার কথা রয়েছে। অধিবেশন শেষ হওয়ার পর দলীয় এমপিদের সবাইকে নিজ নিজ নির্বাচনি আসনে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
৯ নভেম্বর অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে সংসদনেতা তারেক রহমান বলেছেন, ‘আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথে আমরা থাকবো। রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে। বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার।’ দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে বিএনপিপ্রধান এ-ও বলেছেন, ‘বিপ্লব ও সংহতি দিবসে আমরা ৭ নভেম্বর রাজপথে ছিলাম। সামনের দিনগুলোতেও আমরা রাজপথেই থাকবো। রাজপথ থেকে আমাদের কেউ সরাতে পারবে না। আপনারাও রাজপথে থাকবেন, যে কোনো ধরনের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকবেন।’
মহান বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীতে বিএনপির বিশাল র্যালিকে ‘বার্তা’ হিসেবে উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস ইত্তেফাককে বলেন, ‘যদিও প্রতি বছরই আমরা এ ধরনের র্যালি করে থাকি তারপরেও বলবো চলমান প্রেক্ষাপটে এ ধরনের বিশাল র্যালি অবশ্যই একটি বার্তা। বিএনপি রাজপথে ছিল, আছে, থাকবে। অতীতের মতো সামনের দিনগুলোতে জনগণকে নিয়ে যে কোনো ধরনের নৈরাজ্য রুখে দেবে বিএনপি।’
দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রেখে জননিরপত্তা নিশ্চিতে ও নাশকতা প্রতিরোধে ইতিমধ্যেই ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন শুরু করেছে বিএনপি এবং যুবদল ও ছাত্রদলসহ দলটির অঙ্গ-সহযোগী-ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলো। ‘সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের জ্বালাও-পোড়াও এবং ককটেল হামলার প্রতিবাদে’ গতকাল শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। যুবদলের এই বিক্ষোভ মিছিল শেষ সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ফ্যাসিবাদের আকাঙ্ক্ষা ও স্বপ্ন প্রতিরোধে জাতীয়তাবাদী শক্তি মাঠে থাকবে। সারা দেশে গণমানুষ পথে পথে, মোড়ে মোড়ে ব্যারিকেড তৈরি করবে।’
গতকাল বিকালে রাজধানীর ফার্মগেট হয়ে কাওরান বাজার এলাকায়ও যুবদল-ছাত্রদলকে বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে। বিএনপির নেতাকর্মীরা সারা দেশেই কয়েক দিন ধরে নিয়মিতভাবে এ ধরনের বিক্ষোভ মিছিল করছেন। অন্যদিকে, নাশকতার সঙ্গে সম্পৃক্ত কিংবা সন্দেহভাজনদের ধরার ক্ষেত্রেও আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।
নাশকতা ও অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে বিএনপির মিত্র দল-জোটগুলোও কর্মসূচি দিয়ে মাঠে নামছে। ‘১২ দলীয় জোট’ আজ রবিবার সকালে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে। আর ‘জাতীয়তাবাদী সমমনা জোট’ আগামীকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে। জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ গতকাল ইত্তেফাককে জানান, ‘সন্ত্রাস, জ্বালাও-পোড়াওর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। সামনের দিনগুলোতে বিএনপির সঙ্গে সমন্বয় করে ধারাবাহিক কর্মসূচি পালন করবে জাতীয়তাবাদী সমমনা জোট।’
নয়া দিগন্ত
