বিগত সময়ে রাজনৈতিক কারণে অনেক মেধাবী ও যোগ্য চিকিৎসক তাদের অভিজ্ঞতা ও জ্ঞান মানুষের কল্যাণে কাজে লাগানোর সুযোগ পাননি বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মির্জা আব্বাস বলেন, বিগত সময়ে দেশের চিকিৎসকরা রাজনীতির শিকার হয়েছেন। রাজনৈতিক কারণে অনেক মেধাবী ও যোগ্য চিকিৎসক তাদের অভিজ্ঞতা ও জ্ঞান দেশের মানুষের কল্যাণে কাজে লাগানোর সুযোগ পাননি। এমন ঘটনা পৃথিবীর অন্য কোনো দেশে নজিরবিহীন। তিনি বলেন, দেশের চিকিৎসকরা বিশ্বের অন্য কোনো দেশের চিকিৎসকদের চেয়ে কোনো অংশেই পিছিয়ে নন। আমাদের দেশের ডাক্তাররা অন্যান্য দেশের ডাক্তারদের তুলনায় অনেক ভালো এবং তাদের দক্ষতা নিয়ে গর্ব করার মতো যথেষ্ট কারণ রয়েছে। দেশের বিপুল জনসংখ্যার তুলনায় চিকিৎসার পরিধি ও চিকিৎসকের সংখ্যা এখনো পর্যাপ্ত নয় উল্লেখ করে আব্বাস বলেন, মানুষের চিকিৎসার জন্য যাতে বিদেশে যেতে না হয়, সেজন্য দেশে আরও বেশি করে চিকিৎসক তৈরি করতে হবে।
ডাক্তাররা রাজনীতির শিকার হওয়ায় চিকিৎসা ব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নতি বাধাগ্রস্ত হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, চিকিৎসকরা সঠিকভাবে কাজ করতে পারলে দেশের স্বাস্থ্য খাতের চিত্র আরও অনেক উন্নত হতো।
সভায় ফিজিক্যাল মেডিসিনের ইউনিটগুলোকে আরও কার্যকর করার ওপর জোর দিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, এসব ইউনিটের সামর্থ্য আরও বাড়াতে হবে এবং এর সঠিক প্রচারণার মাধ্যমেই সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়া সম্ভব।
