বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ডায়াবেটিস প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং আধুনিক চিকিৎসা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে দিনব্যাপী কর্মসূচি পালন করেছে আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতাল। এর অংশ হিসেবে বৈজ্ঞানিক সেমিনার, সচেতনতামূলক কার্যক্রম ও বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়। শনিবার রাজধানীর মিরপুরে এসব কর্মসূচির আয়োজন করে প্রতিষ্ঠানটি। এতে সহযোগিতা করে রেনাটা পিএলসি ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস।
সরজমিন দেখা যায়, সকালে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে। সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত চলে এ কর্মসূচি। এ সময় ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি, প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হয়। পরে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মিরপুরের আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ারে বৈজ্ঞানিক সেমিনার (সিএমই) অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মেডিসিন, বক্ষব্যাধি, ডায়াবেটিস ও রিউমাটোলজি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ কে এম মুসা এবং ডায়াবেটিস, থাইরয়েড ও এন্ডোক্রাইন বিশেষজ্ঞ ডা. মাহমুদুল হোসেন। সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকরা ডায়াবেটিসের প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং রোগটির দীর্ঘমেয়াদি জটিলতা প্রতিরোধের বিভিন্ন দিক তুলে ধরেন। ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সময়মতো রোগ শনাক্তকরণ এবং যথাযথ চিকিৎসা গ্রহণের বিকল্প নেই বলে মতামত দেন বক্তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোক হেলথকেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন। এ সময় উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. শেখ সালাহউদ্দীন, উপ-পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মুনীর মোশাররফ খান, জেনারেল ম্যানেজার, বিভাগীয় প্রধান, বিশেষজ্ঞ চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ ছাড়া, গণমাধ্যমকর্মী ও সাধারণ রোগীরাও অনুষ্ঠানে অংশ নেন। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত আলোক হেলথকেয়ারের প্রধান শাখা মিরপুর-১০ এবং আলোক জেনারেল হাসপাতাল মিরপুর-৬ প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়। এ সময় রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, রক্তচাপ পরিমাপ এবং ফাস্টিং ব্লাড সুগার (এফবিএস), র?্যান্ডম ব্লাড সুগার (আরবিএস), সিবিসি, এইচবিএ১সি, সিরাম ক্রিয়েটিনিন ও ইউরিন আর/এম/ই পরীক্ষা করার সুযোগ দেয়া হয়। এ ছাড়া, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষায় সর্বোচ্চ ৫০ শতাংশ মূল্যছাড়ের পাশাপাশি বিনা মূল্যে ওষুধ দেয়ার ব্যবস্থা ছিল।