দৈনিক নয়া দিগন্তের প্রধান শিরোনাম ‘আ’লীগের ৮ শতাংশ প্রবৃদ্ধির রহস্য ফাঁস’। প্রতিবেদনে বলা হয়, পতিত আওয়ামী লীগ আমলে বছরের পর বছর অর্থনীতিবিদরা প্রশ্ন তুলেছেন, বিনিয়োগ আটকে, রাজস্ব স্থির, তবু জিডিপি এত দ্রুত বাড়ে কিভাবে? সে সময় এই প্রশ্নের উত্তর মেলেনি। উপরন্তু যারা এই প্রশ্ন তুলেছেন, তাদেরকে রীতিমতো ‘গালমন্দ’ ও ‘শাসানো’ও হয়েছে। কিন্তু এখন থলের বেড়াল বের হওয়া শুরু করেছে। স্রেফ কারচুপি মাধ্যমে এই অপকর্মটি যে করা হয়েছে, তার এখন প্রমাণ মিলেছে।
গতকাল শনিবার সরকারের ফরেনসিক অডিটের খসড়া প্রতিবেদনে প্রথমবার তার একটি হিসাব সামনে আসে। প্রতিবেদন বলছে, ২০১৪-১৫ অর্থবছর থেকে প্রবৃদ্ধির হার বাড়িয়ে দেখানো হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে এই প্রবৃদ্ধি দেখানো হয়েছে ১.৩০ শতাংশীয় পয়েন্ট পর্যন্ত। বলা হয়েছে, সিমেন্টে ৬১%, জাহাজে ২৪২%, কাগজে ফুলেছিল প্রবৃদ্ধি।
বাড়তি দেখানোর পরিমাণ কত : ২০১৪-১৫ থেকে ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত বাংলাদেশের গড় প্রবৃদ্ধি দেখানো হয়েছে ৭.৩৯ শতাংশ, যা আগের পর্বের চেয়ে বেশি। কিন্তু এই উল্লম্ফনের পেছনের সংখ্যাগুলো ধরে খুঁজতে গিয়ে বিশেষজ্ঞ কমিটি অস্বস্তিকর কিছু অসঙ্গতি পেয়েছে- যে খাতকে সবাই প্রবৃদ্ধির নায়ক ভাবে, তার গতিই কমেছে।
উল্লেখ্য, গত ২৯ মার্চ ২০২৬ অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ তিতুমীরের নির্দেশে গঠিত হয় ‘জিডিপি প্রাক্কলনের অসঙ্গতি পরীক্ষা কমিটি’। সেপ্টেম্বরে জমা দেয়া প্রতিবেদনটি তৈরি করেছেন বিআইডিএসের মহাপরিচালক ড. এ কে এনামুল হক ও ড. অতনু রব্বানী। কমিটির দু’টি লক্ষ্য ছিল- প্রবৃদ্ধির ধরনে অস্বাভাবিকতা আছে কি না, তা চিহ্নিত করা এবং ভবিষ্যতে পরিসংখ্যান ব্যবস্থাপনায় নিয়মতান্ত্রিক হেরফের ঠেকানোর কৌশল দেয়া।
দুই পর্ব, এক লাফ : কমিটি ২০১০-১১ থেকে ২০১৩-১৪ পর্যন্ত সময়কে ‘পর্ব-১’ এবং ২০১৪-১৫ থেকে ২০১৮-১৯ পর্যন্ত সময়কে ‘পর্ব-২’ ধরেছে। ২০০৫-০৬ ভিত্তিবছরের স্থির মূল্যে গড় প্রবৃদ্ধি ৬.২৭ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৭.৩৯ শতাংশ, অর্থাৎ প্রায় ১.১৩ শতাংশ পয়েন্ট ত্বরণ। করোনার ধাক্কার বছর ২০১৯-২০ (প্রবৃদ্ধি ৩.৫১%) হিসাব থেকে বাদ রাখা হয়েছে, কারণ তা তুলনাকে বিকৃত করত।
ত্বরণের ৪১ শতাংশ এসেছে শিল্প থেকে : গবেষণা প্রতিবেদনে ১৫টি খাতে ভাগ করে দেখা গেছে, এই ত্বরণে সবচেয়ে বড় ভূমিকা উৎপাদন (ম্যানুফ্যাকচারিং) খাতের। এর গড় প্রবৃদ্ধি ৯.৭৬% থেকে বেড়ে ১২.১১% হয়েছে, আর জিডিপিতে এর গড় অংশ ১৯.৬৮%। ভারযুক্ত অবদান +০.৪৬২৭ শতাংশ পয়েন্ট, যা মোট ত্বরণের প্রায় ৪১%। এর ৭৯ শতাংশ (০.৩৬৬৬ পয়েন্ট) এসেছে বৃহৎ ও মাঝারি শিল্প থেকে। উল্টো দিকে পরিবহন ও যোগাযোগ (০.১০৪৪), আর্থিক মধ্যস্থতা (০.০৭৩৫) ও কৃষি (০.০৪১৩) ত্বরণ কমিয়েছে।
পোশাক খাতের ধাঁধা : সবচেয়ে বড় প্রশ্নটি এখানেই এসেছে বলে মনে করেন গবেষকরা। উৎপাদন খাতের বাস্তব উৎপাদন পরিমাপ করে বিবিএসের নিজস্ব কোয়ান্টাম ইনডেক্স অব ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন (কিউআইআইপি)। সেখানেও সামগ্রিক ত্বরণ মিলেছে : ১০.৫৪% থেকে ১৩.০১%। কিন্তু ২২টি উপখাতে ভেঙে দেখলে চিত্র আলাদা। সূচকের ৩৪.৮৪ শতাংশ ওজন বহনকারী পোশাক খাতের প্রবৃদ্ধি ১৩.৫৫% থেকে কমে হয়েছে ৮.৬৯%। এতে সূচকে ১.৬৯ শতাংশ পয়েন্টের টান পড়েছে; অর্থাৎ ‘পোশাকনির্ভর বুম’-এর জনপ্রিয় গল্প এ তথ্যে টেকে না। কমিটি বলছে, পোশাক খাত পর্ব-১-এর গতি ধরে রাখলেও উৎপাদন খাতের ত্বরণ প্রায় দ্বিগুণ হতো। ২২টির মধ্যে ১৬টি উপখাত গতি বাড়িয়েছে, নেতৃত্বে অধাতব খনিজ (সিমেন্ট, ইট), যার প্রবৃদ্ধি ২.৩২% থেকে ২৫.৬৭%। বস্ত্র (সুতা ও কাপড়) প্রায় শূন্য (০.০৫%) থেকে ৮.১৪%-এ উঠেছে। ওষুধ ও চামড়াও উল্লেখযোগ্য। যান, যন্ত্রপাতি ও ইলেকট্রনিক্সে শতাংশ হার বিশাল হলেও ওজন কম বলে সূচকে প্রভাব সামান্য।
