রাজধানীর মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মো. আবুল হোসেনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে মোহাম্মদপুরের বাবর রোডের অনুরাগের গলি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবুল হোসেন মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের ৩২ নম্বর ওয়ার্ডের নতুন কমিটির সদস্য। তিনি বাবর রোড ইউনিট আওয়ামী লীগের সাবেক সভাপতি। বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, আবুল হোসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ রাখছিলেন। ঢাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং দলটির মিছিলের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন। এই ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
লালবাগে যুবলীগের কর্মী: রাজধানীর লালবাগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে লালবাগ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মো. সুমন চৌধুরী (৩৬) যুবলীগের লালবাগ থানার ২৩ নম্বর ওয়ার্ডের সদস্য। গতকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান। লালবাগ থানার বরাত দিয়ে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে লালবাগের নবাবগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আদালতে পাঠানো হয়েছে।
উত্তরায় ছাত্রলীগের সাবেক নেতা: রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. ওমর সানীকে (২৭) গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গতকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান। উত্তরা পশ্চিম থানার বরাতে তিনি বলেন, শুক্রবার রাতে উত্তরা পশ্চিম থানার একটি আভিযানিক দল থানা এলাকার ৭নং সেক্টরের উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের সামনে অভিযান চালিয়ে ওমর সানীকে গ্রেপ্তার করে। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
