উন্নয়ন প্রকল্পে ধীরগতি মিরবাগ-মধুবাগবাসীর ভোগান্তির মুক্তি কবে

খোঁড়াখুঁড়িতে দেড় বছর বন্ধ সড়ক

উন্নয়ন প্রকল্পে ধীরগতি মিরবাগ-মধুবাগবাসীর ভোগান্তির মুক্তি কবে

ফন্ট সাইজ:

রাজধানীর মিরবাগ-মধুবাগ সড়ক। ডিআইটি রোড থেকে হাতিরঝিল যাওয়ার প্রধান সংযোগ সড়ক। দীর্ঘ প্রায় দেড় বছর ধরে রাস্তাটি বন্ধ। সরু গলি দিয়ে হেঁটে যাতায়াত করেন ওই এলাকার বাসিন্দারা। ওই সড়কটিতে ঢাকা ওয়াসার ঢাকা স্যানিটেশন ইমপ্রুভমেন্ট প্রজেক্টের কাজ চলছে। এই উন্নয়ন প্রকল্পের ধীরগতির কারণে এলাকার বাসিন্দাদের এই ভোগান্তি। কবে ভোগান্তি থেকে মুক্তি মিলবে সেটাও জানেন না তারা।

সরজমিন গিয়ে দেখা যায়, পশ্চিম রামপুরার ডিআইটি রোড থেকে সড়কটি বন্ধ। রাস্তার মধ্যে বেশ খানিকটা জায়গা নিয়ে দেয়া হয়েছে টিনের বেষ্টনী। তার ওপরে সাঁটানো পোস্টারে লেখা ‘বিপজ্জনক এলাকা, সতর্কতা অবলম্বন করুন।’ বেষ্টনীর ভেতরে রয়েছে বড় একটি শ্যাফট (গভীর গর্ত)। আর তার পাশে আছে ছোট্ট একটি ঘর। সেখানে প্রকল্পের কাজে ব্যস্ত দুই বিদেশি নাগরিক। আর বাইরে বসে আছেন একজন বাঙালি। আরেকটু সামনে এগোলেই মিরবাগ মোড়। একপাশে সতর্কবার্তা যুক্ত একটি শ্যাফট (গভীর গর্ত)। আর অন্যপাশে আছে বন্ধ অবস্থায় পড়ে থাকা ঢালাই মিক্সার মেশিন। এর পাশেই রয়েছে জালের তৈরি একটি ঘের। রাস্তার একপাশ ধরে যাতায়াত করছেন সাধারণ মানুষ। তবে এখানে কাউকে কাজ করতে দেখা যায়নি।

মিরবাগ মোড় থেকে দেখা যায় মধুবাগ মোড়। সেখানে পৌঁছানোর পর নজরে আসে রাস্তার একপাশে ড্রেন খননের কর্মব্যস্ততা। খোঁড়াখুঁড়ির কাজে ব্যস্ত প্রায় ২০ থেকে ২৫ জন শ্রমিক। অন্যপাশে যানবাহনের দীর্ঘ সারি। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, প্রকল্পের কাজ চলছে ধীরগতিতে। এই প্রকল্পের সঙ্গে যুক্তদের মধ্যে কর্ম তৎপরতার অভাব রয়েছে বলে অভিযোগ করেন তারা।

একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন শরীফ সৌরভ, বসবাস করেন পশ্চিম রামপুরায়। তিনি বলেন, কাজ শুরু হওয়ার আগে এই রাস্তা দিয়ে অফিসে যেতাম। এখন অন্য রাস্তা ব্যবহার করি। কারণ একদিকে রাস্তা কাটা অন্যদিকে মধুবাগ-মিরবাগ মোড় একেবারে গ্রিডলক (তীব্র যানজট সৃষ্টি হয়) হয়ে যায়।
স্থানীয় বাসিন্দা ফিরোজ আহমেদ বলেন, কয়েকদিন কাজ চলে, আবার কয়েকদিন বন্ধ থাকে। এজন্য প্রায় দেড় বছর ধরে রাস্তাটার বেহাল দশা। মেয়ের স্কুল ফার্মগেটে, আমাকে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। রাস্তার অবস্থা খারাপ থাকায় বেশির ভাগ রিকশা যেতে চায় না। আর গেলে ভাড়া চায় ডাবল (দ্বিগুণ)।
মধুবাগ-নতুন রাস্তা হয়ে অফিসে যাতায়াত করতেন পূর্ব রামপুরার বাসিন্দা শামস মাসরাকা। তিনি বলেন, রাস্তার কাজ শেষ না হওয়ায় প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে আমাদের। এই রাস্তা বন্ধ থাকার কারণে অনেক দূর ঘুরে অফিসে যাওয়া-আসা করতে হচ্ছে। এতে অতিরিক্ত সময়ের পাশাপাশি ভাড়া বাবদ টাকাও বেশি খরচ হচ্ছে।