বাংলাদেশ প্রতিদিন
‘বোমা-আগুন সন্ত্রাস ঠেকাতে সরকারের সাত পরিকল্পনা’—এটি দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার খবর। প্রতিবেদনে বলা হয়, আগামী ডিসেম্বর মাস ঘিরে দেশে সম্ভাব্য অস্থিতিশীলতা রোধ এবং বোমা-ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মতো নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর অবস্থানে যাচ্ছে প্রশাসন ও ক্ষমতাসীন দল বিএনপি। সম্প্রতি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার চেষ্টাকারী এবং এর নেপথ্যের হোতাদের খুঁজে বের করাসহ তাদের অপতৎপরতা মোকাবিলায় সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রধান রাজনৈতিক দলগুলো যৌথভাবে বহুমুখী কৌশল গ্রহণ করেছে। গোয়েন্দা তৎপরতা, প্রশাসনিক ও আইনগত পদক্ষেপ, কঠোর নজরদারি, ‘জিরো টলারেন্স’ নীতি, যথাযথ আইনি প্রক্রিয়া, সরকারি ঘোষণা এবং রাজনৈতিক দলগুলোর কর্মপরিকল্পনা বিশ্লেষণ করে সংশ্লিষ্ট সূত্রগুলো এ পরিস্থিতি মোকাবিলায় প্রধানত সাতটি কৌশলগত পরিকল্পনা বা প্ল্যান চিহ্নিত করেছে। এর মধ্যে রয়েছে-
আগাম গোয়েন্দা নজরদারি ও ঝুঁকি নিরূপণ : নাশকতামূলক কর্মকাণ্ড ঘটার পর কেবল গতানুগতিক ব্যবস্থা নেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে এবার আগাম প্রতিরোধ বা ‘প্রিভেনটিভ মেজার’-এ জোর দিয়েছে প্রশাসন। সরকারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র অনুযায়ী, গোয়েন্দা সংস্থাগুলোর কার্যপরিধি এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই সম্ভাব্য ঝুঁকিগুলো চিহ্নিত করে তা অঙ্কুরেই বিনাশ করার জন্য সাইবার ও মাঠপর্যায়ের গোয়েন্দাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে সম্ভাব্য হটস্পট বা সংবেদনশীল স্থানগুলোয় গোয়েন্দা নজরদারি এখন সর্বোচ্চ পর্যায়ে রাখা হয়েছে।
কঠোর নজরদারি, চেকপোস্ট ও ‘কোয়ালিটি অ্যারেস্ট’ : সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলে পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে। পুলিশ সদর দপ্তর থেকে সারা দেশে টহল জোরদার, চেকপোস্ট বসানো এবং সিসিটিভি ও সাইবার মনিটরিং বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানীসহ সারা দেশের প্রধান সড়ক, প্রবেশপথ এবং গুরুত্বপূর্ণ মোড়গুলোয় পুলিশ ও যৌথ বাহিনীর তল্লাশিচৌকি বা চেকপোস্টের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। এ ছাড়া পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির দেশের সব পুলিশ সুপার ও কমিশনারের সঙ্গে বৈঠক করে নির্বিচার গণগ্রেপ্তার না করে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে প্রকৃত অপরাধীদের অর্থাৎ ‘কোয়ালিটি অ্যারেস্ট’-এর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরের মতো জেলাগুলোয় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে পুলিশ প্রশাসন নিশ্চিত করেছে।
