বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি বলেছেন, বর্তমান সরকারের মূল অঙ্গীকার ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দেশের মানুষকে স্বস্তি দেয়া। সমাজে বর্তমানে যে অপরাধপ্রবণতা দেখা যাচ্ছে, তা উত্তরাধিকার সূত্রে পাওয়া। বিগত সময়ে অপরাধীদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেয়া ও উৎসাহিত করা হতো। জনপ্রতিনিধিদেরও তাদের সঙ্গে সম্পৃক্ততা ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এসব বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স। মাদক, ছিনতাই, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ নির্মূলে সরকার বদ্ধপরিকর। শনিবার দুপুরে কিশোরগঞ্জে অপরাধ নিয়ন্ত্রণে শহর জুড়ে সিসিটিভি ক্যামেরা ও সার্ভার স্টেশন স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি এসব কথা বলেন। কিশোরগঞ্জ সদর মডেল থানা প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা শহরের অপরাধচিত্র বদলাতে কিশোরগঞ্জ শহর জুড়ে স্থাপন করা হচ্ছে ২৫০টি সিসিটিভি ক্যামেরা। প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে নেয়া এ উদ্যোগের বিশেষত্ব হলো, প্রতিটি ক্যামেরায় থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সেন্সর প্রযুক্তি। এর মাধ্যমে মানুষের মুখ শনাক্ত করার পাশাপাশি রাতেও স্পষ্ট ছবি ধারণ করা সম্ভব হবে। ইতিমধ্যে ৭৫টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থল নজরদারির আওতায় আনা হবে। ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণের জন্য কিশোরগঞ্জ মডেল থানায় স্থাপন করা হয়েছে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ। সেখানে ২৪ ঘণ্টা পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। পরিকল্পনা অনুযায়ী, শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থল পর্যায়ক্রমে এ নজরদারির আওতায় আসবে।
পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। এতে অন্যদের মধ্যে জেলা প্রশাসক সোহানা নাসরিন ও জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান বক্তব্য রাখেন। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরীফুল হক, প্রশাসন ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