অভিযোগ করে মিরবাগের বাসিন্দা সুমন তালুকদার বলেন, এই যে বছরব্যাপী কাজ চলতেছে, কিন্তু কোনো অগ্রগতি দেখি না। রাস্তা যা-তা অবস্থাতেই আছে। এদিকে এম্বুলেন্স আসতে পারে না। আসলে সময় লাগে অনেক। সেদিন সন্ধ্যায় একজন অসুস্থ হলে, তাকে হাসপাতালে নিতে এম্বুলেন্স কল করি। কিন্তু এম্বুলেন্স আসতে পারে নাই। মধুবাগ মোড়ের জ্যামে আটকা ছিল। এভাবে চলা যায় না।
এই সংযোগ সড়কটি অকেজো থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরাও। তারা বলেন, সড়কের কারণে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় অন্তত শতাধিক দোকান বন্ধ হয়ে গেছে।

মিরবাগ মোড়ে ইলেকট্রনিক্সের ব্যবসা করেন মো. সালাম মিয়া। তিনি বলেন, আজকে সারাদিনে ৫০ টাকাও বিক্রি করি নাই। ব্যবসার অবস্থা খুব খারাপ। কোনো লাভ নাই। মাস শেষে কোনোরকমে দোকান ভাড়াটা ওঠে। এই রাস্তা কতোদিন এমন থাকবো জানি না। তবে রাস্তা ঠিক না হইলে আমার ব্যবসা শেষ।
আকবর মোল্লা বলেন, প্রায় দুই বছর ধইরা দিনে ৫০ লিটার তেলও বিক্রি করতে পারি না। লিটারে ৫ টাকা লাভে তেল বিক্রি করি। এরমধ্যে দোকান ভাড়া ১০ হাজার, এর লগে কারেন্ট বিল আছে ১ হাজার। এমনে চলতে থাকলে ব্যবসা বন্ধ কইরা দেয়া লাগবো। কিন্তু এই বয়সে অন্যকিছু করার সাহস পাই না।

মিরবাগ মোড়ের একটি বাইকের ওয়ার্কশপে কাজ করেন লিটন মিয়া। তিনি জানান, রাস্তা ঠিক থাকার সময় অনেক গাড়ি আইতো। এহন তো রাস্তাই খারাপ, গাড়ি নিয়া আসার সুযোগ নাই। কেউ আসতে চাইলে তারে গিয়া ঠেইলা আনা লাগে। গাড়ি কমার লগে মালিকের ইনকাম কমছে। রাস্তা ভালো না হইলে উপায় নাই, এই ইনকাম দিয়া চলা যায় না। কবে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হবে, কবে এই ভোগান্তি থেকে মুক্তি মিলবে; সেই অপেক্ষায় আছেন মধুবাগ, মিরবাগ ও নতুন রাস্তাসহ রাজধানীর কয়েকটি এলাকার বাসিন্দা।
পয়ঃনিষ্কাশন নির্মাণ ও পুনঃনির্মাণ প্রকল্পটি বিশ্বব্যাংক ও এশিয়া ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের ঋণ সহযোগিতায় কাজ করছে ঢাকা ওয়াসার ঢাকা স্যানিটেশন ইম্প্রুভমেন্ট প্রজেক্ট- ডিএসআইপি ও তিনটি চীনা প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত সিসিইসিসি-স্যাফবন-এসএমইডিআই জেভি। এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে ২০২৮ সালে।