সাইবার মনিটরিং ও অনলাইন তৎপরতা রোধ : বর্তমান সময়ে নাশকতার বড় একটি অংশ পরিকল্পনা ও উসকানি ছড়ানোর জন্য অনলাইন ও সামাজিক মাধ্যম ব্যবহার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাইবার ইউনিটের কর্মকর্তারা জানান, এ বাস্তবতা মাথায় রেখে সাইবার মনিটরিং ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। ফেসবুক, ইউটিউব বা অন্যান্য এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপে গুজব রটানো, ভুয়া তথ্য ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি কিংবা নাশকতার নির্দেশনা আদানপ্রদানকারীদের শনাক্ত করতে সাইবার ক্রাইম ইউনিটগুলো সার্বক্ষণিক কাজ করছে।
আত্মরক্ষার অধিকার প্রয়োগে কঠোর অভিযান : আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল চাঙা রাখতে এবং নাশকতাকারীদের কঠোর হাতে দমনে সরকার আইনি কাঠামোর সঠিক ব্যবহারের ওপর জোর দিয়েছে। জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন যে অভিযান পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘রাইটস অব প্রাইভেট ডিফেন্স’ বা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবে।
অর্থের জোগানদাতা ও নেপথ্যের হোতাদের শনাক্তকরণ : মাঠে যারা ককটেল বিস্ফোরণ বা অগ্নিসংযোগ করছে, তাদের পাশাপাশি এ সহিংসতার পেছনে অর্থায়নকারী এবং মূল নির্দেশদাতাদের খুঁজে বের করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। সরকারি বিভিন্ন সূত্র ও গোয়েন্দা তথ্যানুযায়ী, কথিত ‘গেরিলা সেল’-এর মাধ্যমে এ অরাজকতা চালানোর চেষ্টা চলছে। সাম্প্রতিক সময়ে যেসব দুর্বৃত্ত গ্রেপ্তার হয়েছে, তাদের রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তসংশ্লিষ্টদের মতে, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে দেশ ও বিদেশ থেকে অর্থ জোগানদাতা এবং নাশকতার মাস্টারমাইন্ডদের একটি সুনির্দিষ্ট তালিকা প্রস্তুত করা হয়েছে এবং তাদের আইনের আওতায় আনতে ইন্টারপোলসহ অন্যান্য আন্তর্জাতিক মাধ্যম ব্যবহার করা হচ্ছে।
কূটনৈতিক তৎপরতা ও প্রত্যর্পণ প্রচেষ্টা: দেশকে অস্থিতিশীল করার নেপথ্যে বিদেশ থেকে পরিচালিত ষড়যন্ত্র রুখতে কূটনৈতিক চ্যানেলে তৎপরতা জোরদার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী, বিদেশে বসে যারা দেশের শান্তি বিনষ্ট করার চক্রান্তে লিপ্ত এবং যাদের বিরুদ্ধে সাজা বা গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, তাদের দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেছেন, বিশেষ করে দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় বিদেশে পালিয়ে থাকা সাজাপ্রাপ্ত ও কুখ্যাত অপরাধী এবং মাস্টারমাইন্ডদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করানোর এ কূটনৈতিক উদ্যোগ চলমান রয়েছে।
ডিসেম্বরজুড়ে বিএনপির রাজপথ দখল ও জাতীয় ঐক্যের উদ্যোগ: শুধু প্রশাসনিক শক্তির ওপর নির্ভর না করে রাজনৈতিকভাবেও মাঠ দখলের পরিকল্পনা নিয়েছে ক্ষমতাসীন দল বিএনপি ও তাদের সমমনা রাজনৈতিক দলগুলো। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও নৈরাজ্য রাজনৈতিকভাবে মোকাবিলা করতে বিএনপি আগামী ডিসেম্বরজুড়ে সারা দেশে সক্রিয় কর্মসূচি, আলোচনা সভা, গণসংযোগ এবং বিজয় র্যালির মাধ্যমে রাজপথে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে। দলীয় নেতাদের মতে, এর মূল উদ্দেশ্য হলো নাশকতাকারীরা যেন কোনোভাবেই সাধারণ মানুষের মনে ভীতি সৃষ্টি করে ফাঁকা মাঠে ফায়দা লুটতে না পারে।
দেশ রূপান্তর
দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম ‘শিক্ষক সংকটে ধুঁকছে বিশ্ববিদ্যালয়’। খবরে বলা হয়,দেশে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার গ্রাফ ঊর্ধ্বমুখী, বিপরীতে উচ্চশিক্ষার মান নিয়ে প্রশ্ন ক্রমেই বাড়ছে। বিশ্ববিদ্যালয় খোলার দিকে নীতিনির্ধারকদের যতটা মনোযোগ, শিক্ষার মান বাড়ানো এবং প্রয়োজনীয় শিক্ষক নিয়োগে তার ছিটেফোঁটাও নেই। ফলে নানামুখী সংকটের বেড়াজালে আটকে পড়েছে উচ্চশিক্ষাব্যবস্থা। শ্রেণিকক্ষ, গবেষণাগার, গবেষণা বাজেট, গ্রন্থাগার ও আবাসিক হলের সংকটের মধ্যে সবচেয়ে প্রকট হয়ে উঠেছে শিক্ষক সংকট। শিক্ষক ছাড়া শিক্ষা যে সম্ভব নয়, তা যেন অনুধাবন করতে পারছেন না সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা।
প্রচলিত আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১:২০ ধরা হলে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এর চেয়ে অনেক পিছিয়ে। দেশের ৫৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গড়ে একজন শিক্ষকের বিপরীতে শিক্ষার্থী ৪৩ জন। অন্যদিকে, ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এই অনুপাত ১:২২। অর্থাৎ পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকপ্রতি শিক্ষার্থীর সংখ্যা আন্তর্জাতিক মানদণ্ডের দ্বিগুণেরও বেশি। বেসরকারি বিশ্ববিদ্যালয়েও পরিস্থিতি প্রত্যাশিত মানের চেয়ে পিছিয়ে; তার ওপর উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষক খণ্ডকালীন।
প্রতি বছর বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র্যাং কিং প্রকাশিত হলে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থান নিয়ে সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। কখনো হতাশা প্রকাশ করেন শিক্ষাসংশ্লিষ্ট কর্তাব্যক্তিরাও। কিন্তু আন্তর্জাতিক র্যাং কিংয়ে ভালো অবস্থান পেতে হলে বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক সক্ষমতা, শিক্ষকসংখ্যা, গবেষণা ও শিক্ষার পরিবেশ উন্নত করা জরুরি এই বাস্তবতা নীতিনির্ধারণে কতটা গুরুত্ব পাচ্ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। একজন শিক্ষকের বিপরীতে ৪৩ জন শিক্ষার্থী নিয়ে মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করা কতটা সম্ভব, সেই প্রশ্নও সামনে আসছে।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন দেশ রূপান্তরকে বলেন, শিক্ষাব্যবস্থার যেদিকে তাকাই সেদিকেই শুধু সংকট আর সংকট। আমরা চেষ্টা করছি সমস্যা চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নেওয়ার। শিক্ষক সংকট দূর করতে দ্রুত কীভাবে নিয়ম মেনে শিক্ষক নিয়োগ দেওয়া যায় সেদিকে নজর দেওয়া হবে।
পাবলিক বিশ্ববিদ্যালয়ের চিত্র : দেশের শিক্ষাকার্যক্রম চালু থাকা ৫৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক রয়েছেন ১৬ হাজার ৫৭২ জন। বিপরীতে শিক্ষার্থী ৭ লাখ ১৬ হাজার ৩৯০ জন। এই হিসাবে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১:৪৩। শিক্ষকদের মধ্যে অধ্যাপক ৫ হাজার ৩৫৬ জন, সহযোগী অধ্যাপক ২ হাজার ৯৮৯, সহকারী অধ্যাপক ৫ হাজার ৬ জন এবং প্রভাষক ২ হাজার ২৫২ জন। এ ছাড়া চুক্তিভিত্তিক বিভিন্ন পদে রয়েছেন ৯৬৯ জন শিক্ষক। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) বাংলাদেশ শিক্ষা পরিসংখ্যান-২০২৫-এ উঠে এসেছে এসব চিত্র। সম্প্রতি এই পরিসংখ্যান প্রকাশিত হয়েছে।
শিক্ষক সংকটের চিত্র আরও স্পষ্ট হয় বিশ্ববিদ্যালয়ভিত্তিক তথ্য বিশ্লেষণে। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কমপক্ষে ২০টিতে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১:৩০ বা তার বেশি। অর্থাৎ এসব প্রতিষ্ঠানে একজন শিক্ষককে গড়ে ৩০ জন বা তার বেশি শিক্ষার্থীর পাঠদান ও শিক্ষা-সংশ্লিষ্ট দায়িত্ব সামলাতে হয়।
দেশের উচ্চশিক্ষাব্যবস্থার ঐতিহ্য ও সক্ষমতার অন্যতম স্মারক প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। বিশ্ববিদ্যালয়টির ১৩টি অনুষদের অধীনে রয়েছে ৮৪টি বিভাগ। এ ছাড়া রয়েছে ১৩টি ইনস্টিটিউট। সেখানে ৩৬ হাজার ৬০০ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক ২ হাজার ৩৪৩ জন। এই হিসাবে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১:১৬। তবে এর মধ্যে ৩৬৫ জন শিক্ষক উচ্চশিক্ষার ছুটিতে রয়েছেন। তাদের বাদ দিলে কর্মরত শিক্ষকের সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৯৭৮ জন। সে হিসাবে অনুপাত বেড়ে দাঁড়ায় প্রায় ১:১৮.৫০।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত চট্টগ্রাম, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর অনুপাতও শিক্ষক সংকটের প্রকট চিত্র তুলে ধরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৭ হাজার ৫২৫ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক ১ হাজার ৩৬৬ জন; অনুপাত ১:২০। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০ হাজার ৯২৯ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক ১ হাজার ৫৬ জন; অনুপাত প্রায় ১:২০। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১২ হাজার ১০২ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক ৭০৩ জন; অনুপাত ১:১৭। তবে এসব বিশ্ববিদ্যালয়েও উচ্চশিক্ষার ছুটিতে থাকা শিক্ষকদের বাদ দিয়ে হিসাব করলে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত বাড়বে। শীর্ষ বিশ্ববিদ্যালয়ে তাও মানের কাছাকাছি অবস্থান করছে, কিন্তু তুলনামূলক নবীন ও মানে পিছিয়ে পড়া বিশ্ববিদ্যালয়ের অবস্থা আরও শোচনীয়।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকের আধিক্য : দেশের ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক রয়েছেন ১৭ হাজার ৭৯৩ জন। বিপরীতে শিক্ষার্থী ৩ লাখ ৯৩ হাজার ৪৭৩ জন। শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১:২২। তবে এই সংখ্যার আড়ালে রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ বাস্তবতা শিক্ষকদের বড় একটি অংশ খণ্ডকালীন। এসব বিশ্ববিদ্যালয়ে স্থায়ী শিক্ষক ১২ হাজার ৯৭১ জন এবং খণ্ডকালীন শিক্ষক ৪ হাজার ৮২২ জন। অর্থাৎ মোট শিক্ষকের প্রায় ২৭ শতাংশ খণ্ডকালীন।
পদভিত্তিক হিসেবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে স্থায়ী অধ্যাপক রয়েছেন ১ হাজার ৪৬ জন, খণ্ডকালীন অধ্যাপক ১ হাজার ১৪৯ জন। সহযোগী অধ্যাপকের মধ্যে স্থায়ী ১ হাজার ১৯১ এবং খণ্ডকালীন ৬৮৪ জন। সহকারী অধ্যাপক রয়েছেন স্থায়ী ৩ হাজার ২৪৯ এবং খণ্ডকালীন ৭১১ জন। প্রভাষকদের মধ্যে স্থায়ী ৭ হাজার ১৭২ এবং খণ্ডকালীন ১ হাজার ৬৮৩ জন। এ ছাড়া অন্যান্য পদে স্থায়ী শিক্ষক ৩১৩ এবং খণ্ডকালীন শিক্ষক ৫৯৫ জন।
শিক্ষা ও গবেষণায় সুনামের জন্য পরিচিত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর তথ্যেও শিক্ষক-শিক্ষার্থীর অনুপাতের ক্ষেত্রে বড় পার্থক্য দেখা যায়। দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ২২ হাজার ৬৫৫ জন, শিক্ষক মাত্র ৬২০ জন। সে হিসেবে একজন শিক্ষকের বিপরীতে শিক্ষার্থী প্রায় ৩৭ জন অনুপাত ১:৩৭।
ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে ১০ হাজার ৮১০ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক ৫৭৪ জন। সেখানে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত প্রায় ১:১৯। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ১২ হাজার ৬০২ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক ৬২৩ জন; অনুপাত প্রায় ১:২০। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে ১০ হাজার ৩০১ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক ৬০৪ জন; অনুপাত প্রায় ১:১৭। অন্যদিকে, গণ বিশ্ববিদ্যালয়ে ৫ হাজার ৩৬ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক ১৯৩ জন; অনুপাত প্রায় ১:২৬।
বিশ্ববিদ্যালয় বাড়ছে, শিক্ষক বাড়ছে কতটা? : শিক্ষাবিদরা বলছেন, উচ্চশিক্ষার বিস্তার অবশ্যই প্রয়োজন। কিন্তু প্রয়োজনীয় শিক্ষক, গবেষণাগার, গ্রন্থাগার ও গবেষণার সুযোগ নিশ্চিত না করে শুধু বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ালে শিক্ষার মান নিয়ে প্রশ্ন থেকেই যাবে। একজন শিক্ষকের ওপর অতিরিক্ত শিক্ষার্থীর চাপ পড়লে পাঠদানের পাশাপাশি ব্যক্তিগত পরামর্শ, গবেষণায় তত্ত্বাবধান এবং শিক্ষার্থীদের দক্ষতা বিকাশের সুযোগও সীমিত হতে পারে। আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকের ওপর নির্ভরতা বাড়লে একাডেমিক কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করাও চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম খান বলেন, বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক র্যাং কিংয়ে ভালো অবস্থান অর্জন কেবল প্রচারণা বা উচ্চাকাক্সক্ষার বিষয় নয়; এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা, যোগ্য শিক্ষক নিয়োগ, গবেষণায় বিনিয়োগ এবং মানসম্মত শিক্ষার পরিবেশ। শিক্ষক-শিক্ষার্থীর অনুপাতকে তাই শুধু পরিসংখ্যান হিসেবে দেখার সুযোগ নেই। এটি উচ্চশিক্ষার সক্ষমতা ও সীমাবদ্ধতা বোঝার অন্যতম সূচক।
তিনি বলেন, এখন প্রশ্ন হচ্ছে, নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনায় শিক্ষক নিয়োগ ও শিক্ষার মান নিশ্চিত করার বিষয়টি কতটা গুরুত্ব পাচ্ছে? শিক্ষক সংকটের সমাধান না করে অবকাঠামো নির্মাণ কিংবা বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ানোর মধ্যেই যদি উন্নয়ন সীমাবদ্ধ থাকে, তাহলে উচ্চশিক্ষার কাক্সিক্ষত মান অর্জন কঠিন হবে। আন্তর্জাতিক র্যাং কিংয়ে ভালো করার প্রত্যাশা পূরণ করতে হলে আগে নিশ্চিত করতে হবে শ্রেণিকক্ষে পর্যাপ্ত শিক্ষক, গবেষণায় কার্যকর তত্ত্বাবধান এবং শিক্ষার্থীদের জন্য মানসম্মত একাডেমিক পরিবেশ। কারণ, বিশ্ববিদ্যালয়ের প্রকৃত শক্তি শুধু তার ভবনে নয়শিক্ষক, শিক্ষার্থী ও জ্ঞানচর্চার সক্ষমতায়।
